২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্রেইকআপ হেয়ারকাট’ যেন নতুন জীবন শুরু করার প্রতীক

বিচ্ছেদের পর নিজের মাঝে পরিবর্তন আনতে চুল কেটে ফেলাকে বলা হচ্ছে ‘ব্রেইকআপ হেয়ারকাট’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 07:39 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ঠিক কোথা থেকে শুরু হয়েছিল ‘ব্রেইকআপ হেয়ারকাট’য়ের ধারা, সে বিষয়ে তেমন কোনো তথ্য নেই। তবে বিচ্ছেদের পর চুলের ছাঁটে পরিবর্তন করাটা যেন, সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় হিসেবেই কাজ করে।

পপসুগার ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে অনেকটা এভাবেই বিষয়টা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি-ভিত্তিক লেখক ও অনলাইন পত্রিকাটির সৌন্দর্য-বিষয়ক সম্পাদক অলিভিয়া টবার।

তিনি উল্লেখ করেছেন, “বিচ্ছেদের পর দুই ধরনের কাজ করে নারীরা। কেউ কেউ কাঁদতে বসেন, আর কেউ ছোটেন পার্লারে চুল কাটাতে। তবে অবশ্যই বিচ্ছেদের পরপরই কাটাতে যান না, কান্নাকাটি শেষের পরেই করেন চুলের পরিবর্তন।”

তবে কেন সম্পর্ক ভাঙার পর মানুষ হঠাৎ চুলের ওপর এতটা ‘প্রতিশোধ’ নেয়? এর পেছনে কোনো গভীর মানসিক কারণ আছে কী?

এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “ব্রেইকআপের পর চুল কাটা বা স্টাইল বদলানো আসলে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার একটি প্রতীকী প্রক্রিয়া। সম্পর্ক ভাঙার সময় মানুষ নিজের জীবনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে মনে করে। চুল কাটার মাধ্যমে সে অন্তত নিজের শরীরের একটি অংশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায়। এটি মানসিকভাবে এক ধরনের মুক্তি ও নতুন শুরুর অনুভূতি দেয়।”

অলিভিয়া টবার জানাচ্ছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেকেই পার্লারে ছুটে যান। চুল কেটে ছোট করে ফেলেন, রং করে নতুন ‘লুক’ নেন। এই প্রবণতাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ‘ব্রেইকআপ হেয়ারকাট’।

মার্কিন সংগীত শিল্পী জাস্টিন বিবারের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সেলেনা গোমেজ তার দীর্ঘ কেশ কেটে একেবারে ‘ববকাট’ করেন। স্কটিশ ডিজে ক্লাভিন হ্যারিসের সঙ্গে বিচ্ছেদের পর গায়িকা টেইলর সুইফট নিজের চুল করে ফেলেন ‘প্যারাডক্স ব্লন্ড’। মার্কিন অভিনেতা রায়ান ফিলিপের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী রিজ হুইদারস্পুন চুলে আনেন ‘ব্লান্ট ব্যাঙ্ক’ স্টাইল।

এভাবে বলতে গেলে বহু তারকা শিল্পীর কাহিনী টেনে আনা যায়। তবে এখন আর এটি শুধু সেলিব্রিটি বা যুবতীদের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের জীবনেও এটি বেশ পরিচিত একটি ঘটনা।

নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা

“সম্পর্ক ভাঙার পর সবচেয়ে বড় যে অনুভূতি হয়, তা হল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অনুভূতি। প্রেমিক বা সঙ্গী চলে যাওয়ার পর জীবন যেন হাতের বাইরে চলে যায়। ঠিক এই সময়ে চুল কাটা বা রং করা একটি তাৎক্ষণিক নিয়ন্ত্রণের অনুভূতি দেয়”- ব্যাখ্যা করেন ডা. দিনা।

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন রূপে দেখে মানুষ অবচেতন মনে ভাবে— ‘আমি এখনও নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি।’ এই অনুভূতি তাকে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি জোগায়।

নতুন পরিচয়ের খোঁজ

পুরানো চেহারা অনেক সময় পুরানো সম্পর্কের স্মৃতি বহন করে। আয়নায় আগের মতো নিজেকে দেখলে বারবার সাবেকের কথা মনে পড়ে। তাই চুলের স্টাইল বদলে ফেলা মানে নিজেকে একটি নতুন পরিচয় দেওয়া।

এটি অনেকটা ‘নতুন আমি’ হয়ে ওঠার চেষ্টা। চুল কাটার পর অনেকে বলেন, “আমি এখন আগের মতো নেই।” এই পরিবর্তন তাদের অতীত থেকে মানসিকভাবে দূরে সরে যেতে সাহায্য করে।

মানসিক মুক্তি ও ক্যাথারসিস

“চুল কাটা একধরনের মানসিক মুক্তির প্রক্রিয়া। অনেকের কাছে এটি ‘ক্যাথারসিস’ বা আবেগীয় শুদ্ধিকরণের মতো কাজ করে” বলেন ডা. দিনা।

চুলের সঙ্গে যেন পুরানো স্মৃতি, কষ্ট ও নেতিবাচক অনুভূতিও ছেঁটে ফেলা হয়। এই প্রক্রিয়া তাদের নতুন করে শুরু করার মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করে।

কেন নারীদের মধ্যে এই প্রবণতা বেশি?

ডা. দিনা বলেন, “সমাজে নারীদের চেহারা ও সৌন্দর্য নিয়ে যে চাপ থাকে, ‘ব্রেইকআপ’য়ের পর সেটি আরও তীব্র হয়। পুরানো চেহারা তাদের পুরানো সম্পর্কের স্মৃতি মনে করিয়ে দেয়। তাই চুল কেটে বা রং করে নতুন ‘লুক’ নেওয়ার মাধ্যমে তারা নিজেকে নতুন করে সাজাতে চান। এটিকে অনেকে ‘ব্রেইকআপ বব’ নামেও ডাকেন।”

এটি কি সবসময় ভালো সিদ্ধান্ত

‘ব্রেইকআপ হেয়ারকাট’ অনেকের কাছে মানসিক স্বস্তি দেয়। তবে আবেগের বশে হঠাৎ করে বড় পরিবর্তন করলে পরে অনুশোচনা হতে পারে।

তাই এই মনোবিদ পরামর্শ দেন, “আবেগ শান্ত হওয়ার পর সিদ্ধান্ত নিতে। তবে সাময়িকভাবে এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বলে অনেকে এই পথ বেছে নেন।”

চুল কাটা ছাড়াও বিচ্ছেদের কষ্ট সামলাতে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন ডা. দিনা-

আরও পড়ুন

বিচ্ছেদের পর যে কয়টি কাজ ভুলেও করা যাবে না

বিয়ে টিকিয়ে রাখতে যে বিষয়গুলো করা উচিত না

বিচ্ছেদের যন্ত্রণা কমাতে

বিচ্ছেদের আগে উদ্বেগ কমানোর উপায়