প্রাতঃভ্রমণে বের হতে চাইলে
এই মহামারীর সময়ে সকালে হাঁটতে বের হলে নিতে হবে প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা।
দেশে ও দেশের বাইরের বিভিন্ন স্থানে লকডাউন শিথিল হয়েছে। মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে।
তারই প্রেক্ষিতে দেশের বিভিন্ন উদ্যান কিংবা আবাসিক এলাকার পথে হাঁটতে কিংবা ‘জগিং’ করতে বের হচ্ছেন অনেকেই। তবে আতঙ্কের বিষয় হল, করোনাভাইরাস শিথিল হয়নি সামান্যতম।
এই পরিস্থিতিতে হাঁটতে গিয়ে কী সতর্কতা নিতে হবে সেটাই জানানো হলো স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে।
স্বাস্থ্য সচেতন মানুষ ছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্ত মানুষগুলোর জন্য হাঁটাহাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ঘরে কিংবা বাসার ছাদে হাঁটাছেন। তবে সবার সেই সুযোগ নেই। তাই এই মানুষগুলো যদি বাইরে হাঁটতে যান তাদের বাড়তি সাবধানতা নিশ্চিত করতে হবে।
দূরত্ব বজায় রাখা
বিভিন্ন স্বাস্থ্য সংস্থার পরামর্শ হলো পরস্পর থেকে ছয় ফিট দূরত্ব রাখা। তবে দৌড়ানো, সাইকেল চালানো কিংবা যে কোনো ধরনের শারীরিক পরিশ্রমের মধ্যে থাকাকালে মানুষের মুখনিঃসৃত লালাকণা আরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে বাতাসে ভেসে।
এক প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘আনসিস’ ‘স্টিমুলশন’য়ের মাধ্যমে পরীক্ষা করে দাবি করেছে, যদি একজন মানুষ ঘণ্টায় ৪ কিলোমিটার গতিতে হাঁটে তবে তার মুখনিঃসৃত লালাকণা তাদের পেছনে ১৬ ফিট বা পাঁচ মিটার পর্যন্ত ছড়াতে পারে। এই পরীক্ষায় পরিবেশের পারিপার্শ্বিক অবস্থা যেমন- বাতাস, আর্দ্রতা ইত্যাদি বিবেচনায় আনা হয়নি। আর পুরো পরীক্ষাটিতে মানুষের অংশগ্রহণ ছিলনা, পুরোটাই যান্ত্রিক।
তবে তারপরও বুদ্ধিমানের কাজ হবে দৌঁড়ানো কিংবা হাঁটাহাঁটির সময় অন্যদের থেকে ১২ থেকে ২০ ফিট দূরত্ব বজায় রাখার চেষ্টা করা।
আশপাশে নজর রাখা
স্বাভাবিক সময়ে কানে হেডফোন গুঁজে দিন দুনিয়া ভুলে ‘জগিং’ করতেন হয়ত। তবে এখন তা সম্ভব নয়। চারপাশে তীক্ষ্ণ নজর রাখতে হবে কে আসছে আপনার দিকে, আপনি কোনদিকে যাচ্ছেন সেদিকে। চারপাশ থেকে আসা মানুষ থেকে দূরত্ব বজায় রাখার জন্যই কে আসছে দেখে আপনি কোনদিকে যাবেন সেই পরিকল্পনা করতে হবে। যে পথে জন-সমাগম কম সেই পথ বেছে নিতে হবে। সময়টাও বেছে নিতে হবে এমন যখন রাস্তায় মানুষ কম। আবার রাতের বেলা নিরিবিলি রাস্তায় হাঁটতে গেলে দূর্ঘটনার কথাও মাথায় রাখতে হবে। এসময় দামি কিছু সঙ্গে না রাখাই ভালো।
মাস্ক পরা আর না পরা
হৃদযন্ত্রের কাজের চাপ যখন বেড়ে যায় তখন তার অক্সিজেনের চাহিদাও বেড়ে যায়। যেহেতু শারীরিক পরিশ্রমের কারণে হৃদযন্ত্রের ওপর ধকল বাড়ে তাই এসময় মুখে মাস্ক পরা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না। মাস্ক শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে।
ভীড়ের মধ্যে হাঁটা যাবেনা
হাঁটা, দৌড়ানোর সময় শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়, মুখে মাস্কও থাকছে না। তাই এমন সময় ভীড় এড়ানো আপনার অবশ্য কর্তব্য। সামনে থেকে যদি অন্য কাউকে দৌড়ে আসতে দেখেন এবং তার ১২ থেকে ২০ ফিট দূরে যাওয়া সম্ভব না হয় তবে নিজে থেমে গিয়ে মুখে কিছুক্ষণের জন্য মাস্ক পরে নিতে পারেন।
হাত সামলে
বাইরে হাঁটতে গিয়ে চেষ্টা করবেন বাইরের কোনো কিছু স্পর্শ না করার। পার্কের গেট, লিফটের সুইচ, গাছ, বেঞ্চ কোনোকিছুই স্পর্শ করা চলবে না। সঙ্গে সবসময় হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। যাতে কোনোকিছু স্পর্শ করেই ফেললে তৎক্ষণাত হাত জীবাণুমুক্ত করে ফেলতে পারেন।
শরীরে ওপর ধকল কমানো
যত দিনের অভিজ্ঞ দৌড়বিদই হন না কেনো, এখন নিজের ক্ষমতা প্রদর্শণ করার সময় নয়। শরীরের ওপর, হৃদযন্ত্রের ওপর চাপ কম রাখা ভালো। মধ্যম গতিতে দৌড়াতে হবে। রাস্তায় ভীড় থাকলে, সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে দৌড়ানোর পরিকল্পনা বাদ দিতে হবে।
আরও পড়ুন
