০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ল্যাকটোজ অসহিষ্ণুদের জন্য ফার্মেসিতেই মিলবে ডানোর নতুন দুধ

ল্যাকটোজ ইনটলারেন্স বা হজমের সমস্যায় আক্রান্তদের জন্য আরলা ফুডস বাংলাদেশের নতুন উদ্ভাবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 04:20 PM

Updated : 04 Nov 2026, 04:20 PM

দুধকে সুষম খাদ্য বলা হলেও অনেকের শরীরেই দুধে থাকা শর্করা বা ‘ল্যাকটোজ’ স্বাভাবিকভাবে হজম হতে চায় না। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে ‘ল্যাকটোজ ইনটলারেন্স’ বা ল্যাকটোজ অসহিষ্ণুতা বলা হয়।

এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত দুধ পান করলে পেট ফাঁপা, গ্যাস, ডায়রিয়া বা পেটে তীব্র অস্বস্তির মুখোমুখি হন। ফলে প্রয়োজনীয় পুষ্টির জোগান থাকার পরও তারা দুধ বা দুগ্ধজাত খাবার সম্পূর্ণ বাদ দিতে বাধ্য হন।

এই ধরনের ভোক্তাদের পুষ্টির চাহিদা মেটাতে ‘ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার’ ঢাকার বিভিন্ন ফার্মেসিতে সহজলভ্য করার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোক্তাদের কাছে এই বিশেষ দুধ সহজে পৌঁছে দিতে সম্প্রতি ‘আরলা ফুডস বাংলাদেশ’ এবং ‘ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেড’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন ফার্মেসিতে ‘ল্যাক্টো রিডিউসড’-এর একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ এবং পরে পর্যায়ক্রমে দেশজুড়ে এই বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে আরলা ফুডস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি, হেড অব সেলস মাহের-ই-খোদা এবং ‘হেড অব মার্কেটিং, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি’ আনোয়ারুল আমিন।

ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী এবং ‘হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস’ অশোক কুমার চক্রবর্তীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাধারণ দুধ বনাম ল্যাক্টো রিডিউসড দুধের বৈজ্ঞানিক পার্থক্য

পুষ্টিবিজ্ঞানীদের মতে, ল্যাকটোজ অসহিষ্ণু মানুষের শরীরে ‘ল্যাকটেজ’ নামক এনজাইমের ঘাটতি থাকে, যা দুধের জটিল শর্করাকে ভাঙতে সাহায্য করে।

‘আরলা ফুডস বাংলাদেশ’-এর পুষ্টি তথ্য অনুযায়ী, বাজারে থাকা সাধারণ ফিলড মিল্ক পাউডারে ল্যাকটোজের পরিমাণ থাকে প্রায় ৩৬ শতাংশ। তবে নতুন উদ্ভাবিত ‘ডানো ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার’-এ বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় এই ল্যাকটোজের পরিমাণ কমিয়ে মাত্র ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

এটিই বাংলাদেশের বাজারে প্রথম ল্যাক্টো রিডিউসড ফিলড মিল্ক পাউডার, বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।

ল্যাকটোজের পরিমাণ কমানো হলেও দুধের ভেতরের আসল পুষ্টিগুণ অক্ষুণ্ন রাখা হয়েছে। এতে প্রোটিনের পাশাপাশি হাড় ও চোখের সুরক্ষায় অত্যন্ত জরুরি ভিটামিন ‘এ’ এবং ভিটামিন ‘ডি৩’ পর্যাপ্ত পরিমাণে যুক্ত করা হয়েছে।

নতুন এই অংশীদারিত্ব সম্পর্কে আরলা ফুডস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট পন্টি বলেন, “হজমের অস্বস্তির কারণে কোনও ভোক্তা যেন প্রয়োজনীয় দুগ্ধজাত পুষ্টি থেকে বঞ্চিত না থাকেন, সেটিই মূল লক্ষ্য।”

ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান একরাম হোসেন বলেন, “ঢাকাজুড়ে এই পণ্য ভোক্তাদের কাছে দ্রুত পৌঁছে দিতে তাদের শক্তিশালী এবং বিস্তৃত স্বাস্থ্যসেবা পণ্য বিতরণ নেটওয়ার্ককে কাজে লাগানো হবে।”

ল্যাকটোজের কারণে যারা দীর্ঘদিন ধরে চা, কফি বা সরাসরি দুধের স্বাদ ও পুষ্টি থেকে দূরে ছিলেন, তাদের জন্য ফার্মেসিতে মিলতে যাওয়া কম ল্যাকটোজযুক্ত এই দুধ একটি নিরাপদ পুষ্টিকর বিকল্প হতে পারে।