২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেট পেপার ওয়েডিং ড্রেস

দশম বিয়ের পোশাকের প্রতিযোগিতা। তবে শর্ত একটাই, পোশাকগুলো হতে হবে টিস্যু পেপারের তৈরি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 05:49 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দশ হাজার মার্কিন ডলার পুরস্কারের জন্য দশজন ডিজাইনার লড়েছেন।

রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানায়, ১০ জন ডিজাইনার তৈরি করেছেন বিয়ের গাউন, মাথার মুকুট, ছোট ব্যগ এবং বিয়ের ভেইল। আর এই প্রতিটি জিনিসই তৈরি হয়েছে চারমিন আল্ট্রা সফট টয়লেট পেপার দিয়ে। আর এই টয়লেট পেপারগুলো রোল থেকে খুলে পোশাকে রূপান্তর করতে ডিজাইনাররা ব্যবহার করেছেন আঠা, ফিতা এবং দড়ি।

এই প্রতিযোগিতার আয়োজন করেছেন চিপ-চিক-ওয়েডিং ডটকম। (গ্যালারি দেখতে ক্লিক করুন)

প্রদর্শনী দেখার পর প্রতিযোগিতার বিচারক কেইট প্যানকোক বলেন, “আমি বাকরুদ্ধ”। প্যানকোক এলায়া ভন ব্রাইডাল প্রতিযোগিতার বিজেতা ছিলেন।

তিনি বলেন, “তারা টয়লেট পেপার নিয়ে যেভাবে কাজ করেছেন তা সত্যিই প্রশংসার দাবীদার।”

বেশিরভাগ গাউনই ছিলো ফোলা এবং পা পর্যন্ত লম্বা। আবার কিছু ছিলো হাঁটু পর্যন্ত। গাউনের সঙ্গে মডেলদের সাজানোর অলংকার তৈরিতে ব্যবহৃত হয়েছে টিস্যু পেপার দিয়ে তৈরি মুক্তার অলংকার ও ফুল।

প্রতিযোগিতায় জয়ী পোশাকের ডিজাইন করেছেন মিশিগানের ২৮ বছর বয়সী ডিজাইনার সুসান ব্রেনান। ‘রোমান্স অন এ রোল’ নামের পোশাকটি তৈরি করতে ডিজাইনার ব্যবহার করেছেন ২০টি টিস্যু পেপার রোল।

আরো ব্যবহার করা হয় ছোট ছোট ফুল এবং লেইস। ১৯২০ সালে প্রচলিত এক ধরনের নাচের একটি বিশেষ পোশাকের অনুকরণে বানানো হয়েছে বিয়ের এই লম্বাপোশাক।

ব্রেনান জানান, তার এই পোশাকটি ডিজাইন করতে ১ মাস সময় লেগেছে। তিনি বলেন, “এটি কাজ করার সময় আমার আশপাশে শুধু টয়লেট পেপারই ছড়িয়ে ছিলো।”

তিনবারের বিজেতা এই ডিজাইনারের ‘রোমান্স অন এ রোল’ জয় করে নেয় দশ হাজার মার্কিন ডলার।

১০ বছর আগে চিপ-চিক-ওয়েডিং ডটকমের লরা গোয়েইন এবং সুজান বেইন তাদের ওয়েবসাইটের প্রচারের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে। আর এক দশক পরে এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এক হাজার চার’শ একানব্বইজন প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী ডিজাইনারকে বাছাই করতে হয়।

প্রোকটর অ্যান্ড গ্যাম্বলস চারমিন টয়লেট পেপারের সৌজন্যে এই প্রতিযোগিতা ম্যানহ্যাটনের স্যাংচুয়ারি হোটেলে অণুষ্ঠিত হয়।