মিটিংয়ে কথা বলুন দাঁড়িয়ে
বোর্ডরুমে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করলে সবার মনযোগ আকর্ষণ করতে সুবিধা হয়।
নতুন এক গবেষণায় দেখা গেছে, আলোচনা চলার সময় দাঁড়িয়ে কথা বললে সৃজনশীল গোষ্ঠীর মনযোগ বৃদ্ধি পায়। এছাড়া অন্যান্যদের মতামত প্রকাশের ক্ষেত্রেও প্রভাব ফেলে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু নাইটের মতে, “কর্মক্ষেত্র এমনভাবে তৈরি করা উচিৎ, যা কাজের প্রতি উৎসাহ জাগায়। গবেষণায় দেখা গেছে কর্মক্ষেত্রের নির্মাণ শৈলীতে সামান্য পরিবর্তন সহকর্মীদের মধ্যে সম্পর্ক পাল্টে দিতে পারে।”
অ্যান্ড্রু নাইট ও তার সহকর্মী মার্কাস বাওয়ার, দাঁড়িয়ে আলোচনা করার উপযোগিতা পরিমাপের জন্য একটি গবেষণা করেন। অংশগ্রহনকারীদের দুটি দলে বিভক্ত করে আলোচনার মাধ্যমে একটি ভিডিও চিত্র তৈরি করতে বলা হয়।
আলোচনা কক্ষের একটিতে চেয়ার সাজানো ছিলো, অন্যটিতে কোনো চেয়ার ছিলো না। চেয়ারহীন কক্ষের দলটির মধ্যে মানসিক সহায়তার পাশাপাশি অন্যের সিদ্ধান্তে নিজস্ব মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতা কম দেখা গেছে।
নাইট বলেন, “গবেষণায় দেখা গেছে সহকর্মীদের মধ্যে মতামত আদান প্রদানের যে পার্থক্য দেখা গেছে তা সত্যিই অসাধারণ। আর এ পরিবর্তন তাদের কাজের গুণগত মান বৃদ্ধিতেও প্রভাব ফেলেছে।”
