চিত্র প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন
গুলশান হোসেনের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার বাড্ডার অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে।
প্রায় তিন বছর পর ‘প্রকৃতি ও জীবনের প্রতিফলন’ শিরোনামে প্রদর্শনীর দ্বার খুলেছেন শিল্পী গুলশান। নিজের কাজে প্রকৃতি ও মানবিক সম্পর্কের নানা রূপ তুলে ধরেন। তবে সেই ছবিতে শুধুই নৈসর্গিক সৌন্দর্য আর স্বপ্নিল পরিবেশের দেখা মেলে না। নিজের তুলি দিয়ে নিসর্গের রূপের পাশাপাশি মর্তালোকের নানা টানা পোড়নের গল্প গাঁথেন শিল্পী।
“আমার তো মনে হয়, মায়েদের সময়ের সম্পর্কগুলো আমাদের থেকে একেবারেই ভিন্ন। এক সময় বাড়ি ভর্তি খাবার থাকলেও, মেহমান এলে একজনকে মিষ্টি আনতে পাঠানো হত। এখন কি আর সম্পর্ক আগের মতো জোরালো হয়? আমার তো মনে হয় না। এসবের প্রভাব আমার ছবিতে আছে। কিছু কাজে আমি সেই সম্পর্কের কথা তুলতে আনতে চেয়েছি।”
গুলশান হোসেনের ক্যানভাসে রং লুটোপুটি খায়। ক্যানভাসের এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে আনতে হয়, কারণ ছোট ছোট ডিটেইলগুলো চোখের মণি ঘুরিয়ে আনে। একেবারেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখা দৃশ্যগুলোতে শিল্পী বসিয়ে দেন, তার দেখা চারপাশের মানুষগুলোকে।
সে কারণেই বুদ্ধিজীবি কবরস্থানের মতো জায়গায় খুঁজে পাওয়া যায় প্রাণ, কষ্টের বারিধারায় বসে থাকে প্রেমিক যুগল। সব মিলিয়ে শিল্পীর প্রেরণায় বিমূর্ততার মাঝে, ক্ষুদ্র আলোর মতো দেখা মেলে বাস্তবতার।
শিল্পী বলেন, “আমার কাজকে শুধু বিমূর্ত ছবি বলতে রাজি না আমি। কারণ আমি বাস্তবতাকেও ছবির মাঝে স্থান দিয়েছি। ছবিগুলোর মাঝে যেই মানুষগুলোকে দেখা যায়, তারা বাস্তব জীবনের ঘটনার অংশ। এমনকি কোনো ছবিতে ব্যক্তি আমিও উপস্থিত আছি।”
“রংয়ের জন্য আমি আগে থেকে কোনো বিশেষ চিন্তা মাথায় রাখি না। লে আউট করবার পর প্রয়োজন বুঝে রং মাখি। তবে এটা ঠিক কিছু কিছু জায়গায় হয়ত মনের মধ্য থেকেই কোনো কোনো রং একটু বেশি জায়গা করে নেয়।” বললেন এই শিল্পী।
তিনি আরও বলেন এবারের ছবিগুলোর মাঝে নদী আছে যেগুলোতে, সেখানে পানির রং নিয়ে আমি খেলা করেছি। কারণ আসলে তো পানি আর নীল নেই। তবে ছবির মধ্য দিয়েই আবার নীল রংয়ের পানি দেখবার আকাঙ্ক্ষা আমি জানাতে চেয়েছি।”
অবশ্য পুরো প্রদর্শনী থেকে একটু আলাদা করে সাজিয়েছেন ‘স্টোরি অব পেইন’ শিরোনামের অ্যাক্রেলিক, তেল রং আর কাঠ-কয়লার মিশেলে করা একটি সিরিজ।
শিল্পচর্চার পাশাপাশি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে শিক্ষকতার সাথে যুক্ত আছেন তিনি।
১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতকোত্তর শেষ করেন শিল্পী গুলশান। এরপর, ২০০৬ সালে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে পেইন্টিং ও ড্রইংয়ের উপর স্নাতক এবং ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের উইনচেষ্টার স্কুল অব আর্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দেশে বিদেশে অসংখ্য দলীয় প্রদর্শনী, আর্ট সিম্পোজিয়াম, বিয়্যেনাল, আর্ট ক্যাম্প সেমিনার ও কর্মশালায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন গুলশান হোসেন। ২০১৪ সালে সবশেষ এশিয়ান আর্ট বিয়্যেনালে ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ডের’ পাশাপাশি জয় করেছেন দেশি ও বিদেশি নানান পুরষ্কার।
অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের ঠিকানা: এজে হাইটস, ৭২/১/ডি (২য় তলা), প্রগতি স্মরণী, উত্তর বাড্ডা, ঢাকা ১২১২
ছবি: লেখক।
