২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুলে যাওয়া ত্বক টানটান করার কার্যকর ব্যায়াম

ওজন কমার পর ঝুলে যাওয়া চামড়া টানটান করার জন্য রয়েছে বেশ কয়েকটি ব্যায়াম।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 06:30 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

ওজন কমানো নিঃসন্দেহে একটি বড় সাফল্য। তবে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ওজন বহন করার পর বা দ্রুত ওজন কমালে অনেক সময় শরীরে এক অস্বস্তিকর সমস্যা থেকে যায়, সেটা হল ঝুলে যাওয়া চামড়া বা ত্বক।

বিশেষ করে বাহু, বুক, পেট, নিতম্ব ও উরুর অংশে ত্বক ঝুলে পড়ে।

গবেষণা বলছে- বয়স, জেনেটিক গঠন এবং কতদিন ধরে ওজন বেশি ছিল এসব কিছুর ওপর নির্ভর করে ত্বক কতটা স্বাভাবিক অবস্থায় ফিরবে।

এই সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। তবে নিয়মিত কিছু ব্যায়াম করলে পেশি গঠনের মাধ্যমে ত্বকের ঢিলাভাব অনেকটা কমানো যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বারবেন্ড–এর প্রশিক্ষক স্টিফেন শিহান ইটদিস নটদ্যাট ডটকমকে বলেন, “এই ব্যায়ামগুলো ঝুলে যাওয়অ ত্বক পুরোপুরি দূর করবে না। তবে ত্বকের নিচে নতুন পেশি গড়ে উঠলে তা দৃশ্যমান পার্থক্য তৈরি করবে। এখানে ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এছাড়া শক্তিবর্ধক ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়, যা ত্বকে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিয়ে ত্বকের গঠন ও উজ্জ্বলতা উন্নত করতে সহায়তা করে।

এমনই কিছু ব্যায়ামের কথা জানিয়েছেন এই বিশেষজ্ঞ।

পুশ-আপস

কোন অংশে কাজ করে

বুক, কাঁধ ও বাহুতে পেশি গঠন করে, ফলে ওপরের দেহের ত্বক শক্ত হয়। একই সঙ্গে রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বকের রঙ ও গঠন উন্নত করে।

কীভাবে করবেন

হাত কাঁধের চেয়ে সামান্য চওড়া রেখে প্ল্যাঙ্ক অবস্থান নিন।

শরীর সোজা রেখেই কনুই ভাঁজ করে বুক মাটির দিকে নামান।

হাতের তালু দিয়ে চাপ দিয়ে শরীর আবার ওপরে তুলুন।

সেট ও রিপিটেশন: ৩ সেট, প্রতিটি সেটে ১০–১৫ বার। প্রতিটি সেট শেষে ৬০–৯০ সেকেন্ড বিরতি নিন।

সহজ উপায়: হাঁটু ভাঁজ করে বা উঁচু চেয়ার/বেঞ্চে হাত রেখে শুরু করা।

স্কোয়াটস

কোন অংশে কাজ করে

পা ও নিতম্বের পেশি মজবুত করে। বিশেষ করে উরু ও নিতম্বের ঢিলা ত্বক কমাতে কার্যকর।

কীভাবে করবেন

পা কাঁধ-প্রস্থ রেখে দাঁড়ান, পায়ের আঙুল সামান্য বাইরে।

পেট শক্ত করুন ও বুক সোজা রাখুন।

হাঁটু ভাঁজ করে ও নিতম্ব পেছনে নিয়ে এমনভাবে বসুন যেন চেয়ারে বসছেন।

উরু মাটির সমান্তরাল হলে আবার দাঁড়িয়ে উঠুন।

সেট ও রিপিটেশন: ৩ সেট, প্রতিটি সেটে ১২–১৫ বার।

অগ্রগতি: পরবর্তীতে হাতে হালকা ওজন বা কেটলবেল ধরতে পারেন।

প্ল্যাঙ্কস

কোন অংশে কাজ করে

মূলত পেটের গভীর পেশি শক্ত করে, ভঙ্গি উন্নত করে এবং কোমরের চারপাশের ঢিলা ত্বক কমাতে সাহায্য করে।

কীভাবে করবেন

কনুই কাঁধের নিচে রেখে প্ল্যাঙ্ক অবস্থায় থাকুন।

শরীর মাথা থেকে পা পর্যন্ত সোজা রেখেই পেট, নিতম্ব ও পা শক্ত করুন।

নিতম্ব যেন একদম না ঝোলে বা ওপরে না ওঠে, সে দিকে খেয়াল রাখুন।

সেট ও সময়: ৩ সেট, প্রতিটি সেটে ৩০–৬০ সেকেন্ড ধরে রাখুন। প্রতিটি সেট শেষে ৬০–৯০ সেকেন্ড বিরতি।

সহজ উপায়: হাঁটু মাটিতে রেখে বা দেওয়ালে ভর দিয়ে প্ল্যাঙ্ক শুরু করতে পারেন।

ট্রাইসেপ ডিপস

কোন অংশে কাজ করে

উপরের বাহুর পেছনের অংশ (যেখানে ত্বক ঝুলে থাকে) শক্ত করে। ওজন কমার পর বাহুতে ঢিলা ত্বক দূর করতে খুবই কার্যকর।

কীভাবে করবেন

শক্ত চেয়ার বা বেঞ্চের ধারে বসুন, হাত দিয়ে দু’পাশ আঁকড়ে ধরুন।

পা সামনের দিকে বাড়িয়ে নিন এবং নিতম্ব চেয়ার থেকে নামান।

কনুই ভাঁজ করে শরীর ধীরে নামান যতক্ষণ না হাত মাটির সমান্তরাল হয়।

হাতের তালু দিয়ে চাপ দিয়ে শরীর আবার ওপরে তুলুন।

সেট ও রিপিটেশন: ৩ সেট, প্রতিটি সেটে ১০–১২ বার।

পরামর্শ: কাঁধ যেন উপরের দিকে না ওঠে এবং কনুই পুরোপুরি লক না হয়।

গ্লুট ব্রিজেস

কোন অংশে কাজ করে

নিতম্ব, উরুর পেছনের পেশি ও নিচের পিঠ শক্ত করে। এর ফলে নিতম্ব ও কোমরের আশপাশের ত্বক টানটান হয়।

কীভাবে করবেন

মাটিতে শুয়ে হাঁটু ভাঁজ করুন ও পা মাটিতে রাখুন।

গোড়ালি দিয়ে চাপ দিয়ে নিতম্ব ওপরে তুলুন।

উপরে উঠেই নিতম্ব চেপে ধরুন এবং এক সেকেন্ড ধরে রাখুন।

ধীরে ধীরে আবার নামুন।

সেট ও রিপিটেশন: ৩ সেট, প্রতিটি সেটে ১৫ বার।

অগ্রগতি: হাঁটুর ওপরে রেজিস্ট্যান্স ব্যান্ড ব্যবহার করতে পারেন অথবা নিতম্বের ওপর ওজন রাখতে পারেন।

আরও পড়ুন

স্বাস্থ্যকর চর্বি জমতে সাহায্য করে ব্যায়াম

অল্প অসুস্থতায় হালকা ব্যায়াম উপকারী

অনিদ্রা দূর করতে তিন ব্যায়াম

মস্তিষ্কের সুরক্ষায় ব্যায়াম