ঢাকা মেকার্সের হাতে কলমে শেখার উৎসব
ঢাকার শিল্পচর্চার পরিমণ্ডলে আবারও জমে উঠছে হাতে কলমে শেখার আয়োজন।
‘ঢাকা মেকার্স’ রাজধানীর গুলশান তেজগাঁও সংযোগ সড়কে অবস্থিত আলোকিতে ১৬ নভেম্বর পর্যন্ত আয়োজন করেছে চার দিনব্যাপী ১২টি ওয়ার্কশপ সিরিজ।
১৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজনে কারুশিল্প, প্রযুক্তি, গল্প বলা, শিশুদের সৃজনশীলতা, অরিগামি শেখানো হচ্ছে।
প্রতিটি সেশনে থাকছে দেশের অভিজ্ঞ শিল্পী, ডিজাইনার ও প্রশিক্ষকরা। আর অংশগ্রহণকারীরা পাবেন নিজের হাতে তৈরি শিল্পকর্ম করে বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ।
টেরাকোটা গয়না এবং অরিগামির সন্ধ্যা
প্রথম দিনের আয়োজন শুরু হয় বিকেলে, টেরাকোটা ও বীজের গয়না বানানো দিয়ে।
কুমিল্লার কারুশিল্পী মানিক চন্দ্র দাস শেখান কাঁচামাটি আর নানান দেশি বীজ যেমন- রঞ্জনা, রক্তচন্দন, বয়োবয়ন্তী, রিঠা দিয়ে গয়না তৈরির কৌশল।
এখানে শিখছেন গড়া, ছাঁচ তৈরি, নকশা এবং গয়না শেষ করার ধাপ। শেষে সবাই নিজেদের তৈরি গয়না নিয়ে বাড়ি ফিরবেন।
সন্ধ্যায় অরিগামি ওয়ার্কশপ পরিচালনা করেন স্থপতি ও ডিজাইনার ত্রিস্তান হক। এতে শেখানো হয় কাগজ ভাঁজের মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের প্রাথমিক কৌশল। আর হাতে কলমে তৈরি হবে শার্ক, ড্রাগন, ইনফিনিটি ফ্লেক্সাগনসহ কয়েকটি মডেল।
রোবোটিক্স থেকে মোমবাতি, ক্ষুদ্র ঘর থেকে টেক্সটাইল বুনন
শুক্রবার দ্বিতীয় দিনের সকাল শুরু হয় শিশুদের জন্য রোবোটিক্স সেশন দিয়ে। ‘দ্য টেক অ্যাকাডেমি’ শেখায় আরডুইনো ও সেন্সর ব্যবহার করে ছোটখাটো স্মার্ট মেশিন তৈরি করতে। দলগত কাজ, সমস্যা সমাধান আর মডেল তৈরি হবে মূল ফোকাস।
বিকেলে শিশুদের জন্য হয় ‘মিনি’ ঘর বানানোর ওয়ার্কশপ। ক্ষুদ্র মডেল তৈরির কৌশল শেখান সিয়াম হোসেন।
সন্ধ্যাকালীন সেশন ‘ক্যান্ডেলা’ নামের হাতে তৈরি সুগন্ধি মোমবাতির ওয়ার্কশপ। অংশগ্রহণকারীরা নিজের পছন্দমতো ঘ্রাণ, রং, নকশা বেছে নিয়েছেন মোমবাতি গড়তে।
রাতের সেশন হাতের গিঁট আর ওয়াল ট্যাপেস্ট্রি তৈরি নিয়ে, পরিচালনায় ডিজাইনার নাজনীন নাহার স্মৃতি।
অংশগ্রহণকারীরা একসঙ্গে বুনে তৈরি করেন একটি সমষ্টিগত ট্যাপেস্ট্রি এবং নিজেরাও তৈরি করবেন ছোট একটি বোনা অংশ।
বিশ্বভ্রমণ, পুতুল বানানো, নকশিকাঁথা কমিক আর বাটিক
শনিবার তৃতীয় দিনের সকালটি পুরোটা শিশুদের জন্য। ফ্রোবেল প্লে স্কুলের ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ সেশনে শিশুরা ভারত, জাপান, ইতালি, ব্রাজিলের হস্তশিল্পের কাজ শেখে।
বিকেলে মিতা মুনি’র পুতুল তৈরির সেশন। অংশগ্রহণকারীরা শুরু থেকে শেষ পর্যন্ত নিজের হাতে একটি পুতুল তৈরি করবেন এবং জানবেন এই কারুশিল্পের সাংস্কৃতিক ইতিহাস।
পাঁচটায় মাতারবাড়ির গল্প নিয়ে নকশিকাঁথা কমিক বানানোর সেশন। গল্প লেখা, লেআউট তৈরি, নকশিকাঁথার নতুন মোটিফ শেখা— সব মিলিয়ে এটি হবে একটি সম্পূর্ণ ‘হ্যান্ডমেইড কমিক বুক’ তৈরি করে বাড়ি নেওয়ার সুযোগ।
রাতের সেশন ক্যান্টিং ব্যাটিক। অংশগ্রহণকারীরা মোম, গরম মোম প্রয়োগ, ক্যান্টিং টুল ব্যবহারের কৌশল শিখে নিজের ডিজাইন করা টোটব্যাগ বা টি শার্ট রং করবেন।
স্টোরিগামি, স্টর্ম ইন আ কাপ, মাটির কাজ
রোববার চতুর্থ দিনের দুপুরে শিশুদের জন্য স্টোরিগামি সেশন। গল্প লেখা আর সেই গল্পের চরিত্রকে অরিগামিতে রূপ দেওয়া— এই দুই ধাপেই থাকবে সৃজনশীল খেলার সুযোগ।
বিকেল সাড়ে পাঁচটায় থাকবে ‘স্টর্ম ইন আ কাপ’, যেখানে অংশগ্রহণকারীরা ক্ষুদ্র সমুদ্রঘর, রজন পানি, ‘মিনি ডিটেইল’- দিয়ে একটি কাপের ভেতর ছোট্ট দুনিয়া তৈরি করবেন।
দিনের শেষ সেশন মাটির কাজ। হাতে কলমে কাদা ছোঁয়া, মাটির আকার দেওয়া, নিজের পছন্দ অনুযায়ী পাত্র তৈরি করা শেখানো হবে।
ঢাকা মেকার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর ওমর আব্দুল খালেক জানালেন, অংশগ্রহণকারীরা পাবেন কিউরেটেড কিট, নির্দেশিকা এবং নিজের তৈরি কাজ বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ।
এছাড়া নির্বাচিত ‘ফ্যাসিলিটেটর’রা ভবিষ্যতে যাত্রার প্ল্যাটফর্মে প্রদর্শনের সুযোগ পাবেন। এতে স্থানীয় শিল্পীরা আয় এবং পরিচিতি দুইই বাড়াতে পারবেন।
টিকিট এবং নিবন্ধন
ঢাকা মেকার্সের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। আগেভাগে বুকিং করার পরামর্শ দিয়েছেন আয়োজকরা। ওয়েবসাইট www.dhakamakers.com
