Published : 30 Aug 2026, 10:09 PM
প্রাকৃতিক চিকিৎসায় রেড়ির তেল বা ‘ক্যাস্টর অয়েল’-এর ব্যবহার পুরানো। ইদানীং ‘হলিস্টিক’ বা প্রাকৃতিক স্বাস্থ্যসচেতন মানুষের মাঝে এই তেলের বিশেষ এক ধরনের ব্যবহার প্রচলন দেখা যাচ্ছে। যাকে ‘ক্যাস্টর অয়েল প্যাক’ বলা হয়।
সহজ কথায়, এটি হল ক্যাস্টর অয়েলে সম্পূর্ণ ভেজানো এক টুকরো সুতি কাপড়, যা গরম পানির সেঁকসহ চামড়ার ওপর স্থাপন করা হয়।
এটি পুরানো টোটকা মনে করলেও, ল্যাবরেটরি গবেষণায় এর কড়া ব্যথানাশক ও প্রদাহ-বিরোধী গুণের বৈজ্ঞানিক প্রমাণ মিলেছে।
স্বাস্থ্য ও চিকিৎসা-বিষয়ক পোর্টাল ‘হেলথ’-এ প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চিকিৎসা-গবেষক লিন্ডসে কার্টিস বলেন, “ক্যাস্টর অয়েল প্যাক সরাসরি কোনো অলৌকিক ‘ডিটক্সিন’ নয়, তবে এর ফ্যাটি অ্যাসিড রক্ত সঞ্চালন বাড়িয়ে কোষ্ঠকাঠিন্য ও বাতের ব্যথা কমাতে ভালো কাজ করে।”
ক্যাস্টর অয়েল প্যাকের প্রদাহরোধী উপাদান
নিউ ইয়র্কের বোর্ড-প্রত্যয়িত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সুসান বার্ড একই প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “ক্যাস্টর অয়েল মূলত রেড়ি বা ক্যাস্টর গাছের বীজ থেকে কোল্ড-প্রেসড বা শীতল নিষ্কাশন পদ্ধতিতে তৈরি করা হয়। এই তেলের মূল শক্তি হল, এর ভেতরে থাকা প্রায় ৯০ শতাংশ ‘রিসিনোলিক অ্যাসিড’ নামক এক বিশেষ ফ্যাটি অ্যাসিড।
ত্বক যখন এই তেল শোষণ করে, তখন এই রিসিনোলিক অ্যাসিড সরাসরি ওই নির্দিষ্ট অংশের কোষের অভ্যন্তরীণ প্রদাহে আরাম দেয়। ফলে বাতের কারণে হওয়া হাড়ের জোড়ে ফোলাভাব যেমন কমে, তেমনি এটি মলদ্বারের মাংসপেশিকে উদ্দীপিত করে ক্রনিক কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা দূর করতে সাহায্য করে।”
ক্যাস্টর অয়েল প্যাক ব্যবহারের সুফল
এই বিশেষজ্ঞরা ক্যাস্টর অয়েল প্যাকের ৫টি সুফলের কথা জানিয়েছেন।
কোষ্ঠকাঠিন্য ও পরিপাকতন্ত্রের আরাম: প্যাকটি পেটের ওপর রেখে গরম সেঁক দিলে, অন্ত্রের চলন স্বাভাবিক করে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস কমায়।
পিরিয়ডের তীব্র ব্যথা উপশম: তলপেটে এই প্যাকের উষ্ণতা জরায়ুর পেশির সংকোচন শান্ত করে মাসিক বা ‘এন্ডোমেট্রিওসিস’-এর ক্র্যাম্প বা ব্যথা দূর করে।
বাতের জয়েন্ট পেইন দূর: বাতের কারণে হাঁটু বা কনুই ফুলে গেলে সেখানে এই তেল ব্যবহারে ফোলাভাব ও দীর্ঘমেয়াদী কোলাজেন ক্ষয়ের যাতনা কমে।
লিম্ফ্যাটিক ড্রেনেজ ও রক্ত সঞ্চালন: এর মৃদু ও উষ্ণ মালিশ ‘লিম্ফ নোড’ বা লসিকা গ্রন্থিগুলোকে উদ্দীপিত করে শরীরে তরলের ভারসাম্য বজায় রাখে এবং রক্ত প্রবাহ বাড়ায়।
