২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলছে ‘ঢাকা মেকার্স’য়ের তৃতীয় আসর

পাঁচ দিনের আয়োজনে থাকছে একক উদ্যোক্তা ও কারুশিল্পীদের নানান পণ্যের উপস্থাপনা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 12:10 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

শুধু একটা মেলা নয়, যেখানে পণ্য বেচা-কেনা হবে আর মানুষ দেখে শুনে চলে যাবে। বরং ঢাকা মেকার্স যাত্রা শুরু করেছিল উদ্যোক্তা, শিল্পী, হস্তশিল্প নির্মাতাদের এক ছাদের নিচে এনে, সমন্বয়ের ভিত্তিতে এগিয়ে যেতে।

২০২৩ সালের প্রথম আয়োজনের পর, তৃতীয় এই আসর বসছে আজ ৩০ জানুয়ারি, রাজধানীর গুলশান তেজগাঁও সংযোগ সড়কে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে।

“এবারে জোর দেওয়া হয়েছে কারুশিল্পের ওপর”- এই তথ্য জানিয়ে ২৩ জানুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ঢাকা মেকার্স’য়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ সাত্তার আরও বলেন, “আমরা চাই এবার আগত দর্শনার্থীদের সঙ্গে বিভিন্ন কারুশিল্পী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ হোক। সংগ্রহ করুক। সবার সঙ্গে সবার আদান প্রদান হোক।”

সম্মেলনে আয়োজকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অমিয়া খন্দকার, মাহেনাজ চৌধুরী, সাবিত শাহরিয়ার, মেলিনা গোমেজ, ফাইরোজ ইয়াসমিন, মারুফুল হক, ইশতেলা ইমাম ও তাসমিয়া তানজিম হাসান।

কারুশিল্প ছাড়াও ‘হাউজ অফ অ্যানিমেইশন’- যেখানে ঢাকার তিনটি স্টুডিওর অ্যানিমেইশন শিল্পীদের নিয়ে একটি পরীক্ষামূলক আয়োজন করা হয়েছে এবারে।

থাকছে ১৯টির মতো কর্মশালা।

৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমন্ত্রিত কারুশিল্পীদের পরিচালনায় কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে। পটচিত্র-শিল্পী, টেপাপুতুল-শিল্পী, শোলার খেলনা, জামদানি বয়ন কর্মশালাসহ অনেক কিছু থাকছে এই আয়োজনে।

আরও থাকছে - পান্থ সাদিকের পরিচালনায় টেরেরিয়াম ওয়ার্কশপ, নাযাম আনোয়ারের ক্যালিগ্রাফি, দ্য জিরো ওয়েস্টেজ কর্মশালা, সাসটেইনেবল লেদার ক্র্যাফটিং, রুমানা ইয়াসমিন, ক্যাথরিনা ডং ও ফারাহ খন্দকারের তত্ত্বাবধানে নকশিকাঁথা, সব্যসাচী হাজরার পরিচালনায় বাংলা ক্যালিগ্রাফি ও টাইপোগ্রাফি ওয়ার্কশপ, নিখিল চন্দ্র দাসের পরিচালনায় রূপকথার পটচিত্র, শামীম খান ও মোহাম্মদ নোমান খানের পরিচালনায় ট্যাপেস্ট্রি উইভিং, সুনীল পালের প্রশিক্ষণে দ্য আর্ট অব টেপাপুতুল, লাইট অব আ লেদার-এক্সপ্লোরিং দ্য আর্ট অব শোলা, বুননশিল্পী রাজন মিয়া ও ধারার তত্ত্বাবধানে দ্য লুপ অ্যান্ড দ্য লেজেন্ড উইভিং ঢাকাই জামদানি, মাহেনাজ চৌধুরী, কুসুম বেগম ও তীর্থের পরিচালনায় ফোকলোর অ্যান্ড কমিক বুকস; স্টিচিং স্টোরিস থ্রু নকশিকাঁথা, রেশমা সাহাব তীর্থের তত্ত্বাবধানে বেসিকস অব কম্পোজিশন, তানজিলা সিদ্দিকের টেরাকোটা ট্রান্সফরমেশন মেকিং ক্লে মাস্কস, রাইয়ান মাহবুবের ঢাকা মেক এ জাইন, ঢাকা, ময়রে ও বারকিউর পরিচালনায় গরিলা স্ক্রিন পেইন্টিং, ত্রিস্তান হকের পরিচালনায় অরিগামি কর্মশালা, আজিম নিলয়ের পরিচালনায় ওয়াটার মার্বেলিং ক্রিয়েট অ্যাবস্ট্রাক্ট প্রিন্টিং অ্যান্ড প্যাটার্ন্স, সোনিয়া রাজ্জাকের জাপানিজ ফ্লোরাল আর্ট ইকেবানা ও নওয়াজেশ সালেহিন সানির উড ক্র্যাফটিং অ্যাট হোম।

দেশের বিলুপ্ত প্রায় কারুপণ্যের শিল্পীদের নিয়ে আলাদা জায়গা করা হয়েছে। যেখানে অভিজ্ঞতা লাভ করা যাবে তাদের কাজ সম্পর্কে। এই ধরনের কাজের মধ্যে থাকছে- নারকেলে খোল দিয়ে বানানো বিভিন্ন অনুষঙ্গ, শীতলপাটি ইত্যাদি।

৩০ জানুয়ারি থাকছে রিসাইকেলড ক্র্যাফট, ৩১ জানুয়ারি আলপনা, বডি পেইন্টিং পারফরম্যান্স ও রিকশা আর্ট অন অবজেক্ট, ১ ফেব্রুয়ারি ইয়ান্ত্রার পরিচালনায় ট্যাপেস্ট্রি তৈরির পরিবেশনা, ফোক পেইন্টিং অন অবজেক্ট পরিবেশনা।

২ ফেব্রুয়ারি থাকছে লাঠিখেলা, বাঁশি বাজানো পরিবেশনা ও সাধুসঙ্গের পরিবেশনা।

পাঁচ দিনই থাকছে সংগীত আয়োজন, যেখানে থাকবে শিল্পী মুয়িজ মাহফুজ, কৃষ্ণকলি, কনক আদিত্য ও কফিল আহমেদ এবং ব্যান্ড সাবকনশাস, পাওয়ার সার্জ, পোস্ট অফিস সোসাইটি ও রেহমান ডুও।

বরাবরের মতো মার্কেট প্লেস এবং খাবারের আয়োজনও থাকছে।

সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজন উপভোগ করা যাবে ৩শ’ টাকার টিকিটের মাধ্যমে, সাথে কনসার্টের প্রবেশ ফ্রি। কর্মশালায় অংশগ্রহণের জন্য আলাদা টিকিট কিনতে হবে। বিষয়ভেদে ফি ১ হাজার থেকে ২ হাজার ৪শ’ ৫০ টাকা।

১০টি ঐতিহ্যবাহী শিল্প এবং ৮০ জন উদ্যোক্তা নিয়ে আয়োজিত ‘ঢাকা মোকার্স-থ্রি’র পর্দা নামবে ৩ ফেব্রুয়ারি রাতে।