২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিজীবী ও বিজয় দিবসের শিল্পকর্ম প্রদর্শনী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের এক নম্বর গ্যালারিতে, এই জাতীয় প্রদর্শনী শুরু হয়েছে ১৪ ডিসেম্বর সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 03:14 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

বাঙালি জাতির গৌরব গাঁথা ডিসেম্বর মাসে নানা আয়োজনে নিজেদের অর্জনকে স্মরণ করে এদেশবাসী। একদিকে শীতের আমেজ, আর অন্যদিকে স্বাধীনতা লড়াইয়ে বিজয়ের মাস– দুয়ের মিশেলে ডিসেম্বর যেন বাঙালির জন্য এক উৎসবেরই নামান্তর।

তবে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার ও এদেশীয় দোসরদের ঘৃণ্য কাজের সাক্ষী ‘বুদ্ধিজীবী হত্যা’ এক বিভীষিকার পরিচায়ক। তাই দু’দিন আগে পরে হলেও, শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস বাঙালির জন্য এক দৃপ্ত অনুপ্রেরণা নাম।

এই অনুপ্রেরণা সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে, শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ চারুকলা প্রদর্শনী ২০১৫। ঢাকার সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের এক নম্বর গ্যালারিতে, এই জাতীয় প্রদর্শনী শুরু হয়েছে ১৪ ডিসেম্বর সোমবার।

একেবারেই অনাড়ম্বর তবে তাৎপর্যপূর্ণ এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৮টা এবং অন্য যে কোনো দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।

একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই গ্যালারির দায়িত্বে থাকা মিজানুর রহমান বলেন, এ বছরের আয়োজনে মোট ১৫০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। যার মাঝে ৫০টি স্থির আলোকচিত্র (ফটোগ্রাফ), একটি ভিডিও আর্ট, দুটি স্থাপনা শিল্প (ইনস্টলেশন), চারটি ট্যাপেস্ট্রি, ছয়টি ভাস্কর্য ও বাকিগুলো চিত্রকর্ম।

তবে গ্যালারি ঘুরতেই বিশেষভাবে চোখে পড়ে শিল্পী কামালুদ্দিনের করা শহীদ বুদ্ধিজীবীদের পোর্ট্রেট। ক্যানভাসে করা ১১জন বুদ্ধিজীবীর এই শিল্পকর্মগুলো মনে করিয়ে দেয়, আমাদের এই বিজয় কতটা অমূল্য। উদ্ভাসিত হওয়ার আগেই নৃশংসতার শিকার এই মানুষগুলোর দৃপ্ত চাহনি, যেন এক না দেখা মুক্তিযুদ্ধকে তুলে ধরে আমাদের সামনে। তবে মহতী উদ্যোগের পাশাপাশি অভিযোগও রয়েছে সরকারী পৃষ্ঠপোষকতা পাওয়া এই প্রতিষ্ঠানের প্রতি।

প্রদর্শনী দেখতে আসা মোহাম্মদ নুরে আলম বলেন, “পোর্ট্রেটগুলোর জন্য খুবই সাধারণ মানের ক্যানভাস ব্যবহার করা হয়েছে। এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য অবশ্যই ভালো মানের সব উপাদান ব্যবহার করা উচিত ছিল। কারণ এগুলো ঐতিহাসিক দলিল। এছাড়া বেশ কিছু পুরানো কাজও প্রদর্শিত হচ্ছে বলে মনে হল।”

এবারের  আয়োজনে রয়েছে শিল্পী রফিকুন নবী, শাহাবুদ্দিন আহমেদ, হাশেম খান, সমরজিৎ রায় চৌধুরী, নিতুন কুন্ডু, বীরেন সোম, আবু তাহের, আমিনুল ইসলাম, শিশির ভট্টাচার্য, কাইয়ুম চৌধুরী, হামিদুজ্জামান খান, মোহাম্মদ ইউনুস, কাজী আনোয়ার হোসেন, নাসরিন বেগম, ফরিদা জামান, নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, মাহফুজুর রহমান, মোহাম্মদ মোহসীন, গুলশান হোসেনসহ মোট ৮০জন শিল্পীর কাজ।

ভিডিও আর্টটি করেছেন শিল্পী সাহেদ মোহাম্মদ। এছাড়া যে একটি স্থাপনা গ্যালারিতে দেখা গেল, তা শিল্পী প্রদ্যুৎ কুমার দাসের করা। বড় ট্যাপেস্ট্রির শিল্পী তাজুল ইসলাম।

সব না হলেও, অন্যান্য শিল্পকর্মে তাও কিছু পরিচিতি রয়েছে। কিন্তু আলোকচিত্র প্রদর্শনীর অংশে এসে দেখা গেল, কোনো শিল্পীর নাম নেই। ক্ষেত্র বিশেষে কিছু আলোকচিত্রে ব্যাখ্যা (ক্যাপশন) রয়েছে, তবে তাও খুব গোছানো নয়।

মুক্তিযুদ্ধের সময়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র দিয়ে সাজানো এই সংগ্রহীত ছবিগুলো সম্পর্কেও খুব বেশি কিছু জানা যায়নি। তবে কিছুটা তথ্য পাওয়া গেল প্রদর্শনীর নিরাপত্তার দায়িত্বে থাকা জয়নাল আবেদিন নামের শিল্পকলা একাডেমির এক প্রৌঢ় কর্মচারীর কাছ থেকে।

“আসলে এই ছবিগুলো মূল শিল্পী কে তা জানা প্রায় অসম্ভব। আমার যত দূর মনে পড়ে, ৯৬ (১৯৯৬) সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, সুবীর চৌধুরী (প্রয়াত) সাহেব শিল্পকলার দায়িত্বে ছিলেন। তিনিই সেসময় উদ্যোগী হয়ে এই ছবিগুলো একাডেমির সংগ্রহশালায় যুক্ত করেছিলেন।”

তারপরও মুক্তিযুদ্ধের অনুপ্রেরণায় করা এই শিল্পকর্মগুলো নিঃসন্দেহে মানুষের মাঝে আলোড়ন তুলবে। নয় মাসব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধের এই শৈল্পিক উপস্থাপনা, মানুষকে আমাদের ইতিহাস সম্পর্কে আরও বেশি আগ্রহী করে তুলবে, এমন চাওয়াটাও খুব অমুলক নয়।

মূর্ত কিংবা বিমূর্ত শিল্পকলায় ভাস্কর থাকবে আমাদের লাখো শহীদের ত্যাগ। আর তাদের এই মহান ত্যাগকে সম্মান জানিয়ে করা এই আয়োজন মানুষকে আরও বেশি ভাবতে বাধ্য করবে। শিল্পের সার্থকতা জ্বলজ্বল করবে আমাদের মহান মুক্তিযুদ্ধ।

শিল্পকলা একাডেমির ঠিকানা: ১৪/৩ সেগুন বাগিচা, ঢাকা।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।