সুইট বাটার ব্রেড উইথ অরেঞ্জ গ্লেইজড
নরম, বাটারি সঙ্গে কমলার মিষ্টি সুবাসিত রুটি। বানানো খুবিই সহজ।
রেসিপি দিয়েছেন ফারহানা রহমান ।
উপকরণ
খামিরের জন্য: ২ কাপ ময়দা। ১টি ডিম। ২ চা-চামচ ইস্ট। ৩ টেবিল-চামচ গুঁড়াদুধ। আধা কাপ চিনি। আধা কাপ নরম বাটার(গলানোটা না)। আধা কাপ দুধ (প্রয়োজনে আরও একটু লাগতে পারে)। ১ টেবিল-চামচ অরেঞ্জ জেস্ট।
অরেঞ্জ গ্লেইজড’য়ের জন্য: ১ কাপ কমলার রস। দেড় কাপ আইসিং সুগার। ১ টেবিল-চামচ লেবুর রস।
পদ্ধতি
প্রথমেই ব্রেডের খামির বানিয়ে নিন।
খামির বানানোর জন্য হালকা গরম দুধে চিনি মিশিয়ে এর ভেতর ইস্ট মিশিয়ে নিন। ময়দা, ডিম, গুঁড়াদুধ, অরেঞ্জ জেস্টয়ের সঙ্গে ভালো মতো মিশিয়ে সঙ্গে দুধ-চিনি-ইস্টয়ের মিশ্রণটা দিয়ে দিন এবং খুব নরম মোলায়েম করে খামির তৈরি করুন।
বাটার মিশিয়ে অনেকক্ষণ মাখাতে হবে।
খামির ভালো করে মাখিয়ে উপরে তেল মাখিয়ে বড় বাটিতে চেপে ঢেকে গরম জায়গায় দুই ঘন্টা রেখে দিন। খামির ফুলে উঠবে।
এখন খামির চার ভাগ করে নিন। এক ভাগ দিয়ে মোটা লম্বা রুটি তৈরি করুন। এই রুটিকে লম্বা তিনকোণা বরফির মতো করে কয়েকটি ছোট রুটির আকারে কেটে নিন।
একটি কাটা রুটি নিয়ে সেটির চওড়া দিক থেকে সরু দিকে রোল করুন। এভাবে সবগুলো তৈরি করে নিন।
তারপর ব্রেডগুলোর উপর ডিম ব্রাশ করে প্রিহিটেড ওভেনে ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫ মিনিট অথবা উপরের দিকটা লাল হওয়া পর্যন্ত বেইক করুন। বেশিক্ষণ বেইক করলে ব্রেডগুলো শক্ত হয়ে যাবে। সেজন্য ওভেনে দিয়ে একটু খেয়াল করতে হবে।
এবার অরেঞ্জ গ্লেইজড বানিয়ে নিন। সব উপকরণ একসঙ্গে মাঝারি আঁচে রান্না করুন। ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন।
গরম গরম অরেঞ্জ গ্লেইজড ব্রেডগুলোর উপর ঢেলে দিন।
১৫ মিনিট পর একটু ঠাণ্ডা হলে, পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
