ধারাবাহিক ‘কুটুম আসছে’
সম্প্রতি তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘কুটুম আসছে’। এটি রচনা করেছেন এস এ হক অলিক। পরিচালনা করেছেন এফ এ মোহানী মানিক। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরি, ডলি জহুর, নাজনিন চুমকি, প্রাণ রায়, আরমান পারভেজ মুরাদ, আফজাল শরীফ, অপূর্ব, শামীম জামান, তানিয়া হোসেন, মৌসুমি, ভাবনা, ম আ সালাম, কাজী আনিস প্রমুখ।
এ বিষয়ে আরটিভির সুত্রে জানা গেছে, নাটকটি ১৬ এপ্রিল থেকে প্রতি মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টা ৫ মিনিটে চ্যানেলটিতে প্রচারিত হবে।
ধারাবাহিকের কাহিনী সম্পর্কে তিনি বলেন, গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবার জোয়ার্দার পরিবার। এই পরিবারের কর্তা আলাউদ্দিন জোয়ার্দার। স্ত্রী ও মৃত তিন মেয়ে আর জীবিত চার মেয়ে নিয়ে তার সংসার। ছেলে সন্তান চাইতেই সাত মেয়ের জন্ম। মৃত তিন মেয়ের বিয়ে হয়েছিলো। তিন মেয়েরই বিয়ের এক বছর হতে না হতেই মৃত্যু হয়। এরপর থেকে আলাউদ্দিন জোয়ার্দার তার বাকি চার মেয়ের বিয়ে দেবে না বলে ঠিক করে। যে চার মেয়ে বেঁচে আছে তার মধ্যে প্রথম দুই মেয়ে বাবার কথা মত চলে, প্রেমের কোন ধার ধারে না। ছোট দুই মেয়ের মধ্যে ছোটটার বড় যে জন সে তাদের বিয়ে নিয়ে বাবার সিদ্ধান্তের তোয়াক্কা করেনা। আর একেবারে ছোট মেয়ে বাবার কথাও মানবে আবার প্রেমও করবে। এদিকে গ্রামের যুবকরা জোয়ার্দার পরিবারের মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলতে বিভিন্ন কায়দা করে।
মৃত তিন মেয়ের স্বামী মাঝে মাঝে জোয়ার্দার পরিবারে এসে হাজির হয়। এতে আলাউদ্দিন জোয়ার্দার মনক্ষুণœ হয়। মৃত বড় মেয়ের স্বামী আরেক বিয়ে করেছে। সে ঘরের একটি ছেলে আছে। সেই ছেলেকে সাথে করে নিয়েই আসে। ছেলেটি ঝটপট কথা বলে এবং জোয়ার্দারকে বলে ‘আমিতো এ বাড়ির বড় কুটুম। একমাত্র নাতি।’ বিরক্ত হয় আলাউদ্দিন জোয়ার্দার। তবে তার স্ত্রী ছেলেটিকে খুব আদর করে। এভাবেই চলতে থাকে গল্প। হঠাৎ করে এক যুবক কুটুমের আগমন ঘটে জোয়ার্দার পরিবারে। যুবকটি নিজেকে আলাউদ্দিন জোয়ার্দারের একমাত্র ছেলে হিসেবে দাবি করে। গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
