জীবনে তৃপ্তি পেতে চাইলে
যা আছে তার কদর করতে শেখা আর কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাসে মিলবে মানসিক শান্তি।
জীবনযাপনের যাত্রায় মানুষ অনেক সময় যা নেই, তা নিয়েই বেশি ভাবেন। আর যা আছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যান।
অথচ নিজের জীবনে ইতিমধ্যেই থাকা সুখ ও প্রাপ্তিগুলোর মূল্য বুঝতে শেখা মানসিক শান্তি, আনন্দ ও পরিতৃপ্তি অনেকগুণ বাড়াতে পারে।
মনোবিজ্ঞানীরা একে বলেন ‘কৃতজ্ঞতার অনুশীলন’, যা শুধু মানসিক প্রশান্তিই নয়, শারীরিক সুস্থতাও এনে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের ওয়েলনেস প্ল্যাটফর্ম কাম ডটকম-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিতভাবে জীবনের ছোট ছোট ভালো দিকগুলো খেয়াল করা, তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং প্রতিদিন সামান্য সময় নিয়ে নিজের প্রাপ্তিগুলোকে মূল্যায়ন করা মানুষের সামগ্রিক সুখ ও জীবনমান উন্নত করে।
কৃতজ্ঞতা মানে কী?
‘যা আছে তার কদর করা’ মানে এই নয় যে জীবনের কষ্ট বা সমস্যা অস্বীকার করতে হবে। বরং এটি হল—চ্যালেঞ্জের ভেতর থেকেও ভালো দিকগুলোকে খুঁজে পাওয়া এবং সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া।
এক কাপ গরম কফির চুমুক, সকালের রোদে হাঁটা, প্রিয় বন্ধুর মজার বার্তা— এসবই ক্ষুদ্র অথচ গভীর আনন্দের উৎস।
এমন মুহূর্তগুলো মনে করিয়ে দেয়, জীবনের মাঝেই সুখ লুকিয়ে আছে। কেবল তাকিয়ে দেখার অভ্যাস গড়ে তুলতে হয়।
যে কারণে ভালোদিকগুলো চোখে পড়ে না
মানুষের মস্তিষ্কে একটি স্বাভাবিক প্রবণতা আছে, যাকে বলা হয় ‘নেগেটিভিটি বায়াস’— অর্থাৎ সহজেই নেতিবাচক ঘটনার দিকে মনোযোগ চলে যায়।
এটি একসময় বেঁচে থাকার জন্য দরকারি ছিল, কিন্তু আধুনিক জীবনে এই প্রবণতা আনন্দকে ঢেকে দেয়।
এর সঙ্গে যোগ হয়েছে সামাজিক তুলনা— ‘সোশ্যাল মিডিয়া’তে অন্যের জীবন দেখে নিজেরটা অপ্রতুল মনে হয়। আবার ব্যস্ততা থামতে দেয় না, ফলে ছোট ছোট ভালো মুহূর্তগুলো উপভোগ করার সময়ই পাই না।
কৃতজ্ঞতা অনুশীলনের ৫টি উপকারিতা
গবেষণায় দেখা গেছে, নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ মানসিক ও শারীরিক দুই দিকেই ইতিবাচক প্রভাব ফেলে—
মানসিক চাপ কমায়: প্রতিদিন কিছু ভালো ঘটনার প্রতি মনোযোগ দিলে উদ্বেগ ও বিষণ্ণতা কমে।
সম্পর্ক মজবুত করে: অন্যকে ধন্যবাদ জানানো সম্পর্কের বন্ধনকে গভীর করে।
