২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপেলের জেলি

সন্তানের টিফিনে কিংবা সকাল-বিকালের নাস্তায় দেবে মজার স্বাদ সঙ্গে পুষ্টি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 03:20 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

মজার ফালুদা
পাইনঅ্যাপল জেলি

রেসিপি দিয়েছেন আমেনা আলি মেঘলা।

উপকরণ: আপেল ২০ থেকে ২৫টি। দারুচিনি ২টি। ১টি লেবুর রস। চিনি ৯ কাপ। পানি পরিমাণ মতো।

পদ্ধতি: আপেলগুলো ধুয়ে যে কোনো আকারে কেটে একটা বড় পাতিলে নিতে হবে। তারপর ডুবো পরিমাণ পানি দিন।

সঙ্গে দারুচিনি দিয়ে, চুলায় আঁচে ৪০ মিনিট রান্না করতে হবে এবং কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। ৪০ মিনিট পর আপেলগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে চামচ দিয়ে ভালো করে আপেলগুলো পিষে দিন।

পিষে নেওয়া আপেলগুলো একটি পাতলা কাপড়ে ঢেলে ঝুলিয়ে রাখবেন। নিচে একটা বড় পাত্র রেখে দিন। রসটা এই পাত্রে পড়বে।

এভাবে প্রায় সাত থেকে আট ঘণ্টা ঝুলিয়ে রাখুন। চাইলে সারারাত ঝুলিয়ে রাখতে পারেন। এতে প্রায় নয় কাপ আপেলের রস হবে।

এখন একটা হাঁড়িতে আপেলের রস, চিনি ও লেবুর রস একসঙ্গে নিয়ে চুলায় আঁচে বসিয়ে ৪০ থেকে ৪৫ মিনিট জ্বাল দিন। জ্বাল দেওয়ার ঠিক ২০ মিনিট পর দেখবেন রং পরিবতর্ন হতে থাকবে। এসময় খুব ঘনঘন নেড়ে দিতে হবে ।

জেলি রাখার বোতলগুলো গরম পানিতে ১০ মিনিট ফুটিয়ে ব্যাকটেরিয়া মুক্ত করবেন। এতে জেলি অনেক দিন ভালো থাকবে।

৪৫ মিনিট জ্বাল দেওয়ার পর একটু জেলি চামচে কিংবা পিরিচে নিয়ে পরখ করুন। যদি দেখেন ফোমের মতো হয়ে যাচ্ছে তখন বুঝবেন জেলি হয়ে গেছে।

গরম গরম জেলি বোতলে ঢেলে ফেলুন। মোটামুটি একটু ঠাণ্ডা হলেই বোতলের মুখ আটকে চার থেকে পাঁচ ঘণ্টা রেখে দিন।

তারপর মুখ খুলে দেখবেন জেলি একদম থকথকে হয়ে গেছে।

মনে রাখবেন: বাজারে জেলির জন্য এক ধরনের বোতল পাওয়া যায়, যেগুলো গরম পানিতে দিলে ভেঙে যায় না।

যতটুকু আপেল জুস তত পরিমাণ চিনি।

সমন্বয়ে: ইশরাত মৌরি।