২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডালপুরি

এখনতো আর তেমন কিনতে পাওয়া যায় না। তাই নিজেই তৈরি করে নিতে পারেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 04:08 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

রেসিপি দিয়েছেন আনিসা আলি মেঘলা।

ডাল রান্নার জন: ১ কাপ মুসুরি ডাল। ১ চা-চামচ হলুদ। ১ চা-চামচ মরিচগুঁড়া। পরিমাণ মতো পেঁয়াজকুচি। পরিমাণ মতো তেল। ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ। গরম মসলাগুঁড়া ১ চা-চামচ।লবণ স্বাদ মতো। ধনেপাতা।

একটি হাঁড়িতে এক কাপ ডালের সঙ্গে দুই কাপ পরিমাণ পানি এবং উপরের সব উপকরণ (ধনেপাতা বাদে) ডালের সঙ্গে মিশিয়ে রান্না করুন৷

ডাল সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে নেড়েচেড়ে শুকনা শুকনা করে ফেলুন এবং নামানোর আগে ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন৷

পুরির জন্য: ২ কাপ ময়দা। ৪ টেবিল-চামচ তেল। স্বাদ মতো লবণ। ১ কাপ থেকে একটু কম সাধারণ পানি৷

একটি বাটিতে ময়দার সঙ্গে লবণ এবং তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন৷ খুব ভালো করে মেশাতে হবে, যাতে তেল ময়দার সঙ্গে মিশে যায়৷

ডো সুন্দর করে মথে নিন। অল্প অল্প পানি দিয়ে মথে পুরির খামির তৈরি করুন। পুরির খামির বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না৷

এবার ভেজানো একটি পাতলা পরিষ্কার কাপড় বা কিচেন টাওয়াল দিয়ে পুরির খামিরটা ঢেকে রাখুন ২০ মিনিট৷

আর ভাজার জন্য ডুবো তেল লাগবে৷

পদ্ধতি: ২০ মিনিট পর পুরির খামির ১১ ভাগ করে নিন৷

এবার একটি একটি করে খামির নিন। প্রথমে ছোট রুটির মতো করে বেলে তার মাঝখানে রান্না করা ডাল অল্প একটু দিন৷

এবার ছোট রুটিটার চারপাশ টেনে এনে মুখটা বন্ধ করে দিয়ে, হাত দিয়ে চেপে লাগিয়ে দিন। যাতে ডাল না বের হয়ে যায়৷

এবার পুরিটা হাতের তালুতে চেপে দিন এবং বেলুন দিয়ে হালকা করে তিন থেকে চার বার বেলে নিন।

ব্যাস ডালপুরি তৈরি ভাজার জন্য৷ এভাবে বাকি সবগুলো পুরি বানিয়ে রাখুন। তেল ভালো মতো গরম করে নিন এবং সাবধানে একটি একটি করে পুরি দিন।

হালকা বাদামি করে ভেজে তুলুন। সস আর সালাদ দিয়ে পরিবেশন করুন।

সমন্বয়ে: ইশরাত মৌরি।

পুরনো খবর:

ভরপেট ইফতারি
চিংড়ি ভাজা
চিড়া মিক্স ভাজা
সবজি-পেঁয়াজু
ভিন্ন স্বাদে বেগুনি ও পেঁয়াজু