০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পেস্তা-বাদামের পুষ্টিগুণ

ওজন নিয়ন্ত্রণ, হৃদযন্ত্রের সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো নানান উপাদানে ভরপুর।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 03:17 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

সবজি বা ফলের পাশাপাশি বাদামও পুষ্টির একটি গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে পেস্তা-বাদাম। যা শুধু স্বাদে নয়, পুষ্টিতেও সমৃদ্ধ।

ছোট এই বাদামে থাকে প্রচুর প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি এবং ভিটামিন ও খনিজ পদার্থ- যা হৃদযন্ত্র, অন্ত্র, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং বিপাকের স্বাস্থ্যকে ভালো রাখে।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটি’র পুষ্টিবিদ ড. লিসা আর. ইয়ং রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানান- পেস্তা-বাদামে থাকা লুটেইন, জিয়াক্সানথিন, ভিটামিন বি-সিক্স - চোখ, মস্তিষ্ক এবং দেহের টিস্যু রক্ষণাবেক্ষণে ভালো কাজ করে।

অন্ত্রের স্বাস্থ্য বৃদ্ধি করে

প্রায় ২৮ গ্রাম পেস্তা বাদামে থাকে তিন গ্রাম আঁশ। আঁশ কেবল হজম প্রক্রিয়াকে সহায়তা করে না, এটি অন্ত্রে থাকা স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়ার খাবার হিসেবেও কাজ করে।

এই ব্যাক্টেরিয়া গঠিত ‘গাট মাইক্রোবায়োম’ আমাদের হজম ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

রোগপ্রতিরোধ ক্ষমতার সহায়ক

পেস্তায় থাকা খনিজ, যেমন- তামা এবং ম্যাঙ্গানিজ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো মুক্ত রেডিকেল দমন করে শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে।

ভিটামিন বি-সিক্স শ্বেত রক্তকণিকার উৎপাদনে সহায়তার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পুষ্টিবিদ জুলিয়া লয়েড একই প্রতিবেদনে মন্তব্য করেন, “এই বাদামগুলো নিয়মিত খেলে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।”

বিপাক ও ওজন নিয়ন্ত্রণ

পেস্তা অন্যান্য বাদামের তুলনায় কম ক্যালোরি-যুক্ত। আর এটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ড. লিসা আর. ইয়ং বলেন, “শেল’ বা খোসা থাকা বাদাম ধীরে ধীরে খাওয়া যায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। আঁশ এবং প্রোটিন দেহে ধীরে ধীরে হজম হয়, ফলে খাওয়ার পর দীর্ঘ সময় তৃপ্তি অনুভব হয়।”

হৃদয় সুস্থ রাখতে

খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে পেস্তা ভেতরের দ্রবণীয় আঁশ এবং অ্যানস্যাচুরেইটেড ফ্যাট। “এছাড়াও বাদামের মধ্যে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

লিসা ইয়ং বলেন, “হৃদযন্ত্র সুস্থ রাখতে এই বাদাম অত্যন্ত কার্যকর।”

চোখের স্বাস্থ্যের জন্য লুটেইন ও জিয়াক্সানথিন

পেস্তার সবুজ ও লালচে–বাদামি রং কেবল সৌন্দর্যের জন্য নয়, এতে থাকা ক্যারোটিনয়েড- লুটেইন এবং জিয়াক্সানথিন চোখের স্বাস্থ্য রক্ষা করে।

নিয়মিত পেস্তা খেলে চোখের বিভিন্ন সমস্যা কমে এবং দেখার ক্ষমতাও শক্তিশালী হয়।

টিস্যু ও হাড়ের স্বাস্থ্য

পেস্তা বাদামে থাকা উচ্চমানের প্রোটিন এবং সকল নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড দেহের টিস্যু এবং অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধি ও মেরামতে সহায়ক।

তামা এবং ম্যাঙ্গানিজ রক্তনালী, সংযোজক টিস্যু ও হাড় শক্ত রাখে। এই বাদাম মূলত হাড় ও টিস্যুর স্বাস্থ্য রক্ষা করতে বেশ কার্যকর।

মস্তিষ্কের স্বাস্থ্য ও মেজাজ উন্নত

ভিটামিন বি-সিক্স স্নায়ুতন্ত্রের কার্যক্রম ঠিক রাখে, মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ও কার্যক্ষমতা বজায় রাখে। তামা উচ্চ মাত্রায় থাকলে আলৎঝেইমার’স রোগের ঝুঁকি কমে।

পেস্তা বাদামের মাধ্যমে মাইক্রোবায়োমের সুষ্ঠু বৃদ্ধি মস্তিষ্কের স্বাস্থ্যের পাশাপাশি মেজাজ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

দৈনন্দিন খাবারে পেস্তার ব্যবহার

পেস্তা বাদাম স্ন্যাকস বা নাস্তা হিসেবে, দইয়ের ওপর ছিটিয়ে, সালাদ বা ওটমিলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।

এছাড়া সুপ, পাস্তা, চিজ প্লেটেও ব্যবহার করা যায়। বিশেষ রেসিপির মাছ বা মাংসের ক্রাস্ট হিসেবে পেস্তা দিলে প্রোটিন এবং খাস্তা স্বাদ দুটোই পাওয়া সম্ভব হয়।

আরও পড়ুন

যে বাদামে প্রোটিনের পরিমাণ বেশি

তারুণ্য ধরে রাখতে বাদাম

৭টি বাদাম ও বীজ ত্বক করবে উজ্জ্বল