২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাললিক প্রাণ-মাটি–প্রতীক’

কালিদাস কর্মকারের প্রদর্শনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 04:55 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে শিল্পী কালিদাস কর্মকারের ২২ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী। ‘পাললিক প্রাণ-মাটি–প্রতীক’ শিরোনামের ৩ জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই আয়োজন। বৃহস্পতিবার গ্যালারির ছুটির দিন।

শিল্পী কালিদাসের ছবির ভাষা বিমূর্ত। রংয়ের ব্যবহারে অসম্ভব আগ্রাসী এই শিল্পী। নানা রকম পরীক্ষা-নীরিক্ষা করতে ভালোবাসেন বলেই হয়ত অনেক বড় পরিসরে কাজ করেন। তবে তার প্রতিটি সৃষ্টির মাঝেই শেঁকড় খুজে পাওয়া যায়, যা পলিমাটি সমদ্ধ এই বঙ্গীয় ব-দ্বীপের আকড়। এখানকার মানুষের জীবনযাপনের নানান অনুসঙ্গ নিয়েই তার রংয়ের খেলাধূলা।

শিল্পীর ৭২তম একক চিত্র প্রদর্শনীতে এসে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আমাদের ভাষা, সংস্কৃতি, বর্ণমালা, জীবন সবই ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই ক্রান্তিকালকে ধরে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কালিদাস।”

তিনি আরও বলেন, “যেহেতু বিমূর্ততাকে উপজীব্য করে ছবি আঁকেন তিনি, তাই তার ছবি নিয়ে কিছু বলা কঠিন। কিন্তু যুগের যন্ত্রনা আছে তার ছবিতে। যেখানে সৌন্দর্য্যবোধ নয় যন্ত্রনাবোধই তার ছবির মূল লক্ষ্য।”

“আর গেল প্রায় ১৫ বছর ধরে তার প্রদর্শনীতে ‘পাললিক’ কথাটি আছে। পলিমাটির দেশে যে তার জন্ম ও বেড়ে উঠা, এই নামেই তার সরব উপস্থিতি আছে।” বললেন আনিসুজ্জামান।

এবারের প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমে করা ৫২টি শিল্পকর্ম রয়েছে। অ্যাক্রেলিক আর মিশ্র মাধ্যমে সমসাময়িক সময়ের ভাবনা নিয়ে করেছেন দু’টি স্থাপনা শিল্পও (ইনস্টলেশন)।

বরাবরের মতোই রং, মাধ্যম আর ছবির ভাষা (ফর্ম) নিয়ে এক ধরনের বোহেমিয়ান (ভবঘুরে) আস্ফালন আছে তার। তার কাজ দেখে তাই সংগ্রাহক আর দর্শকের অনুভুতিতে পার্থক্য খুজে পাওয়াটাও খুব দূরহ কিছু নয়।

যেমন শিল্প সংগ্রাহক ফারুক সোবহানের ভাষায়, “৪০ বছর আগে সংগ্রাহক হিসেবে প্রথম, এরপর বন্ধু হিসেবে কালিদাস কর্মকারের সাথে পরিচয় ও জানা শোনা শুরু। আমার কাছে সে মাটির মানুষ। শিল্পী হিসেবে তার জন্ম স্বাধীনতার সময় এটা ঠিক। আর সেজন্যই হয়ত তার কাজে মানুষের কষ্ট, বেদনা, হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়।”

প্রদর্শিত কাজগুলোতে নানান প্রতীকের ব্যবহার তার বিমূর্ত সৃষ্টিকে মূর্ত করে তুলতে সক্ষম। তার ক্যানভাসে জ্বলজ্বল করে উঠা বাংলা বর্ণমালা, হাত-পা, মুখোচ্ছবি, কড়ি এমনি নানা অনুসঙ্গ ছবিগুলোকে হৃদয়ঙ্গম করে তুলতে সাহায্য করে।

ছবির ভাষায় দর্শকেরা শিল্পীর উচ্ছ্বাস যেমন দেখতে পাওয়া যায়, তেমনি খুঁজে পাওয়া যায় তার বহুদিনের একাকিত্বের বেদনা। হয়ত স্মৃতি হাতড়ে আঁকতে বসেছেন তিনি এমনটাও মনে হতে পারে।

শিল্পীদের এই বহুদা বিভক্ত ঢং আর কাজ নিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কতি মন্ত্রী আসাদুজ্জামান নুর তাই বলেন, “শিল্পের মাঝে জীবনের আনন্দ খুঁজে পাওয়া যায়। এত লড়াই, সংগ্রাম, যুদ্ধের পর শিল্পের কাছে এটাই বাঙালির সবচেয়ে বড় পাওয়া। কারণ এত আঘাতের পরও শিল্পীরা কাজ করে যাচ্ছেন। আর কালিদাসের মতো পরিশ্রমী শিল্পী আমি খুবই কম দেখেছি।”

তিনি আরও বলেন, “আমরা জানি শিল্পের কোনো মূল্য হয় না। তারপরও আমরা চাই প্রতিটা বাঙালির ঘরে শিল্পকর্ম ঝুলুক, যা তাদের আরও সুন্দর জীবনযাপনে সহায়তা করবে। আর সেজন্যই শিল্পীদের কাছে আমার একটা অনুরোধ, তাদের শিল্পকর্মের দাম যদি একটু কমিয়ে রাখেন, তাহলে হয়ত সবাই তাদের কাজ সংগ্রহ করতে পারবেন।”

শিল্পের মধ্য দিয়ে সময়কে ধরে রাখতে চান কালিদাস কর্মকার। হঠাৎ চকিত ফিরে পাওয়া কোনো অনুভূতি নিয়ে কাজ করেন না তিনি।

তাই তার সুবিন্যস্ত ও পরিকল্পিত এইসব শিল্পসৃষ্টি আলোড়িত ও অনুপ্রাণিত করবে সকলকে এমন প্রত্যাশা নিয়েই দুয়ার খুলে অপেক্ষায় আমাদের সকলের ‘কালি দা’।  

নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির ঠিকানা: জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা ১০০০।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।