২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শালের দরদাম

শীতে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ইত্যাদি দেশীয় পোশাক বা ওয়েস্টার্ন, যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায় বিভিন্ন ধরনের শাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তৃপ্তি গমেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 04:28 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

শীতের কাপড়ের যত্ন
শীতে গ্রীষ্মের পোশাক
শীতের পোশাক বাছাই
শালের যত্ন

নিউমার্কেট, গাউছিয়া, বসুন্ধরা সিটিসহ দেশীয় ফ্যাশন ঘরগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের শাল। নারী, পুরুষ এবং বয়স ভেদে শালের ব্যবহারে ভিন্নতা লক্ষ করা যায়। নানা রং আর নানা ঢংয়ের শালে ছেয়ে গেছে বাজার।

কাশ্মীরি শালের জনপ্রিয়তা বরাবরই বেশি। তবে বাজারের অধিকাংশ দখল করে নিয়েছে চায়না শাল। নকশা এবং মানের দিক থেকে ভালো হলেও তুলনামূলক ভারী ও দামে বেশি হওয়ার কারণে অনেকেই এড়িয়ে চলেন

গাউছিয়া, নিউমার্কেট ঘুরে দেখা যায় পাতলা চীনাশালের চাহিদা সব চেয়ে বেশি।

বিক্রেতা মামুন আলী বলেন, “মেয়েরাই চীনাশাল কেনে বেশি। নানারকম নকশা ও রংয়ের জন্য চাহিদাও বেশি।”

পুরুত্ব ও মাপের ভিত্তিতে এর দাম আড়াইশ টাকা থেকে সাড়ে ৪শ’ টাকা। মার্কেটের ভিতরে ও বাইরের ফুটপাথে পাওয়া যাবে এই ধরনের শাল।

কাশ্মীরি শালের আবেদন বরাবরই একটু ভিন্ন। কাজ করা কাশ্মীরি শালের দাম ১ হাজার ৭শ’ টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকা। একটু মাঝ বয়সি মহিলারা এর মূল ক্রেতা। অনেকে শীতকালে উপহার দেওয়ার জন্য এই ধরনের শাল কিনে থাকেন। কাশ্মীরি শাল কেনার আগে একটু যাচাই করে কিনা ভালো কারণ বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে কাশ্মীরি শালের নামে নকল পণ্যও বিক্রয় করা হচ্ছে।

এছাড়াও মার্কেটে দেখা যায় উল ও নানা রকমের দেশিশাল। উলের শালের দাম দেড়শ থেকে ৫শ’ টাকা আর মোটা দেশি শালের দাম ৩শ’ থেকে ৭শ’ টাকা। ছেলেদের শাল পাওয়া যাবে দেড়শ টাকা থেকে ৩শ’ টাকায়।

আড়ংয়ে পাতলা, মোটা সব ধরনের শাল পাওয়া যাচ্ছে। রয়েছে তাঁত, ধুপিয়ান, সিল্ক ভিসকস ইত্যাদির তৈরি শাল। হাতের কাজ করা সিল্ক ও ধুপিয়ান শালের দাম ২ হাজার থেকে ১ হাজার টাকা। তাঁতের পাতলা শালের দাম ১ হাজার টাকা থেকে দেড় হাজার টাকা। মনিপুরি কাপড়ের নকশার শালের দাম ১ হাজার ২শ’ থেকে ১ হাজার ৮শ’ টাকা।

ব্লক-বাটিকের কাজ করা শাল পাওয়া যাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকায়। নকশিকাঁথা ও অন্যান্য হাতের কাজের শাল পাওয়া যাবে। কাজ ভেদে দামের পার্থক্য রয়েছে।

এছাড়াও আড়ংয়ে পাওয়া যাবে নানা এক্সক্লুসিভ শাল। যার মূল্য ৫ হাজার টাকা থেকে শুরু।

বসুন্ধরার দেশীদশের বিভিন্ন ফ্যাশন ঘর যেমন- কে ক্রাফট, বিবিয়ানা, নগরদোলা, দেশাল ইত্যাদি ঘুরে দেখা যায় শালের দামের খুব একটা পার্থক্য নেই। এইসব ফ্যাশন ঘরে পাওয়া যাচ্ছে খাদি, উল ও মোটা সুতি কাপড়ের শাল।

এইসব শালে থাকছে ব্লক, বাটিক ও টাইডাইয়ের কাজ। তবে বিবিয়ানাতে উলের শালের সমাহার দেখা যায়নি।

এইসব ফ্যাশন ঘরে একরঙা খাদি শাল পাওয়া যাচ্ছে ৫শ’ টাকায়। ব্লক করা খাদি শালের দাম সাড়ে ৬শ’ টাকা থেকে শুরু। একই শালে ব্লক ও বাটিকের বা টাইডাই ও বাটিকের কাজ করা এমন শালের দাম ৮শ’ টাকা থেকে শুরু।

দেশীদশে উলের শালের দাম ১ হাজার থেকে ১ হাজার ২শ’ টাকায় পাওয়া যাচ্ছে। তবে কাজের পার্থক্য অনুযায়ী দামেরও পার্থক্য ঘটবে।   

আজিজ সুপার মার্কেটের বিভিন্ন দোকানে পাওয়া যাবে খাদি, উল ও সুতি কাপড়ের তৈরি শাল। খাদি শালের দাম ৪শ’ টাকা থেকে শুরু। খাদির উপরে ব্লক বাটিক করা শালের দাম সাড়ে ৬শ’ থেকে সাড়ে ৮শ’ টাকার মধ্যে।

এছাড়া খাদি, উল ও তাঁতের নানা রকমের শালে পাওয়া যাবে টাই-ডাই, ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট, কাঁথা স্টিচ, হাতের কাজ ও অ্যাম্ব্রোয়ডারির কাজকরা।

ছবি: সৌজন্য কে ক্রাফট।