‘সিক্স’ ও ‘রঙ’-এর যৌথ অ্যালবাম
নেসলে বাংলাদেশের আয়োজনে নেসক্যাফের ‘গেট সেট রক’ প্রোগ্রামের চ্যাম্পিয়ন ব্যান্ড ‘সিক্স’ ও রানার্সআপ ব্যান্ড ‘রঙ’ এর যৌথ অ্যালবাম প্রকাশিত হয়েছে ২৩ জানুয়ারি । অ্যালবামটি বাজারে এনেছে অডিও প্রকাশনা সংস্থা ‘জি-সিরিজ’।
অ্যালবামটিতে সিক্স এর গান রয়েছে ৫ টি এবং রঙ এর ৪ টি। ‘সিক্স’এ ছিলেন গিটারিস্ট রেজওয়ান, ভোকালিস্ট দীপ, বেইজিস্ট রোমেন্স, র্যাপার পাবলো, ড্রামার শিশির, কি-বোর্ডে সোহাগ। আর রং এর সদস্যরা হলেন কণ্ঠশিল্পী হাসিব, গিটারবাদক রাজিব, ড্রামার সুসি, বেইজ গিটারিস্ট মিথুন, বেহালা বাদক শ্যামল এবং কি-বোর্ডে জুলফিকার।
এ উপলক্ষে ২৩ জানুয়ারি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত ব্যক্তিত্ব লাবু রহমান, ফুয়াদ নাসের বাবু এবং ‘গেট সেট রক’ এর দুই বিচারক পিলু খান ও বাপ্পা মজুমদার। আরও উপস্থিত ছিলেন নেসলের ম্যানেজিং ডিরেক্টর- স্টিফেন নর্দে, ডিরেক্টর অফ কর্পোরেট অ্যাফেয়ার্স নকীব খান, সিনিয়র ম্যানেজার মার্কেটিং কম্যুনিকেশন এন্ড সার্ভিসেস জিয়াউল হাফিজ, মার্কেটিং ম্যানেজার বেভারেজ আশিকুর রহমান, ব্র্যান্ড এক্সিকিউটিভ বেভারেজ ইসতিয়াক আহমেদ, এক্সিকিউটিভ মিডিয়া এন্ড কনজুমার ইনসাইট- খন্দকার ইশতিয়াক, জি সিরিজের কর্ণধার- নাজমুল হক ভূইঞা এবং নেসলে বাংলাদেশ লিমিটেড এর ক্রিয়েটিভ এজেন্সি ইউনিট্রেন্ড লিমিটেড এর কর্মকর্তারা।
উল্লেখ্য যে, ২০১১ সালে নেসক্যাফের আয়োজনে দেশজুড়ে নতুন সংগীত প্রতিভার খোঁজে ‘গেট সেট রক’ শিরোনামে একটি অনুষ্ঠান হয়েছিলো। সেই নতুন সংগীত প্রতিভাদের সমন্বয়ে গড়া ব্যান্ডদলগুলোর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতার ভিত্তিতে ২০১২ সালে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ। প্রোগ্রামের অঙ্গীকার অনুযায়ী নেসক্যাফে চ্যাম্পিয়ন ব্যান্ড ‘সিক্স’ ও রানার্সআপ ব্যান্ড ‘রঙ’ এর গান নিয়ে প্রকাশ করেছে একটি অডিও অ্যালবাম।
