বাংলাদেশে ম্যান ইউ ফ্যান ক্লাব
প্রিমিয়ার লিগের মৌসুম শুরুর দিনেই ঢাকার গুলশানের এক রেস্তোরাঁয় জড়ো হয়েছিলো শ’দুয়েক ‘রেড ডেভিল’ সর্মথক। ‘ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারস ক্লাব বাংলাদেশ’ ব্যানারে জড়ো হওয়া এই গোষ্ঠীটি কিন্তু খোদ ম্যানচেস্টার ইউনাইটেড স্বীকৃত।
খেলা দেখছেন ম্যান ইউ সমর্থকরা খেলা দেখছেন ম্যান ইউ সমর্থকরা
সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশ ম্যান ইউ সমর্থকরা সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশ ম্যান ইউ সমর্থকরা
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সোয়ানসি সিটির খেলাটি সরাসরি যে রুমটিতে দেখেছে এই ‘পাঁড়’ সমর্থকরা, সেখানে ঢুকে দেখা গেলো ১০ বছরের শিশু থেকে শুরু করে মাঝ বয়সী ব্যারিস্টারও উপস্থিত! আর সবাইকে ‘ইউনাইটেড’ করেছে লাল ‘প্যাশন’!
ম্যান ইউ’র সমর্থকগোষ্ঠীর সাধারণ সম্পাদক এস এম তহিদুল ইসলাম জানান, ‘‘২০০৭ সালে ‘ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারস ক্লাব বাংলাদেশ’ যাত্রা করলেও আনুষ্ঠানিক স্বীকৃতি পায় চলতি বছরের ফেব্রুয়ারিতে। আর এখন বিলাতের ক্লাবটির ওয়েবসাইটেও তাদের নাম ঠিকানা দেখা যাচ্ছে।”
ইসলাম বলেন, “আজ শুধু ঢাকা নয়, সিলেট ও চট্টগ্রামেও এই সমর্থক গোষ্ঠী খেলা দেখার ব্যবস্থা করেছে, ঢাকার বাইরের ষাটোর্ধ একজন প্রবীণও আমাদের ক্লাবের মেম্বার হিসেবে রয়েছেন।”
ক্লাবের উপদেষ্টা ব্যারিস্টার অনীক খান জানান, খুব ছোট বেলা থেকেই সাত সমুদ্দুর তেরো নদীর পাড়ের এই ফুটবল ক্লাবটির প্রতি ভালোলাগা জন্মেছে।
“১৯৮৫-৮৬ সালে বিটিভির ‘রোড টু ওয়েম্বলি’ অনুষ্ঠান দেখেই ম্যান ইউ সমর্থক হয়ে গেলাম।’’ বলেন এই আইনজীবী। তারপরে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খাতিরেই সুযোগ হয়েছে ‘রেড ডেভিল’দের ঘরের মাঠে নিয়মিত খেলা দেখার। আর এখন নাকি এই সমর্থকগোষ্ঠীর সদস্যদের তার পরিবারের অংশই মনে হয়।
সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশ ম্যান ইউ সমর্থকরা
ইসলাম দাবি করেন, একসঙ্গে শুধু খেলা দেখা নয়, বরং সবাই মিলে ইতিবাচক কিছু কাজ করারই চিন্তা তাদের। রানা প্লাজাকাণ্ডের পরে তহবিল যোগাড় করতে গিয়েই নাকি এই বিষয়ে আরো বেশি সম্পৃক্ত হয়েছেন তারা।
বছর দশেকের সাদমান রহমান এসেছেন ম্যান ইউর জার্সি গায়ে। সবাই মিলে একসঙ্গে খেলা দেখার আনন্দ নিতেই বড় ভাইয়ের হাতধরে এসেছে সে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে অধ্যয়নরত নিশনাত সুলতানাও এসেছেন ম্যান ইউর জার্সি গায়ে। ২০০০ সাল থেকেই চেষ্টা করেছেন দলটির সব খেলা দেখতে।
ম্যান ইউ’র প্রতি বিশেষ অনুরাগের পেছনে ক্লাবটির সুপারস্টার ডেভিড বেকহামের ভূমিকা ছিল বলে জানালেন সুলতানা।
অবশ্য খেলা শেষে কিন্তু এই সমর্থকদের ভগ্ন মনোরথেই বাড়ি ফিরতে হয়েছে, কারণ দুর্বল সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে বনেদি এই ক্লাবটি।
ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারস ক্লাব বাংলাদেশের ওয়েবসাইট : musc.com.bd
ফেইসবুক পেইজ : www.facebook.com/muscbd
ছবি: মামুনুর রশিদ শিশির
