২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মের আরাম ও স্টাইলে ফ্লিপ ফ্লপস

কথায় বলে ‘চটি জুতার আবার ফিতা’। তবে এই স্যান্ডেলই এখন ফ্যাশন ও আরামের অংশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 05:12 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

গরমের দিনে আরামদায়ক পোশাকের পাশাপাশি পায়ের আরামও সমান গুরুত্বপূর্ণ। এই সময়ের অন্যতম জনপ্রিয় পছন্দ হলো হালকা, খোলা নকশার স্যান্ডেল।

সমুদ্র পাড়ে ঘোরাফেরা বা ঘরের আশপাশে ব্যবহারের জন্য সীমাবদ্ধ না থেকে এই স্যান্ডেল হয়ে উঠেছে ফ্যাশনের অংশ।

প্রতিদিনের ব্যবহার থেকে শুরু করে আড্ডা, এমনকি কিছু আনুষ্ঠানিক পরিবেশেও এই ধরনের পাদুকা ব্যবহার করা যায় স্বাচ্ছন্দ্যের সঙ্গে। আরাম, ব্যবহারিকতা এবং নান্দনিকতার সমন্বয়ের এই জুতাকে ‘ফ্লিপ ফ্লপস’ স্যান্ডেলও বলে।

যা দেশে চটি-জুতা বা ফিতা যুক্ত স্যান্ডেল হিসেবেও পরিচিত।

আরাম ও সহজতা

গরমের দিনে ভারী জুতা পরা কষ্টকর। এই জায়গায় হালকা স্যান্ডেল জুতা বিশেষ সুবিধা দেয়। সহজে পরা ও খোলা যায়, বাতাস চলাচল করতে পারে এবং দীর্ঘ সময় ব্যবহার করলেও অস্বস্তি কম হয়।

ব্যস্ত সময়ে দ্রুত প্রস্তুত হতে চাইলে এই জুতা কার্যকর। কারণ বাইরে বের হওয়ার সময় আলাদা করে বেশি চিন্তা করতে হয় না—সহজেই পায়ে গলিয়ে নেওয়া যায়।

এ ধরনের জুতায় এখন এমনভাবে নকশা করা হয় যাতে পায়ের তলায় নরম আরাম পাওয়া যায়। হাঁটার সময় চাপ কম পড়ে এবং দীর্ঘ সময় চলাফেরা করলেও ক্লান্তি কম লাগে।

“বিশেষ করে যারা প্রতিদিন বেশি হাঁটেন বা বাইরে সময় কাটান, তাদের জন্য এই ধরনের জুতা একটি ভালো সমাধান”- বলেন অনলাইনভিত্তিক ডিজাইনার জুতার ব্র্যান্ড ‘ক্রাফটসম্যান ফ্যাশন’য়ের ব্র্যান্ড ও বিপণন কর্মকর্তা আরিফুল ইসলাম।

ফ্যাশনের নতুন মাত্রা

একসময় ফ্লিপ ফ্লপস সাধারণ বা অনানুষ্ঠানিক ফ্যাশন ছিল। তবে এখন এ স্যান্ডেলের নকশার বৈচিত্র্য বেড়েছে।

বিভিন্ন রং, উপাদান ও নকশার মাধ্যমে এসেছে নতুনত্ব। উঁচু হিলের জুতা, স্বচ্ছ বা হালকা নকশা সব ধরনের স্যান্ডেলই ভালো বিকল্প।

গ্রীষ্মের পোশাক যেমন ঢিলেঢালা জামা, লম্বা স্কার্ট বা হালকা প্যান্টের সঙ্গে এই স্যান্ডেলগুলো মানিয়ে যায়।

আবার ভারী সাজগোজের ক্ষেত্রেও নকশা করা স্যান্ডেল পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

“ফলে একই জুতা বিভিন্ন পরিবেশে ব্যবহার করা সম্ভব হয়”- বলেন, ফ্যাশন বিশেষজ্ঞ লিপি খন্দকার।

পায়ের স্বাস্থ্যের দিকেও নজর

আরামদায়ক জুতা শুধু ফ্যাশনের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও জরুরি।

অনেক স্যান্ডেল জুতায় এমনভাবে নকশা করা হয় যাতে পায়ের বাঁক বা গঠনের সঙ্গে সামঞ্জস্য থাকে। এতে হাঁটার সময় ভারসাম্য বজায় থাকে এবং পায়ের ওপর চাপ কম পড়ে।

তবে বেশিরভাগ ফ্লিপ ফ্লপস-ই নরম তলা দেওয়া হয়। আবার কিছুতে এমন গঠন থাকে যা পায়ের নিচের অংশকে সমর্থন দেয়।

এতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটার সময় আরাম পাওয়া যায়। বিশেষ করে যাদের পায়ে ব্যথা বা অস্বস্তি হয়, তাদের জন্য এই ধরনের জুতা বেশ উপকারী হতে পারে।

ভ্রমণে সহজ সঙ্গী

ভ্রমণের সময় এমন পাদুকা প্রয়োজন যা হালকা, বহনযোগ্য এবং ব্যবহার সহজ। এই ধরনের স্যান্ডেল জুতা তাই সুবিধাজনক।

ব্যাগে কম জায়গা নেয়, দ্রুত পরা যায় এবং বিভিন্ন পরিবেশে ব্যবহার করা যায়।

সমুদ্র পাড় বা রাস্তায় হাঁটার সময় একই স্যান্ডেল ব্যবহার সম্ভব। এতে ভ্রমণের সময় অতিরিক্ত জুতা নেওয়ার প্রয়োজনও কমে যায়।

বহুমুখী ব্যবহার

লিপি খন্দকার বলেন, “এই জুতাগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো ঘরের কাজ, বাজার করা, বন্ধুদের সঙ্গে দেখা করা বা ছোটখাটো অনুষ্ঠানে যাওয়া সব ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়।”

একই সঙ্গে আরাম ও স্টাইল বজায় রাখা সম্ভব হওয়াতে অনেকেই এখন এটি নিয়মিত ব্যবহার করছেন।

এছাড়া বিভিন্ন আবহাওয়াতেও এটি ব্যবহারযোগ্য। গরমের দিনে যেমন আরাম দেয়, তেমনি হালকা বৃষ্টির দিনেও সহজে ব্যবহার করা যায়।

পরিষ্কার করাও তুলনামূলক সহজ, যা দৈনন্দিন জীবনে বাড়তি সুবিধা যোগ করে।

আরও পড়ুন

পছন্দের জুতা ভালো রাখার উপায়

জুতার কারণেও হাঁটু ও কোমরে ব্যথা হতে পারে

তীব্র গরমে খোলা স্যান্ডেল, নাকি বন্ধ জুতা পায়ের জন্য ভালো?