২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দয়া চর্চায় বাড়ে জীবনের সুখ

শারীরিকভাবেও সুস্থ থাকতে সাহায্য করে পরোপকারে এগিয়ে গেলে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 04:13 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

মানুষের জীবনে ‘দয়া’ এমন এক অনুভূতি, যা শুধু গ্রহণকারীকেই নয়, দানকারীকেও ভেতর থেকে বদলে দেয়।

গবেষণা বলছে, নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে এগিয়ে এলে শরীর ও মন দুটোই উপকার পায়। এতে বাড়ে আনন্দ, কমে মানসিক চাপ, এমনকি দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।

নিঃস্বার্থতার মানসিক প্রভাব

অন্যের ভালোকে নিজের চেয়ে অগ্রাধিকার দেওয়া, বিনিময়ে কিছু প্রত্যাশা না করা এই আচরণকে মনোবিজ্ঞানের ভাষায় নিঃস্বার্থতা বলা হয়।

সিএনএন ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বিভিন্ন গবেষণার তথ্যানুসারে জানানো হয়, এই নিঃস্বার্থ আচরণ মানুষের মস্তিষ্কের পুরস্কার প্রাপ্তির অংশকে সক্রিয় করে। তখন শরীরে এমন কিছু রাসায়নিক নিঃসৃত হয়, যা আনন্দ ও তৃপ্তির অনুভূতি বাড়ায়।

বিশেষজ্ঞরা একে সহায়কের আনন্দ বলেও ব্যাখ্যা করেন।

যুক্তরাষ্ট্রের গবেষণা অনুযায়ী, স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকলে মানসিক চাপ কমে এবং বিষণ্নতার উপসর্গ হালকা হয়।

সমাজের সঙ্গে যুক্ত থাকার অনুভূতি

দয়া কেবল ব্যক্তিগত ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত করে। সিএনএন’য়ের ওই প্রতিবেদনে বলা হয়, দয়ার কাজ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বিশ্বাস ও আপনত্ববোধ তৈরি করে।

‘ব্রিগাম ইয়ং ইউনিভার্সিটি’ মনোবিজ্ঞান বিভাগের করা এই গবেষণায় দেখা গেছে, যারা সমাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন এবং অন্যের পাশে দাঁড়ান, তাদের স্মৃতিভ্রংশ বা বুদ্ধিবৃত্তিক দুর্বলতার ঝুঁকি তুলনামূলকভাবে কম।

রক্তচাপ ও হৃদস্বাস্থ্যে দয়ার ভূমিকা

অন্যের জন্য অর্থ ব্যয় বা সহায়তা করাকে গবেষণায় সামাজিক কল্যাণমূলক ব্যয় বলা হয়েছে।

চীনের হাইনান অঞ্চলে পরিচালিত এক গবেষণায় উচ্চ রক্তচাপে ভোগা কিছু মানুষকে দুই দলে ভাগ করা হয়। এক দলকে নিজেদের জন্য অর্থ খরচ করতে বলা হয়, আর অন্য দলকে বলা হয় সেই অর্থ অন্যের প্রয়োজনে ব্যয় করতে।

ছয় সপ্তাহ পর দেখা যায়, যারা অন্যের জন্য অর্থ খরচ করেছিলেন, তাদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই সুফল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের ফলের সঙ্গে তুলনীয়।

ব্যথা কমাতে দয়ার প্রভাব

দয়ার আরেকটি আশ্চর্য দিক হল, এটি শারীরিক ব্যথার অনুভূতিও কমাতে পারে।

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ সাইকোলজি অ্যান্ড কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড বেইজিং কি ল্যাবলেটরি অফ বিহেইভওর অ্যান্ড মেন্টাল হেল্থ’ বিভাগের করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা অনাথ শিশুদের সহায়তায় অর্থ দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন, তারা বৈদ্যুতিক শকের মতো অস্বস্তিকর অনুভূতির প্রতি কম সংবেদনশীল ছিলেন।

গবেষকরা লক্ষ করেন, সাহায্য করার মুহূর্তে মস্তিষ্কের যে অংশ ব্যথার প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। অর্থাৎ দয়া মনোযোগ অন্যের কল্যাণে সরিয়ে দিয়ে ব্যথার অনুভূতিকে দুর্বল করে।

সুখ বাড়াতে দয়ার দ্রুত প্রভাব

যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ কেন্ট’ এবং ‘হলওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডন’ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, মাত্র তিন দিনের মধ্যেই দয়ার আচরণ মানুষের সুখবোধ বাড়াতে পারে।

গবেষণায় অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করা হয়। এক দল প্রতিদিন একটি করে দয়ার কাজ করে, আরেক দল নতুন কোনো কাজ শেখে বা করে, আর তৃতীয় দল কিছুই পরিবর্তন করে না।

ফলাফলে দেখা যায়, দয়ার কাজ করা দল এবং নতুন অভিজ্ঞতায় যুক্ত দল উভয়ের মধ্যেই সুখের মাত্রা বেড়েছে। তবে দয়ার প্রভাব ছিল বেশি গভীর ও স্থায়ী।

বৈচিত্র্য থাকলে আনন্দও বাড়ে

সুখ নিয়ে নানান গবেষণা করেছেন দুই মার্কিন গবেষক সোনজা লিউবোমিরস্কি এবং কেনন শেলডন। গবেষণায় তারা দেখিয়েছেন, একই ধরনের দয়ার কাজ বারবার করার চেয়ে নানান ধরনের সহানুভূতিমূলক কাজ করলে সুখের মাত্রা আরও বেশি বাড়ে।

কখনও প্রশংসা, কখনও সাহায্যের হাত বাড়ানো, কখনও ক্ষমা করে দেওয়া— এই বৈচিত্র্য মানুষকে ভেতর থেকে আরও তৃপ্ত করে তোলে।

দয়া মানেই বড় কিছু নয়

অনেকেই মনে করেন, দয়ার কাজ করতে হলে বড় কিছু করতে হবে। আসলে বিষয়টি তেমন নয়।

অচেনা কাউকে দরজা খুলে দেওয়া, সহকর্মীর ভালো কাজের প্রশংসা করা, কিংবা রাস্তায় কাউকে একটু জায়গা করে দেওয়া- এসব ছোট ‍উদ্যোগও দয়ার মধ্যেই পড়ে।

এসব কাজ পরিকল্পিত হতে পারে, আবার হঠাৎ মন থেকে বেরিয়ে আসাও হতে পারে। পরিচিত বা অপরিচিত দয়া সবার জন্যই সমানভাবে কার্যকর।

আরও পড়ুন

ক্ষমাশীল হওয়ার উপায়

কেনো ক্ষমা চাইবেন!

সম্পর্কে নিরাপত্তা রক্ষার কৌশল

জীবনের অর্থ খুঁজে পাওয়ার উপায়