২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবুজ বড়দিন: পরিবেশবান্ধব সজ্জায় উৎসবের ঘর

কাগজের সান্তা ক্লজ, পাট দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি’সহ নানান উপকরণে মাতানো যায় উৎসব পরিবেশ।

রিফাত পারভীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

প্লাস্টিকের সজ্জা, কৃত্রিম ক্রিসমাস ট্রি, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার, আর একবার ব্যবহারযোগ্য নানান সামগ্রী পরিবেশ দূষণে ভূমিকা রাখে।

তাই অনেকেই বড়দিনে আরও দায়িত্বশীলভাবে উদযাপন করাতে পছন্দ করেন। কারণ পরিবেশবান্ধব সজ্জা সামগ্রী ব্যবহার করে ঘর সাজানো শুধু প্রকৃতির জন্য ভালো নয়, বরং এটি ঘরের সাজে নিয়ে আসে আলাদা উষ্ণতা, সৃজনশীলতা আর অর্থবহ বার্তা।

পরিবেশবান্ধব সজ্জা যে কারণে জরুরি

পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষা, বর্জ্য ও দূষণ কমানো, শক্তি সাশ্রয় এবং শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা যায়। এই ধরনের সাজসজ্জা শিশুদের শেখায় উৎসব মানেই উদযাপন নয়, বরং দায়িত্বশীল আনন্দ।

অলাভজনক প্রতিষ্ঠান ‘প্রকৃতি’র বিক্রয়কেন্দ্র ‘সোর্স’, যেখানে পাওয়া যায় বিভিন্ন রকম দেশীয় এবং প্রকৃতি বান্ধব পণ্য।

এই প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা শুভ দাস বলেন, "বড়দিনের জন্য প্রাকৃতিক ক্রিসমাস গাছ পাওয়া যায় যা পাটের তৈরি। এছাড়া কাগজ, সুতি কাপড়ের তৈরি ছোট গাছও আছে।"

বড়দিনের আগে ঘর সাজানোর সব ধরনের পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দেখা যায়, জানান তিনি।

বিশেষ করে অনেক বাবা-মা তাদের সন্তানকে হাতে তৈরি কার্ড, বল, সুতির পুতুল, তারা, সান্তা ক্লজ কিনে দেন গাছ ও ঘর সাজানোর জন্য। এই পণ্যগুলো যত্ন করে রাখলে অনেক বছর ব্যবহার করা যায়।

পাঁচ বছরের সুপ্তি বড়দিনের জন্য কিনেছে কাগজের ক্রিসমাস গাছ, বল, তারকা, সুতির ছোট পুতুল আর হাতে তৈরি কার্ড।

তার মা রেবেকা রানী বলেন, “এই পণ্যগুলো সহজে নষ্ট হয় না আর বারবার কিনতেও হয় না। অন্য দিকে আমার সন্তানের জন্যও কাগজ বা কাপড়ের পণ্যগুলো ক্ষতিকর নয়।"

পরিবেশবান্ধব উপকরণ দিয়ে ঘর সাজানোর উপায়

প্রাকৃতিক উপাদানে সাজ

ঘর সাজাতে ব্যবহার করা যেতে পারে শুকনো পাতা, ডালপালা, কাঠের টুকরা, প্রাকৃতিক ফুল। এগুলো দিয়ে দরজার রিথ, টেবিল সেন্টারপিস কিংবা দেয়ালসজ্জা তৈরি করা যায়।

পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী

পুরানো কাচের বোতল, জার বা টিনের কৌটা রং করে বা পাটের দড়ি জড়িয়ে বানিয়ে নেওয়া যায় লণ্ঠন বা ফুলদানি।

পুরানো কাপড় দিয়ে বানানো যেতে পারে ছোট ঝুলন্ত অলংকার।

রাজধানীর অনেক দেশীয় প্রতিষ্ঠানে এমন পরিবেশবান্ধব সজ্জা সামগ্রী মিলবে।

আসাদগেটে অবস্থিত ‘সোর্স’য়ে পরিবেশের ক্ষতি কমায় এমন পণ্যের আয়োজন রয়েছে। কৃত্রিম ক্রিসমাস ট্রি- এর বদলে যারা পরিবেশবান্ধব গাছ পছন্দ করেন তারা এখানে পাবেন আসল ক্রিসমাস ট্রি।

গাছে বা ঘরে সাজানোর জন্য হাতে তৈরি সুতা, কাগজ, সুতি কাপড়ের বিভিন্ন উপকরণও রয়েছে।

কাগজের সজ্জা

পুরানো সংবাদপত্র, ম্যাগাজিন বা বাদ পড়া কাগজ দিয়ে নিজে চাইলে তৈরি করা যায় স্টার, স্নো নকশা কিংবা গারল্যান্ড বা সাজের মালা।