রুক্ষ ত্বক নরম করা: এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা চোখের নিচের ডার্ক সার্কেল বা কালচেভাব, খসখসে চামড়া ও ছোটখাটো ক্ষতের নিরাময় ত্বরান্বিত করে।
ঘরে বসে প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি
যুক্তরাষ্ট্রের মেডিকেল এভিয়েশন বিশেষজ্ঞ আসমা আলালি এবং রূপসজ্জাকর শান্তানি স্মিথ প্যানেল, ঘরে বসে এই প্যাক তৈরির সঠিক রেসিপি জানিয়েছেন।
ধাপ ১ (উপকরণ ও প্রস্তুতি): এর জন্য প্রয়োজন আস্ত খাঁটি কোল্ড-প্রেসড ক্যাস্টর অয়েল, ব্লিচ না করা পরিষ্কার সুতি বা ফ্লানেল কাপড়, প্লাস্টিক র্যাপ এবং একটি গরম পানির বোতল বা হিটিং প্যাড।
ধাপ ২ (কাপড় ভেজানো): প্রথমে কাপড়টি কাঙ্ক্ষিত অঙ্গের (যেমন পেট বা হাঁটু) মাপে কেটে একটি পাত্রে নিতে হবে। এবার কাপড়টির ওপর পর্যাপ্ত তেল ঢেলে সম্পূর্ণ ভেজাতে হবে।
ধাপ ৩ (সেঁক দেওয়ার নিয়ম): বিছানায় একটি পুরানো তোয়ালে বিছিয়ে শুয়ে পড়তে হবে যেন তেলের দাগ না লাগে। এবার ভেজা কাপড়টি চামড়ার ওপর রেখে ওপর দিয়ে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিতে হবে। এর ওপর একটি গরম পানির বোতল বা হিটিং প্যাড রেখে ৩০ থেকে সর্বোচ্চ ৬০ মিনিট শান্ত হয়ে আরাম করতে হবে। সপ্তাহে সর্বোচ্চ ৩ বার এই প্যাক ব্যবহার করা নিরাপদ।
ধাপ ৪ (সংরক্ষণ): ব্যবহারের পর তেল-ভেজানো কাপড়টি ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এটি একটি বাতাসহীন বা এয়ারটাইট কাচের পাত্রে ভরে, ফ্রিজের সাধারণ ঠান্ডার জায়গায় নরমাল চেম্বারে পরেরবার ব্যবহারের জন্য রেখে দেওয়া যায়। তবে কাপড়ের রং চটে গেলে বা দুর্গন্ধ বের হলে ফেলে দিতে হবে। চুলায় বা ওভেনে কাপড়টি গরম করা যাবে না। এতে আগুন লাগার ঝুঁকি থাকে।
সতর্কতা
ডা. সুসান বার্ড নির্দেশনা দেন যে, “ক্যাস্টর অয়েল অত্যন্ত ঘন ও সক্রিয় হওয়ায় সংবেদনশীল ত্বকে এটি চুলকানি, লালচেভাব বা র্যাশের সৃষ্টি করতে পারে। তাই মুখে বা পেটে সরাসরি মাখার আগে কনুইয়ের চামড়ায় সামান্য তেল লাগিয়ে ন্যূনতম ২৪ ঘণ্টা অপেক্ষা করে একটি ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া বাধ্যতামূলক।
যাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ: গর্ভবতী নারীদের জন্য এই প্যাক ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ক্যাস্টর অয়েল জরায়ুর পেশি সংকুচিত করে অকাল প্রসবের ঝুঁকি বাড়াতে পারে।
এছাড়া ত্বকে খোলা ক্ষত, তীব্র একজিমা বা লিভার যা যকৃতের দীর্ঘমেয়াদি রোগ থাকলে চিকিৎসকের লিখিত অনুমতি ছাড়া এটি ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন