ডিপ-ফ্রায়েড শ্রিম্প পটেটো বলস
মচমচে ভাজা, আহা কি মজা।
রেসিপি দিয়েছেন বীথি জগলুল।
উপকরণ: চিংড়ি মাছ (বড়) ১২-১৫টি। সিদ্ধআলু ৩টি। মাখন ১ টেবিল-চামচ। ডিমের কুসুম ১টি। পাপরিকা ১ চা-চামচ অথবা লালমরিচ-গুঁড়া। গোলমরিচ-গুঁড়া স্বাদ মতো। জিরাগুঁড়া দেড় চা-চামচ। রসুনগুঁড়া ১/৪ চা-চামচ (ইচ্ছা)। ফেটানো ডিম ২টি। ব্রেড ক্রাম্বস দরকার মতো। শুকনা-ময়দা দরকার মতো। তেল ভাজার জন্য।
পদ্ধতি: লেজ রেখে চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
চিংড়ির সঙ্গে স্বাদ মতো লবণ ও গোলমরিচ-গুঁড়া মাখিয়ে একপাশে রেখে দিন। আলুর সঙ্গে তেল, ব্রেডক্রাম্বস, ফেটানো ডিম ও ভাজার তেল ছাড়া অন্য উপকরণগুলো মিশিয়ে নিন।
আলুর মিশ্রণে চিংড়ির সমপরিমাণ ভাগ করে চিংড়ির চারপাশে বলের মতো দিয়ে নিন।
সব বানানো হলে বলগুলো শুকনা-ময়দায় গড়িয়ে, ফেটানো ডিমে চুবিয়ে, ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন। এভাবে সবগুলো তৈরি করুন।
মাঝারি আঁচে তেল গরম করে চিংড়ির বলগুলো ডুবো তেলে সোনালি করে ভেজে নিন।
সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
