ট্র্যাভেলগ: এক্সপ্লোরিং আমেরিকা উইথ পেন অ্যান্ড পেপার
সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের ভ্রমনের খেরো খাতা।
পেশাগত পরিচয়ে কার্টুনিস্ট। কাজ করছেন ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায়। পত্রিকার নিয়মিত কাজের পাশাপাশি নিজে কয়েকটি বই করেছেন। আক্ষরিক অর্থে একেবারেই গল্প-উপন্যাসের বই ঠিক এমনটাও নয়। যেহেতু আঁকাআঁকির মানুষ, প্রকাশনার সঙ্গে তাই এর সম্পৃক্ততা রয়েছেই।
তবে এবার, একেবারেই ভিন্নভাবে হাজির হয়েছেন। সবার সামনে তুলে ধরেছেন তার আমেরিকা ভ্রমনের খেরোখাতা। তবে একেবারেই নতুন আঙ্গিকে।
গতানুগতিক কোনো ভ্রমণ পরিক্রমা নয় সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের এই খেরোখাতা। চোখে দেখা আর সেই সঙ্গে হদয় দিয়ে অনুভব করে নিজের ডায়েরিতে করা ‘প্রত্যক্ষ সাক্ষ্য’ বা ‘লাইভ ড্রইং’, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেxয়া আলোকচিত্র ও টুকে রাখা ছোট ছোট অভিজ্ঞতাকে এই সুতায় গেঁথেছেন তন্ময়।
আমারিকার ‘ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট’য়ের আমন্ত্রণে এ বছরের অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত দু’মাসের এক ফেলোশিপ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। সেই সুবাদে বিস্তর ঘোরাঘুরিরও সুযোগ পেয়েছেন। শিল্পী হিসেবে সেই সময়টাই হয়তো আরও বেশি উপভোগ্য ছিল তার কাছে। আর সেজন্যই অভ্যাসবশত ডায়েরি নিয়েই ঘুরেছেন মিনেসোটা থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত।
যখন যেখানে যা দেখে অনুপ্রাণিত হয়েছেন কলম কাগজে তা লিপিবদ্ধ করেছেন। বনানীর এই ছোট্ট অস্থায়ী গ্যালারি ঘুরে, একটা সময়ের জীবন সাক্ষ্য দেখা হয়ে যেতে পারে। প্রথাগত সাংবাদিকতা গণ্ডির বাইরে, আবার ঠিকই সময়কে ধরে রাখা যায় এমনভাবেই কাজ করেছেন তন্ময়।
তার এই প্রদর্শনী হয়তো অগাস্ট থেকে অক্টোবরের মাঝে দেখা, ভিন্নভাবে আমেরিকাকে জানবার সুযোগ করে দিবে দর্শনার্থীদের।
তার সব স্কেচে দেখতে পাওয়া যাবে আমেরিকার সিটিস্কেপ, উঁচু ইমারত, হোয়াইট হাউজ, সাবওয়ে, ট্রেন, খাবার-দাবার এমনি দৈনন্দিন জীবনের নানান অনুসঙ্গ।
প্রদর্শনীর কিউরেটর তামান্না ও কার্টুনিস্ট তন্ময়।
“আমেরিকাতে গিয়েও এর ব্যতিক্রম হয়নি। নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, ভাইস, ওয়াশিংটন পোস্টের মতো বড় বড় সব গনমাধ্যমের কার্যালয় ঘুরে দেখাও হয়েছে এই সময়। তবে এসবের মাঝেও স্কেচ করে গেছি আমি। বিদেশি হিসেবে যখন যা দেখে ভালো লেগেছে দ্রুত তা তুলে ফেলেছি ডায়েরিতে।”
আমেরিকায় কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে কার্টুনিস্ট তন্ময় জানান এমন কথা।
তবে প্রদর্শনীর পরিকল্পনা নিয়ে এমনটা করেননি তিনি।
তার কথায় “আমি আসলে এভাবেই কাজ করি। সুতরাং সেখানেও সেটা করছিলাম। তবে মাঝামাঝি একটা সময়ে গিয়ে মনে হল আমার স্কেচগুলো মিলে একটা গল্পের মতো দাঁড়াচ্ছে। তখনই চিন্তা করি ঢাকায় ফিরে এ নিয়ে কিছু করা যায় কিনা। পরে শেহজাদ ভাইয়ের সঙ্গে কথা বলেই এই আয়োজন।”
বনানীর একটি ব্যবসায়িক স্থাপনার নিচতলার যে জায়গায় এই প্রদর্শনী হচ্ছে তার মূল উদ্যোক্তা শেহজাদ চৌধুরী। ‘লনজিটিউড ল্যাটিটিউড সিক্স’ নামে চার মাসব্যাপী এক শিল্প উদ্যোগের অংশ হিসেবেই সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের এই প্রদর্শনী।
তিনি আরও বলেন, “তন্ময়ের ডায়েরির পাতাগুলো স্ক্যান করে কার্টিজ পেপারে প্রিন্ট দিয়ে প্রায় ৭০টির মতো পাতা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে। একই রকমভাবে ইনস্টাগ্রামে দেওয়া প্রায় ২শ’ ছবিও প্রিন্ট করে লাগানো হয়েছে। আবার ওর ঘোরাঘূরির একটা মানচিত্রও তৈরি করা হয়েছে এগুলোর সাহায্য নিয়ে। সব মিলিয়ে আমার মনে হয়েছে এক অন্য আমেরিকা দেখতে পাবে মানুষ এখানে।”
কী আছে আর কী নেই সে আলোচনায় না গেলেও, হোয়াইট হাউজ নিয়ে ছোট্ট নোট দিয়ে লেখা শেষ করা যেতে পারে।
ফেলোশিপ কর্মসূচির অংশ হিসেবেই আমেরিকান রাষ্ট্রপতির এই রাষ্ট্রীয় ভবনে যেতে পেরেছেন, যেখানে ছবি তোলায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে এখানেই শিল্পের আশ্রয় নিয়ে অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন তন্ময়। স্কেচ করে তুলে এনেছেন হোয়াইট হাউজের অন্দরমহল।
ঠিকানা: বেইজ বেলা ভিস্তা, বাড়ি ৯৬, সড়ক ১১, ব্লক সি, বনানী, ঢাকা।
ছবি: ফায়হাম ইবনে শরীফ।