কাগজের এই সাজ দেখতে নান্দনিক, আবার সহজে ‘রিসাইকেল’ও করা যায়।

তবে নিজে তৈরির সুযোগ না থাকলে কাগজের ক্রিসমাস ট্রি, বল, তারকা, স্নো নকশা, সান্তা ক্লজ, দেয়ালে সাজানোর জন্য কাগজের নানা উপকরণ ভালো পছন্দ হতে পারে।

অনেকে ফুল বেশ কয়েক দিন ধরে ঘরে রাখতে চান। তবে প্রাকৃতিক ফুলে তা সম্ভব নয়। আর প্লাস্টিক ফুল পরিবেশের জন্য ক্ষতিকর। তাই কাগজ বা উলে বোনা ফুল নান্দনিক পছন্দ হতে পারে।

আর উৎসবে কার্ডের প্রচলন হারিয়ে যাওয়ার নয়। সোর্সে মিলবে হাতে তৈরি কাগজের কার্ড। ক্রিসমাস গাছকে আরও রঙিন করতে কার্ড ঝুলিয়ে দেওয়া যেতে পারে।

এই ধরনের পণ্য বনানীর দেশি শোরুম যাত্রাতেও পাওয়া যাবে। যা পরিবেশসম্মত।

প্রাকৃতিক আলো ব্যবহার

বৈদ্যুতিক আলো কমিয়ে মোমবাতি ব্যবহার করা যায়। সয়াবিন বা মৌমাছির মোম দিয়ে তৈরি মোমবাতি পরিবেশবান্ধব এবং ক্ষতিকর ধোঁয়া ছাড়ে না।

কাচের জারে মোমবাতি রেখে সাজালে ঘরে আসবে উষ্ণ আলোর আবেশ। মোম স্ট্যান্ড হতে পারে কাঠের বা বেতের।

পরিবেশবান্ধব ক্রিসমাস ট্রি সাজানোর কৌশল

জীবন্ত গাছ বা বিকল্প ট্রি

সম্ভব হলে টবের মধ্যে ছোট সবুজ গাছ ব্যবহার করা যায় যেমন- লেবু গাছ। বড়দিন শেষে গাছটি আবার বাগান বা বারান্দায় রেখে দেওয়া যায়।

যদি গাছ ব্যবহার সম্ভব না হয় তবে কাঠের ডাল, বাঁশ বা বই সাজিয়েও বিকল্প ট্রি বানানো যায়। তবে গাছ ছাড়া অনেকের কাছেই বড়দিন অপূর্ণ।

তাই পাট বা কাপড় দিয়ে তৈরি গাছ কিনে আনা যায়।

প্রাকৃতিক অলংকার

‘ট্রি’র জন্য প্লাস্টিক বলের বদলে ব্যবহার করা যায় কাঠের তৈরি খেলনা, কাগজের ছাতা, হাতে বানানো কাগজের তারা। এসব অলংকারে গাছে যোগ হবে প্রাকৃতিক সৌন্দর্য।

ঘরের বিভিন্ন অংশে সবুজ বড়দিনের ছোঁয়া

বসার ঘর

“কফি টেবিলে কাঠের ট্রেতে মোমবাতি ও সবুজ পাতার সাজ রাখা যায়। সোফার ওপর সুতির কুশন কভার ব্যবহার করতে পারেন লাল-সবুজ রংয়ে” বলেন গৃ্‌হসজ্জাবিদ গুলশান নাসরিন।

খাবার টেবিল

এই বিশেষজ্ঞর মতে, টেবিল রানার হিসেবে ব্যবহার করা যায় সুতি বা লিনেন কাপড়, চট, হোগলা পাতা। প্লাস্টিক ডেকোরেশনের বদলে রাখতে হবে ফল, বাদাম ও প্রাকৃতিক ফুলের ছোট আয়োজন।

দরজা ও জানালা

দরজায় ঝুলিয়ে দিতে হবে শুকনো পাতা ও ডাল দিয়ে তৈরি রিথ। জানালায় কাগজের তারা বা কাপড়ের স্নো নকশা ও অন্যান্য উপকরণ ঝুলিয়ে সাজালে মানানসই হবে।

শিশুদের সঙ্গে পরিবেশবান্ধব সাজ

শিশুদের সঙ্গে বসে হাতে বানানো সজ্জা তৈরি করা বড়দিনের আনন্দ বাড়ায়। এতে বাড়ে সৃজনশীলতা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ।

কাগজ কাটা, রং করা বা পুরনো জিনিস দিয়ে নতুন কিছু বানানো— সবই হয়ে ওঠে স্মৃতির অংশ। তবে শিশুদের নিয়ে বড়দিনের জন্য পরিবেশবান্ধব কেনাকাটা ও সাজানোও একই আবহ তৈরি করবে।

আরও পড়ুন

নতুন বছরে ঘর সাজাবে উষ্ণ রংয়ে

শোবার ঘর হোক শান্ত ও আরামদায়ক

নিজে করি প্রকল্পে বদলে যাবে ঘরের চেহারা