২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমসস দিয়ে চিকেনপাস্তা

রেস্তোরাঁয় বসে হয়তো অনেক খেয়েছেন, এবার বাসাতেই তৈরি করতে পারেন চিকেন পাস্তা। রেসিপি দিয়েছেন আমেরিকা প্রবাসী গৃহিনী সেলিম কলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

উপকরণ

স্প্যাগেটি পাস্তা ৪০০ গ্রাম (অন্যান্য পাস্তাও ব্যবহার করা যায়)। আদাকুচি ১ চা-চামচ। কাঁচামরিচ ৪টি। মাখন আধা চা-চামচ।

চিকেন গ্রেভির জন্য: মুরগির বুকের মাংস কিউব করে কাটা, আধা কেজি থেকে একটু বেশি। গাজর ২টি (কিউব করে কাটা)। বড় পেঁয়াজ ১ কাপ। আদাবাটা আধা চা-চামচ। রসুনবাটা, মরিচগুঁড়া ও হলুদ চা-চামচের চারভাগের তিনভাগ। জিরা ও ধনেগুঁড়া চা-চামচের তিনভাগের একভাগ। লেবুর রস ১ চা-চামচ। সয়াসস দেড় চা-চামচ। টমেটো পেস্ট ১ চা-চামচ। কর্নফ্লাওয়ার ২ চা-চামচ (আধা কাপ পানিতে গুলানো)। তেল ও লবণ পরিমাণ ও স্বাদমতো।

মেয়নেইজ সসের জন্য: এককাপের চারভাগের তিনভাগ মেয়নেইজ। টমেটো-সস ২ টেবিল চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ।

পদ্ধতি

পরিমাণ মতো পানি দিয়ে পাস্তা সিদ্ধ করুন। একটু লবণ আর তেল বা মাখন দিন যেন একটার গায়ে আরেকটা লেগে না যায় আর ঝরঝরা হয়। সিদ্ধ পাস্তাগুলো একটা ঢাকনাওয়ালা পাত্রে ঢেকে রেখে দিন।

এবার পাস্তার গ্রেভির জন্য রান্নার পাত্রে তেল দিয়ে গরম করুন। আধা কাপ পেঁয়াজ, রসুনবাটা, আদাবাটা ও লবণ দিয়ে ১ মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করুন। চারভাগের এককাপ পানি দিয়ে আরও ১ মিনিট রান্না করুন।

এবার মুরগির টুকরার সঙ্গে ধনে, জিরা আর হলুদ দিন। কয়েক মিনিট রান্না করুন যতক্ষণ না মুরগির রং পরিবর্তন হয়। এবার গাজরের টুকরাগুলো দিয়ে দিন। মুরগি মোটামুটি রান্না না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

এখন টমেটো পেস্ট, সয়াসস ও লেবুর রস দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করে কর্ণফ্লাওয়ার আর বাকি আধা কাপ পেঁয়াজ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। মুরগির গ্রেভি একটু রঙিন করতে কয়েক মিনিটের জন্য রেখে দিন। যদি আরও গ্রেভি করতে চান বা যদি দেখেন বেশি শুকিয়ে যাচ্ছে, তবে নিজেরমতো করে আরও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলুন।

মেয়নেইজ, টমেটো-সস আর গুঁড়ামরিচ একসঙ্গে মিশিয়ে সস তৈরি করে রেখে দিন এক পাশে।

এবার কড়াইয়ে মাখন দিয়ে গলতে দিন। এতে আদা ও মরিচকুচি দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলুন।

পরিবেশন

পরিবেশন পাত্রে প্রথমে পাস্তাগুলো সুন্দর করে ছড়িয়ে দিন। উপরে চিকেন গ্রেভি দিয়ে মেয়নেইজ সস এবং শেষে মাখনে ভাজা মরিচ ও আদাকুচি উপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন।

গরম গরম পরিবেশনের জন্য পুরো আয়োজনটি ওভেনে দিয়ে গরম করে নিতে পারেন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।