রোজার আগেই গুছিয়ে ফেলুন রান্নাঘর
একটা রুটিন গড়ে তুললে তাড়াহুড়ার সম্ভাবনা কমে।
রোজার মধ্যে ইবাদত, সিয়াম ও সাংসারিক কাজের মধ্যে ভারসাম্য রাখা অনেকের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটিয়ে ইফতার ও সেহরির প্রস্তুতি নিতে গিয়ে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। চাকরিজীবী বা ব্যবসায়ীদের ক্ষেত্রে এই চাপ আরও বেশি।
তাই রোজা শুরুর আগেই রান্নাঘরের কাজ খানিকটা এগিয়ে রাখলে সময় ও শক্তি অনেকটা বাঁচে।
গৃহিণী ফারজানা হক বিথী বলেন, “রমজানের আগেই আদা-রসুন বেটে ছোট ছোট বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে সময় বাঁচানো যায়। প্রয়োজন মতো বের করে রান্নায় ব্যবহার করুন।”
মাছ-মাংস ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো কেটে ফ্রিজে সংরক্ষণ করা যায়। চাইলে মসলা মাখিয়ে মেরিনেইট করে রাখতে পারেন। এতে রান্না অনেক দ্রুত হয়।
পুরো মাসের বাজারের তালিকা তৈরি করে একেবারে কেনাকাটা সেরে নিন। চাল, ডাল, তেল, মসলা পর্যাপ্ত মজুত রাখুন। ফল ও সবজি সতেজ পেতে অল্প অল্প করে কিনুন।
প্রতিদিনের সেহরি ও ইফতারের মেনু আগেই ঠিক করে রাখুন। ইফতারে পদের সংখ্যা না বাড়িয়ে পুষ্টিকর ও সহজ খাবারের দিকে মনোযোগ দিন।
রোজা শুরুর আগে রান্নাঘর ‘ডিপ ক্লিন’ করা জরুরি। কৌটা খুলে পুরানো খাবার পরীক্ষা করুন, মেয়াদোত্তীর্ণ জিনিস ফেলে দিন। শুকনো খাবার ধোয়া কৌটায় রাখুন।
চুলা, হুড, ওভেন পরিষ্কার করে রাখুন। রান্নাঘরের টাইলস পরিষ্কারের জন্য লবণ ও বেইকিং সোডার মিশ্রণ তৈরি করে রাখতে পারেন- পরামর্শ দেনে এই গৃহিণী।
প্রতিদিনের কাজের রুটিন তৈরি করুন। সবচেয়ে প্রয়োজনীয় কাজ আগে সেরে ফেলুন। কাজের চেকলিস্ট বানিয়ে রান্নাঘরে সেঁটে দিন। ইফতারে অতিথি আসার সম্ভাবনা থাকলে আগে থেকে কিছু পদ ‘হাফ ডান’ করে ফ্রিজে রাখলে তাড়াহুড়া করা লাগে না।
শেষ মুহূর্তের কেনাকাটায় ছোলা, খেসারির ডাল, খেজুর, আলু, কিচেন ন্যাপকিন, লুসনি, হাঁড়ি-পাতিল লাগলে আগেই কিনে ফেলুন। রোজার মাস আরামে ও ইবাদতে কাটাতে এই প্রস্তুতি অত্যন্ত কার্যকর।
আরও পড়ুন
