২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের সময়ে রোগ থেকে বাঁচার প্রস্তুতি

সকালে এক, তো সন্ধ্যায় অন্য রকম। আবহাওয়ার এমন ওঠা-নামায় শরীর খারাপ করতেই পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 04:10 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

বৈশাখের শুরুতে যখন গরম বাড়ে তখনই শুরু হয় মৌসুমি রোগবালাইয়ের আক্রমণ।

সকালে শীতলভাব, দুপুরে তীব্র গরম, সন্ধ্যায় হঠাৎ ঠাণ্ডা হাওয়া— এই ওঠানামায় শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে সর্দি-কাশি, গলা ব্যথা, অম্লতা, পেটের সমস্যা, ঝিমুনি, চোখের জ্বালা থেকে শুরু করে হাঁপানি ও অ্যালার্জির প্রকোপ বেড়ে যায়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “তাপমাত্রার ওঠানামা, বাতাসের আর্দ্রতা ও আবহাওয়ার চাপের পরিবর্তন মিউকাস মেমব্রেনের প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে। ফলে ভাইরাস সহজেই শরীরে ঢুকে পড়ে। এ সময় রুটিন, খাবার ও ঘুমের পরিবর্তন হলে সমস্যা আরও বাড়ে।”

যারা বেশি ঝুঁকিতে

শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হন। অন্তঃসত্ত্বা, হাঁপানির রোগী, ডায়াবেটিস বা দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তিদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সহজেই অসুস্থ হয়ে পড়েন।

ডা. আফসানা হক নয়ন বলেন, “এ সময় শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে দুর্বল হয়। তাই যাদের আগে থেকেই কোনো রোগ আছে, তাদের আরও সতর্ক থাকতে হবে।”

লক্ষণগুলোর মধ্যে আছে

প্রথম দিকে ক্লান্তি, বারবার হাঁচি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মাথাব্যথা, অনিদ্রা, গলা ব্যথা, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া।

অনেকে কাজে মন বসাতে পারেন না, বিরক্তি বেড়ে যায়। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কয়েকটি সহজ অভ্যাসই যথেষ্ট।

পর্যাপ্ত পানি ও ঘুম: দিনে অন্তত আট থেকে ১০ গ্লাস পানি পান করার চেষ্টা করতে হবে। গরমে ঘাম বেশি হওয়াতে শরীর থেকে পানি কমে যায়। প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি।

ঘুমের অভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়।

খাদ্যাভ্যাসে পরিবর্তন: বাড়িতে রান্না করা স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়তে হবে। ভিটামিন সি-সমৃদ্ধ মৌসুমি ফল, যেমন- আম, কাঁচা আম, লেবু, পেঁপে, কমলা খাওয়া উপকারী।

ডা. নয়ন বলেন, “ভিটামিন এ-যুক্ত শাকসবজি, যেমন- পালংশাক, লালশাক, গাজর অন্তর্ভুক্ত করতে হবে। জিংকসমৃদ্ধ খাবার, যেমন- ডাল, বাদাম, বীজ খান। আদা, হলুদ, রসুন ও পুদিনা চা নিয়মিত পান করা উপকারী। এগুলো শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।”

ব্যায়াম ও শারীরিক সক্রিয়তা: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা উচিত। এতে শরীরের রক্ত চলাচল ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

স্বাস্থ্যবিধি মেনে চলা: হাত ধোয়া, মাস্ক পরা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আবহাওয়া উপযোগী পোশাক পরা উচিত।  হাঁপানি রোগীদের পোষা প্রাণীর লোম এড়িয়ে চলতে হবে; কার্পেট কম ব্যবহার করা এবং বিছানার চাদর নিয়মিত বদলানোর অভ্যাস গড়া উপকারী।

শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন: শিশুদের ক্ষেত্রে বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। বয়স্কদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। আর ঘুমের রুটিন ঠিক রাখার উপকারী হবে।

ডা. আফসানা হক নয়নের পরামর্শ, “আবহাওয়া পরিবর্তনের সময় শরীরকে সময় দিন। হঠাৎ করে রুটিন বদলাবেন না। ভিটামিন সি, ডি এবং জিংকসমৃদ্ধ খাবার নিয়মিত খান। ছোটখাটো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে যান। প্রতিরোধই সবচেয়ে ভালো চিকিৎসা।”

আরও পড়ুন

রোগ থেকে দূরে থাকার উপায়

রোগ মুক্তির পর যা পরিষ্কার করা উচিত

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পানীয়