২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারে চাইনিজ খাবার

ভেজিটেবল রাইস উইথ ক্যাশু নাট, শ্রিম্প উইথ ক্যাশু নাট এবং চিকেন ফ্রাই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 03:41 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

রেসিপিগুলো দিয়েছেন বীথি জগলুল।

ভেজিটেবল রাইস উইথ ক্যাশু নাট

উপকরণ: পোলাওয়ের চাল ১ কাপ। সবজি ১ কাপ (তিন রংয়ের ক্যাপসিকাম) ক্যাশু নাট আধা কাপ। আদা ও রসুন বাটা ১ চা-চামচ করে। আস্ত গরম মসলা প্রয়োজন মতো। আস্ত জিরা আধা চা-চামচ। কাঁচামরিচ ৩,৪টি। তেল/ঘি প্রয়োজন মতো। লবণ স্বাদ মতো।

পদ্ধতি: চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। ছোট ছোট কিউব করে সবজি কেটে নিন। হাঁড়িতে তেল অথবা ঘি গরম করে বাদামি করে ক্যাশু নাট ভেজে উঠিয়ে রাখুন। একই তেলে আস্ত জিরা ও গরম মসলা ফোঁড়ন দিয়ে চাল ভেজে নিন।

খুব ভালোভাবে চাল ভাজা হলে দুই কাপ পানি, আদা ও রসুন বাটা, সবজি এবং লবণ মিশিয়ে নিন। পানি ফুটে উঠলে আঁচ মাঝারি করে দিন।

পানি ও চাল যখন সমান হবে তখন তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে, ঢাকনা দিয়ে আঁচ একদম কমিয়ে দিন। এইভাবে ১৫ থেকে ২০ মিনিট দমে রাখুন। মাঝখানে একবার কাঠের খুন্তি দিয়ে চাল উল্টিয়ে-পাল্টিয়ে দেবেন এবং কাঁচামরিচ মিশিয়ে দেবেন।

হয়ে গেলে, নামিয়ে পরিবেশনের আগে ভাজা ক্যাশু নাট মিশিয়ে নেবেন।

হট শ্রিম্প উইথ ক্যাশু নাট

উপকরণ: চিংড়ি ৫০০ গ্রাম। ক্যাশু নাট ৫০গ্রাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, মাশরুম মিলিয়ে ১ কাপ। চিকেন স্টক আধা কাপ। থাই চিলি পেস্ট ১ টেবিল-চামচ (না থাকলে মরিচগুঁড়া দিলেও চলবে)। সয়াসস ১ টেবিল-চামচ। ফিশ সস স্বাদ মতো। টমেটো সস ১ টেবিল-চামচ। তেল ২,৩ টেবিল-চামচ। কাঁচামরিচ ৩,৪টি।

পদ্ধতি: প্যানে অল্প তেল গরম করে ক্যাশু নাট সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে উঠিয়ে রাখুন। একই প্যানে বাকি তেল গরম করে মাশরুম, ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিন। এবার এতে একে একে চিংড়ি, সব সস, চিলি পেস্ট এবং চিকেন স্টক মিশিয়ে নিন।

মিনিট তিনেক রান্না করে গোলমরিচ-গুঁড়া, কাঁচামরিচ ও ভাজা ক্যাশু নাট মিশিয়ে নামিয়ে ফেলুন। পরিবেশন করুন ফ্রায়েড রাইসের সঙ্গে।

চিকেন ফ্রাই

উপকরণ: মুরগির মাংস ৮ টুকরা। ২টি ডিম। সয়া সস ২ টেবিল-চামচ। টমেটো সস ১ টেবিল-চামচ। চিলি সস ১ টেবিল-চামচ। আদা ও রসুন বাটা ২ চা-চামচ। পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ। ব্রেড ক্রাম্ব অথবা পাউরুটির গুঁড়া পরিমাণ মতো। ওয়েস্টার সস ২ চা-চামচ। ডুবো তেলে ভাজা যায় এই পরিমাণ তেল।

পদ্ধতি: প্রথমে মাংসের টুকরাগুলো ডিম, ব্রেড ক্রাম্ব ও তেল বাদে বাকি সব উপকরণ দিয়ে মাখিয়ে ঢাকনাযুক্ত কোনো পাত্রে ফ্রিজে চার থেকে পাঁচ ঘণ্টা ঢেকে রেখে দিন। ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নিন। এবার মেরিনেইট করা মাংস ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ট্রেতে বা ছড়ানো কোনো কিছুতে ১০ মিনিট রাখুন।

১০ মিনিট পর, পুনরায় ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে, মাংসগুলো অল্প আঁচে ভেজে নিন। ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।