ঘুমের মান বাড়ায়: ঘুমের আগে ভালো ঘটনাগুলো স্মরণ করলে মন শান্ত হয়, ঘুম আসে সহজে।
সহনশীলতা বাড়ায়: কষ্ট থাকলেও জীবনে ভালো দিকগুলো চিনে নিতে পারলে মানসিক ভারসাম্য থাকে।
জীবনে তৃপ্তি আনে: কৃতজ্ঞ মানুষরা সাধারণত বেশি সুখী ও আত্মতুষ্ট হন।
যা আছে তার কদর করার সহজ উপায়
ক্ষুদ্র মুহূর্তে থামা
প্রতিদিনের ব্যস্ততায়ও ক্ষণিকের বিরতি নিতে হবে। কফির গন্ধ, রোদে বসা বা বৃষ্টির শব্দ। এ সময়টুকু মনোযোগ দিয়ে উপভোগ করতে হবে। এতে দিনটি শুরু হয় ইতিবাচকভাবে।
ভালো মুহূর্তগুলো উপভোগ
কোনো আনন্দদায়ক মুহূর্ত খুব দ্রুত চলে যায়। পরেরবার যখন ভালো লাগবে যেমন প্রিয় খাবারের স্বাদ, পরিষ্কার চাদরে শোয়ার অনুভূতি তখন একটু বেশি সময় নিয়ে সেটিকে অনুভব করতে হবে।
প্রতিদিন একটি কৃতজ্ঞতার বাক্য লেখা
বড় কোনো ডায়েরি না লিখেও প্রতিদিন এক লাইন লিখতে হবে। যেমন- ‘আজ বন্ধু ফোন করেছিল, মনটা ভালো হয়ে গেল।’ কয়েক সপ্তাহ পর দেখবেন, এই ছোট তালিকাই হয়ে উঠবে সুখের প্রমাণ।
ধন্যবাদ জানান নির্দিষ্টভাবে
‘ধন্যবাদ’ বলার অভ্যাসে করতে হবে। তবে সেটিকে নির্দিষ্ট করাও জরুরি।
যেমন- ‘আজ তুমি রান্না করেছো, আমি সত্যিই ক্লান্ত ছিলাম—ধন্যবাদ।’ এতে সম্পর্কের আন্তরিকতা বাড়ে।
তুলনা থেকে দূরে থাকা
অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে হলে একটু থামতে হবে। মনে রাখা ভালো যে, সবাই নিজের সময় অনুযায়ী এগোয়। বরং ভাবতে হবে আজ আপনি কী ভালো কাজ করেছেন বা কোন গুণটা রক্ষা করেছেন।
প্রতিদিনের সহায়তাগুলো চেনা
জীবনের অনেক সহায়তা অজান্তেই ব্যবহার করা হয়। যেমন- বাতাস, পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্বাস্থ্য। একদিন সময় নিয়ে ভাবতে হবে— কত কিছু নিঃশব্দে আমাদের জীবন সহজ করে রাখছে।
কৃতজ্ঞতাকে অভ্যাসে পরিণত করা
প্রতিদিনের কাজের সঙ্গে কৃতজ্ঞতা জুড়ে দিতে হবে। দাঁত মাজার সময় ভাবা যায়, ‘আজ শরীরটা সুস্থ আছে’, কিংবা ঘুমাতে যাওয়ার আগে স্মরণ করা, ‘আজকের দিনটায় কিছু ভালো হয়েছে।’
ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে।
কৃতজ্ঞতার শক্তি
কৃতজ্ঞতা হল এক ধরনের আত্মিক ভারসাম্য৷ যা জীবনের ওঠানামার মাঝেও মানুষকে স্থির রাখে।
ছোট ছোট আনন্দে মনোযোগ দিলে মস্তিষ্কে ইতিবাচক রাসায়নিক তৈরি হয়, যা মনকে হালকা করে, ঘুম বাড়ায় এবং স্ট্রেস বা চাপ কমায়।
জীবনের বড় স্বপ্ন পূরণ না হলেও প্রতিদিনের ছোট সুখগুলোই তৈরি করে ‘পূর্ণ জীবন’-এর আসল অনুভূতি।
আরও পড়ুন
