১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথির চোখে আপনার ঘর

ঘরের অনেক বিষয় হয়ত নিজের চোখে ধরা পড়ে না। তবে অতিথির কাছে অস্বস্তি তৈরি করতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 02:45 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

অতিথি এলে ঘরের পরিবেশকে স্বাগতপূর্ণ করে তোলাই ইচ্ছে সবারই হয়। সুন্দর খাবার, পরিপাটি সাজসজ্জা কিংবা আন্তরিক আতিথেয়তা— সব মিলিয়ে চান তারা যেন আনন্দ পান।

তবে বাস্তবে অতিথিরা প্রশংসা করলেও, অনেক কিছু অজান্তেই তারা খেয়াল করেন যা নিজের নজরে নাও আসতে পারে।

অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন বলেন, “নিজে সবসময় খুঁটিনাটি বোঝা যায় না। তাই এমন কারও মতামত নেওয়া উচিত, যে সঠিক পরামর্শ দিতে পারে। এতে বোঝা যাবে ঘরে অতিথিদের কাছে কোন বিষয়টা সবচেয়ে বেশি চোখে পড়ছে।”

অতিথির বিছানা আরামদায়ক না হওয়া

অতিথিদের থাকার ব্যবস্থা সব সময় বিলাসবহুল হোটেলের মতো হয় না। কারও ঘরে থাকতে হয় ‘সোফা কাম বেড’য়ে, কারও পুরানো ডিভানে বা কখনও এয়ার-ম্যাট্রেসে।

বাইরে থেকে অতিথিরা হয়ত বলবেন— “খুব ভালো ঘুম হয়েছে”। তবে বাস্তবে তারা অস্বস্তি বোধ করতে পারেন।

সমাধান: অতিথির বিছানা নিজেই একবার ব্যবহার করে দেখুন। হয়ত বুঝতে পারবেন গদি খুব শক্ত, বা চাদরটা খসখসে। এতে আগে থেকেই বদলে নেওয়া সম্ভব হবে, আর অতিথিরাও পাবেন স্বস্তিদায়ক অভিজ্ঞতা।

ঘরের গন্ধ

অতিথিরা ঘরে ঢুকেই সবচেয়ে আগে যে বিষয়টি খেয়াল করেন, তা হল গন্ধ। পরিষ্কার কাপড় বা লেবুর সতেজ ঘ্রাণ যেমন ভালো প্রভাব ফেলে, তেমনি আবর্জনা বা পোষা প্রাণীর গন্ধ অস্বস্তি তৈরি করে।

আবার অনেক সময় অতিরিক্ত সুগন্ধিও বিরক্তির কারণ হতে পারে।

সমাধান: দীর্ঘক্ষণ বাইরে থেকে ঘরে ফিরে নিজের ঘ্রাণশক্তি দিয়ে পরীক্ষা করুন কোথাও বাজে গন্ধ আছে কি-না। বিশেষ করে আবর্জনার ঝুড়ি, বাথরুম বা পোষা প্রাণীর শোবার জায়গা খেয়াল করুন।

প্রয়োজনে ফুলের টব বা প্রাকৃতিক সুগন্ধি ব্যবহার করা যায়। তবে সতর্ক থাকতে হবে যেন গন্ধ যেন তীব্র না হয়।

ঘরের তাপমাত্রা

ঘরের আবহাওয়া খুব বেশি গরম বা ঠাণ্ডা হলে অতিথিরা অস্বস্তি বোধ করেন। অনেকে চুপ থেকে সহ্য করলেও, মনে মনে বিরক্তি জমে।

সমাধান: অতিথি এলে তাপমাত্রা স্বাভাবিক রাখুন। গ্রীষ্মকালে সাধারণত ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস আরামদায়ক। কক্ষে এসি থাকলে এমন তাপমাত্রা রাখতে পারেন। এসি না থাকলে রুমের জানালা দরজা খোলা রাখতে হবে যেন গরম না লাগে।

শীতের সময়ে অতিরিক্ত কম্বল, সোয়েটার দিয়ে সাহায্য করা যায়। রুম হিটার থাকলে ব্যবহার করা যেতে পারে।

অগোছালো বা অপরিষ্কার ঘর

অল্প অগোছালো থাকা সমস্যা নয়, তবে নোংরা ঘর যে কারও নজরে পড়ে।

বাথরুমে ভেজা তোয়ালে, বেসিনে নোংরা, সিঙ্কে বাসনপত্র, মেঝেতে খাবার— এসব বিষয় অতিথিদের কাছে নেতিবাচক ধারণা তৈরি করে।

সমাধান: অতিথি আসার আগে বাথরুম ও রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর তাকাতে হবে চারপাশে জমে থাকা জিনিসের দিকে।

গুলশান নাসরিন বলেন, “ঘরের অপ্রয়োজনীয় জিনিস কমানো, অগোছালো জিনিস সরানো দরকার। এতে জায়গাটা সতেজ লাগে এবং অতিথির কাছে ভালো অনুভূতি তৈরি হয়।”

অতিরিক্ত পরিপাটি ঘর

অপরিষ্কার থাকা যেমন খারাপ, অতিরিক্ত গোছানোও কখনও সমস্যা হয়ে দাঁড়ায়।

যদি ঘরে কিছুই এদিক-ওদিক না থাকে, তবে অতিথিরা মনে করতে পারেন ঘরটি খুব বেশি আনুষ্ঠানিক। ফলে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে অস্বস্তি বোধ করেন।

সমাধান: একটু স্বাভাবিক পরিবেশ রাখতে হবে। হয়ত টেবিলে কিছু খাবারের বাটি, রান্নাঘরে রান্নার সবজি ও হাঁড়িপাতিল, বা কোণায় খেলনা রাখা যেতে পারে।

এতে ঘরটা প্রাণবন্ত দেখাবে এবং অতিথিরাও মনে করবেন তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন।

অতিথি-বান্ধব মানসিকতা

শুধু ঘর নয়, আতিথেয়তার মনোভাবও অতিথিরা খেয়াল করেন। খাবারদাবারের আয়োজন, আন্তরিক আলাপ কিংবা অতিথির চাহিদার প্রতি খেয়াল রাখা— এসব বিষয় অতিথির অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে।

যদি অতি ব্যস্ত বা টেনশনে থাকেন, তবে তা তাদের কাছেও স্পষ্ট হয়ে ওঠে।

সমাধান: আগে থেকে পরিকল্পনা করুন, যাতে অতিথি এলে স্বস্তিতে থাকতে পারেন। তারা যেন অনুভব করেন যে, তাদের জন্য ঘরটিতে আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

অতিথি আসার আগেই দ্রুত ঘর গোছানোর উপায়

বাড়িতে অতিথি আসার আগে যেসব জিনিস পরিষ্কার করা প্রয়োজন

যেসব কারণে ঘর দেখতে অগোছালো লাগে