১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্লিচিং পাউডার ব্যবহারে সাবধানতা

ভুলভাবে ব্লিচিং পাউডার ব্যবহারে মৃত্যু পর্যন্ত হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 08:13 PM

Updated : 28 Jun 2023, 08:20 PM

ঘরবাড়ি জীবাণু মুক্ত রাখতে ব্লিচিং পাউডার বহুদিন ধরে ব্যবহার হয়ে আসলেও এর বিষক্রিয়া সম্পর্কে অনেকেই জানেন না।

তাই ব্যবহারের ক্ষেত্রে সাবধান হতে হবে।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের আইওয়া’তে অবস্থিত ‘ডে মোয়েন ইউনিভার্সিটি’র থমাস বেনজোনি এবং ‘মার্সার ইউনিভার্সিটি মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ’য়ের জন ডি. হ্যাচার তাদের গবেষণা পত্রে উল্লেখ করেন, “কোনো বস্তু সাদা কিংবা রং হালকা করতে বৃহৎ পরিসরে ব্লিচিং উপাদান ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় পরিষ্কার ও জীবাণু মুক্ত করার কাজে। ব্লিচ সাধারণভাবে পানিতে দ্রবণীয়।”

‘ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন’য়ে প্রকাশিত গবেষণা পত্রে, এই দুই গবেষক আরও জানান- গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য যেসব ব্লিচ পাওয়া যায় সেগুলোর প্যাকেটে লেখা নির্দেশিকা অনুসারে ব্যবহার করতে হবে। না হলে বিপদ হতে পারে।

আর পানি ছাড়া অন্য কোনো উপাদানের সাথে ব্লিচ মেশানো যাবে না।

যেমন- অন্যান্য পরিষ্কারের সঙ্গে যদি ব্লিচ পাউডার মেশানো হয় তবে সাংঘাতিক প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে টয়েলট পরিষ্কারক ও অ্যামোনিয়া’র সাথে মিশ্রিত হলে ক্লোরিন গ্যাস নির্গত হয়।

এই গ্যাস আর্দ্র কোষের সংস্পর্শে আসলে- যেমন ফুসফুসে গেলে ‘হাইড্রোক্লোরিক অ্যাসিড’য়ে পরিণত হয়ে নিঃশ্বাসের সমস্যা তৈরি করে। ফলাফল হতে পারে মৃত্যু।

সমস্যার লক্ষণ

  • চোখ জ্বালাপোড়া করা, লাল হওয়া, পানি পড়া ও ঝাপসা দেখা।

  • মুখে বা গলায় গেলে অস্বস্তি দেখা দেবে। গিলতে সমস্যা হতে পারে।

  • ত্বকে লাগলে জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়।

  • পাকস্থলী ও হজমন্ত্রে গেলে বমি হওয়ার সম্ভাবনা থাকে।

  • ফুসফুসে গেলে জ্বালাভাব হওয়ার পাশাপাশি ফুসফুসের বাতাস চলাচলের রাস্তার পেশি অসাঢ় বা কঠিন হয়ে যেতে পারে, যাকে ‘ব্রঙ্কোসপ্যাজম’। এর ফলে আক্রান্তের মৃত্যু হতে পারে।

পরিত্রাণের জন্য যা করতে হবে

  • চোখের ক্ষেত্রে বার বার পানির ঝাপটা দিতে হবে। অস্বস্তি কমে আসলেও দ্রুত ডাক্তার দেখাতে হবে।

  • ত্বকে অস্বস্তি দেখা দিলে হালকা সাবান ও পানি দিয়ে ভালো মতো ধুতে হবে।

  • মুখ বা গলায় গেলে প্রচুর পরিমাণে পানি পান করতে পরামর্শ দেওয়া হয়। এক্ষেত্রে দুধ পানে অস্বস্তি দ্রুত কমে।

  • পেটে গেলে বমি করানো যাবে না। ব্লিচের কারণে যদি খাদ্যনালী জ্বালাপোড়া করে তবে বমির কারণে আরও জ্বালা করতে পারে। এক্ষেত্রেও তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

  • ফুসফুসের ক্ষেত্রে বেশি বিপজ্জনক। তাই নিঃশ্বাসের সমস্যা বা ‘ব্রঙ্কোসপ্যাজম’য়ের লক্ষণ দেখা দিলে হাঁপানি রোগিদের জন্য ব্যবহৃত ‘অ্যালবাটেরল এমডিআই ইনহেলার’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় গবেষণা এই পত্রে। আর অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে।

Image by Anna from Pixabay

আরও পড়ুন

পুরানো খবর:

যেসব পরিষ্কারক একসঙ্গে অবশ্যই মেশানো যাবে না

পুরানো খবর:

ঘরের দূষণ দূর করতে

পুরানো খবর:

মাংস কাটার পরের পরিচ্ছন্নতা