সঞ্চয়পত্র বা এফডিআর নয়, ট্রেজারি বিল-বন্ডেও বিনিয়োগ করতে পারেন
সরকারই গ্যারান্টি দিচ্ছে, মুনাফাও একই রকম — তবু অনেকে জানেন না এই বিনিয়োগের কথা।
ব্যাংকে এফডিআর করতে গেলেন, মুনাফার হার শুনে মন ভালো হলো না। সঞ্চয়পত্র কিনতে গেলেন, ঝামেলা অনেক। অলস টাকাটা বিনিয়োগ করতে পারছেন না।
এই পরিস্থিতিতে একটা বিকল্প আছে যেটা অনেকেই জানেন না— সরকারি ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড।
মুনাফার হার সঞ্চয়পত্রের কাছাকাছি, ঝুঁকি প্রায় শূন্য, আর সরকার নিজে গ্যারান্টি দিচ্ছে।
ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ড — দুটো কি এক জিনিস?
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম বললেন, “ট্রেজারি বিল ও বন্ড দুটোই সরকারি সিকিউরিটিজ। তবে দুটোর মধ্যে পার্থক্য আছে — মূলত মেয়াদে।”
ট্রেজারি বিল হল- স্বল্পমেয়াদি বিনিয়োগ। ৯১ দিন, ১৮২ দিন বা ৩৬৪ দিনের মেয়াদে পাওয়া যায়।
বিষয়টা একটু অন্যরকমভাবে কাজ করে। একটু কম দামে কিনবেন, মেয়াদ শেষে পূর্ণ মূল্য ফেরত পাবেন। এই পার্থক্যটাই মুনাফা।
ট্রেজারি বন্ড হল- দীর্ঘমেয়াদি বিনিয়োগ। দুই বছর থেকে শুরু করে ২০ বছর পর্যন্ত। এতে প্রতি ছয় মাস পরপর নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। অনেকটা প্রতি মাসে ভাড়া পাওয়ার মতো, নিয়মিত আয়।
মুনাফার হার
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ট্রেজারি বিলের হার বেশ আকর্ষণীয়। ৯১ দিনের বিলে পাওয়া যাবে ১০ দশমিক ১৭ শতাংশ, ১৮২ দিনের বিলে ১০ দশমিক ৪৯ শতাংশ এবং ৩৬৪ দিনের বিলে ১০ দশমিক ৬৪ শতাংশ।
বন্ডে মেয়াদ যত বেশি, মুনাফার হারও তত বেশি।
পাঁচ বছরের বন্ডে ১০ দশমিক ৭৫ শতাংশ, দশ বছরে ১০ দশমিক ৯৮ শতাংশ, পনেরো বছরে ১১ দশমিক ১৫ শতাংশ এবং বিশ বছরে ১১ দশমিক ২৩ শতাংশ।
সঞ্চয়পত্রে মেয়াদপূর্তিতে মুনাফা ১০ থেকে ১১ শতাংশ। এফডিআরেও কমবেশি একই।
ট্রেজারি বিল-বন্ডের হার তুলনীয়। আর সুবিধা হল সরকার সরাসরি গ্যারান্টি দিচ্ছে।
এই বিনিয়োগকে নিরাপদ বলা হয় যে কারণে
বিনিয়োগে সবচেয়ে বড় ঝুঁকি হল- টাকা না পাওয়া। শেয়ারবাজারে লোকসান হতে পারে। ব্যাংক দেউলিয়া হতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে।
তবে সরকারি ট্রেজারি বিল ও বন্ড— এখানে সরকার নিজে ঋণ নিচ্ছে। সরকার যদি পরিশোধ না করে, তাহলে দেশ দেউলিয়া। সেই পরিস্থিতি বাংলাদেশে এখনও আসেনি।
“তাই বিনিয়োগের নিরাপত্তার দিক থেকে এটা কার্যত ঝুঁকিমুক্ত”- মন্তব্য করেন আকতারুল আলম।
যারা কিনতে পারবে ও প্রাপ্তি স্থান
সব শ্রেণি-পেশার মানুষই ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করতে পারেন। আবাসিক বা অনাবাসিক যে কেউ — এমনকি বিদেশে থাকলেও।
সঞ্চয়পত্রে যেমন ঊর্ধ্বসীমা আছে, এখানে তা নেই। এক লাখ টাকা থেকে শুরু করে যত খুশি বিনিয়োগ করা যায়।
প্রক্রিয়াটা যেভাবে কাজ করে- প্রথমে যেতে হবে একটা বাণিজ্যিক ব্যাংকে সোনালী, অগ্রণী, জনতা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক বা স্ট্যান্ডার্ড চার্টার্ড— এই ব্যাংকগুলো সরকারের প্রাইমারি ডিলার হিসেবে কাজ করে।
সেখানে বাংলাদেশ ব্যাংকে একটা বিজনেস পার্টনার আইডেন্টিফিকেশন বা বিপি আইডি হিসাব খুলতে হবে। দরকার হবে জাতীয় পরিচয়পত্র, টিআইএন নম্বর, ছবি এবং ব্যাংক হিসাবের তথ্য।
এরপর ব্যাংকের মাধ্যমে সরাসরি নিলামে অংশ নেওয়া যাবে, অথবা সেকেন্ডারি বাজার থেকেও কেনা যাবে।
মেয়াদ শেষের আগে বিক্রি করা যাবে কি?
সঞ্চয়পত্রে মেয়াদের আগে ভাঙলে মুনাফা কমে। ট্রেজারি বিল-বন্ডের ক্ষেত্রে কী হবে, এগুলো সেকেন্ডারি বাজারে লেনদেনযোগ্য। মানে মেয়াদ শেষের আগেও যে কোনো সময় বিক্রি করা যায়।
তবে বাজারমূল্যে বিক্রি হবে। মুনাফার হার ওঠানামা করলে দাম কম-বেশি হতে পারে।
দীর্ঘমেয়াদি বন্ডে প্রতি ছয় মাসে মুনাফা আসে। আর স্বল্পমেয়াদি বিলে মেয়াদ শেষে আসল ও মুনাফা একসঙ্গে।
অলস টাকাকে কাজে লাগানো
এটা বহু বছর ধরে আছে। ব্যাংক ও বড় প্রতিষ্ঠানগুলো এতে বিনিয়োগ করছে।
এখন সাধারণ মানুষও সহজেই সুযোগ নিতে পারেন। ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করতে হবে ট্রেজারি বিল বা বন্ড কেনার প্রক্রিয়া কী। সঠিক তথ্য জেনে বিনিয়োগ করুন।
সঞ্চয়পত্র বা এফডিআরের পাশাপাশি ট্রেজারি বিল-বন্ড বিনিয়োগের পোর্টফোলিওতে যোগ করা বুদ্ধিমানের কাজ হতে পারে।
আরও পড়ুন
