ভাষা শহীদদের স্মৃতির খোঁজে
পৃথিবীতে একটি মাত্র জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে। বাঙালি হিসেবে এটা যেমন গর্বের তেমনি যাদের জন্য এই অর্জন তাদের যথাযথ সম্মান জানানো আমাদের কর্তব্য।
১৯৫২ সালে ২১ ফেব্রেুয়ারি বুকে বুলেট পেতে নিয়েছিলেন সালাম, বরকত, রফিক আর জব্বার। তাদের মহান এ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে স্মৃতি জাদুঘর।
ভাষার এ মাসেই ঘুরে আসতে পারেন তাঁদের স্মৃতিময় সেসব স্থান থেকে।
শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর: তাঁর জন্ম ১৯২৭ সালের ১৬ জুন ভারতের মুর্শিদাবাদ জেলায়। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে ঢাকায় এসে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ১৯৫২ সালে যখন ভাষা আন্দোলন শুরু হয় তখন তিনি স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। সেসময়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে ঝাপিয়ে পড়েন টগবগে এ তরুণ। ২১ ফেব্রুয়ারি বর্তমান শহীদ মিনার এলাকায় পাক সেনার গুলিতে মারাত্মক আহত হয়ে রাতে মুত্যুর তোলে ঢলে পড়েন।
মহান এ ভাষা শহীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের পাশে শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা নির্মাণ করা হয়। ২০১২ সালের ২৫ মার্চ এর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। এ জাদুঘরে আছে তাঁর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও ছবি। এছাড়া এ জাদুঘরে আছে একটি পাঠাগার। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই-পত্র আছে এ পাঠাগারে।
শহীদ রফিকউদ্দিন আহমদ স্মৃতি জাদুঘর: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের পারিল গ্রামে জন্ম ভাষা শহীদ রফিকউদ্দীন আহমদের। ভাষা আন্দোলনে তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ নামকরণ করা হয়েছে রফিক নগর। ১৯৪৯ সালে ম্যাট্রিকুলেশন পাশ করে তিনি মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলেন। পড়ালেখার পাশাপাশি ঢাকায় বাবার ছাপাখানার ব্যবসার দেখা শুনাও করতেন।
১৯৫১ সালে ফেব্রুয়ারিতে নিজের বিয়ের কেনাকাটার জন্য ঢাকায় এসে শুনতে পান রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হবে। ১৪৪ ধারা ভঙ্গ করে তিনিও অংশ নেন সে মিছিলে। বর্তমান শহীদ মিনার এলাকায় তাদের সে মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর: মহান এ ভাষা শহীদের জন্ম ফেনীর দাগনভূঞা উপজেলার মাতৃভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে। ভাষা আন্দোলনে তাঁর আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে পরে এ গ্রামের নামকরণ করা হয় সালাম নগর।
ফেনীর দাগনভূঞা কামাল আতাতুক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াকালীন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি শুরু করেন তিনি। বায়ান্নর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছুটি কাটিয়ে ঢাকায় গেলে শুরু হয় ভাষা আন্দোলন। ১৪৪ ধারা ভঙ্গ করে তিনিও মিছিলে অংশ নেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। মিছিলে পুলিশের গুলিতে তিনি মারাত্মক আহত হন। প্রায় দেড় মাস ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন। এ ভাষা শহীদকে পরে ঢাকার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।
২০০৮ সালে এ ভাষা শহীদের স্মরণে তাঁর গ্রামে নির্মাণ করা হয় শহীদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর। তবে এ যাদুঘরের সংগ্রহে তেমন কোনো জিনিস পত্র নেই। তবে ঘুরে আসতে পারেন কবির ভিটেমাটি থেকে। ফেনী শহর থেকে সালাম নগরের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর: শহীদ আব্দুল জব্বারের জন্ম ১৯১৯ সালের ১০ অক্টোবর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখা পড়া করে তিনি বাবাকে কৃষিকাজে সাহায্য করতেন। পরে নারায়ণগঞ্জে এসে তাঁর পরিচয় হয় ইংরেজ এক নাবিকের সঙ্গে। তার সহায়তায় তিনি কাজ পান মায়ানমারের রেঙ্গুন শহরে।
ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বারের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ২০০৮ সালে গফরগাঁওয়ের পাঁচুয়া গ্রামে প্রতিষ্ঠা করা হয় শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর। তাঁর গ্রামের নামকরণ করা হয় জব্বার নগর। ঢাকার মহাখালি থেকে বাসে কিংবা কমলাপুর থেকে ট্রেনে যেতে পারেন গফরগাঁও।
