২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যে কারণে বাসাতেই রক্তচাপ মাপা ভালো

নিজে রক্তচাপ পর্যবেক্ষণের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। না হলে ভুল হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2025, 12:52 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

ডাক্তারের কাছে গিয়ে রক্তচাপ মাপার পর যদি সামান্যতম পরিবর্তন দেখা দেয় তবে মনে নানান প্রশ্ন জাগতে পারে।

আসলেই কি উচ্চ রক্তচাপে ধরলো? নাকি রাতের খাবারের কারণে হল? অথবা মানসিকচাপ বা ঘাবড়ানো থেকে মাত্রা বেশি দেখাচ্ছে?

‘হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রক্তচাপ মাপার বিষয়টি বেশ সংবেদনশীল। মানসিক চাপ, শারীরিক কর্মকাণ্ড-সহ সারাদিনের নানান প্রভাবে রক্তচাপ ওঠা নামা করতে পারে।

তাই চিকিৎসকের কাছে গিয়ে একবার মাপলেই বোঝা যায় না, আসলেই কি উচ্চ রক্তচাপে ধরেছে নাকি ধরেনি।

যাদের রক্তচাপ সাধারণ মাত্রার চেয়ে কোনো সময় একটু কম বা একটু বেশি থাকে তাদের ক্ষেত্রে বাসায় পর্যবেক্ষণ করা বেশি উপকারী। পাশাপাশি দৈনিক কর্মকাণ্ডের কারণে রক্তচাপের ওঠা নামা স্বাভাবিক আছে কি-না, সেটাও বোঝা যায়।

এজন্য ঘরে নিয়ম করে রক্তচাপ মাপলে সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এজন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়।

সঠিক সময়: প্রথমবার রক্তচাপ পরীক্ষার জন্য বেছে নিতে হবে দিনের প্রথমভাগ। এরপর সন্ধ্যায় আবার মাপতে হবে। এভাবে সপ্তাহ জুড়ে প্রতিদিন রক্তচাপের মাত্রা বের করে লিখে রাখতে হবে।

যদি দেখা যায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মিলছে না, তবে আরও দুয়েক সপ্তাহ এভাবে রক্তচাপ মেপে তথ্য সংরক্ষণ করে রাখতে হবে।

দুয়েকটা ‘রিডিং’ যদি বেশিও আসে তবে ঘাবড়ানো যাবে না। কারণ মনে রাখতে হবে সারাদিনে নিয়মিতভাবে রক্তচাপ পরিবর্তিত হয়।

অনুসরণ করা: বর্তমানে বাজারে পাওয়া যায় এমন স্বয়ংক্রিয় রক্তচাপ মাপার যন্ত্রে সহজেই কয়েক সপ্তাহের তথ্য সংরক্ষণ করে রাখা যায়। যদি এমন ব্যবস্থা না থাকে তবে নোটবুকে প্রতিদিনের রক্তচাপের মাত্রা লিখে রাখতে হবে। যাতে পরে চিকিৎসক সেটা দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

বেশি না করা: সকালে আর সন্ধ্যায়- দিনে দুবেলা রক্তচাপ মাপাই যথেষ্ট। অতিরিক্ত মাপলে নানান ধরনের মাপ পাওয়া যাবে সারাদিন ধরে। ফলে মনের মধ্যে আতঙ্ক ও দুশ্চিন্তা কাজ করতে পারে।

রক্তচাপ মাপার সঠিক যন্ত্র বাছাই

বর্তমানে রক্তচাপ মাপার নানান রকম স্বয়ংক্রিয় যন্ত্র রয়েছে। তবে হার্ভার্ড হেল্থ জানাচ্ছে- কনুইয়ের ওপরে হাতের অংশে যে প্যাড জড়ানো হয় সেটার মাপ সঠিক হতে হবে। যাকে বলে ‘কাফ’।

স্বাভাবিক অবস্থায় ‘কাফ’ হাতে জড়ালে একটু ঢিলে থাকবে। তারপর সেটা বাতাসে ফুলে উঠলে বাহুতে চেপে বসবে।

তবে এই ‘কাফ’ হাতের মাপের চেয়ে বেশি ছোট হলে রক্তচাপের মাত্রা বেশি দেখাবে। তাই সঠিক মাপের ‘কাফ’ যুক্ত স্বয়ংক্রিয় রক্তচাপ মাপার যন্ত্র সংগ্রহ করতে হবে।

এ কারণে কেনার সময় দোকানেই পরীক্ষা করে নিতে হবে।

মনে রাখতে হবে, ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’য়ের তথ্যানুসারে- যেসব যন্ত্র কব্জি বা আঙ্গুলে লাগিয়ে ব্যবহার করা হয় সেগুলোতে সঠিক রক্তচাপের মাত্রা পাওয়া যায় না।

আরও পড়ুন

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে করণীয়

নিম্ন রক্তচাপের লক্ষণগুলো

রক্তচাপ মাপার যন্ত্রটি নির্ভুল তো?