ডিমের সাদা অংশ কি উপকারী?
যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের সম্পূর্ণ ডিম খাওয়া হয়ত ঠিক না।
ডিম নিয়ে দ্বিধা দ্বন্দ্বের যেন শেষ নেই। কেউ বলে বেশি ডিম খাওয়া খারাপ। কারও আবার কুসুমে আপত্তি।
আর ডিম নিয়ে গবেষণার ফলাফলগুলোতেও উঠে এসেছে নানান তথ্য।
যেমন ২০১৯ সালে ‘জামানেটওয়ার ডটকম’য়ে প্রকাশিত শিকাগো’র ‘নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি ফাইনবার্গ স্কুল অফ মেডিসিন’, নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস’য়ের গবেষকদের করা গবেষণায় বলা হয়, বেশি ডিম খাওয়া হৃদসংক্রান্ত রোগ সৃষ্টি করে এবং মৃত্যু ঝুঁকি বাড়ায়।
অন্যদিকে, ২০২২ সালে ‘নিউট্রিয়েন্টস’এ প্রকাশিত ‘ইউনিভার্সিটি অফ কানেকটিকাট’য়ের গবেষকদের করা এক গবেষণাপত্রে জানানো হয়, খাবারের কোলেস্টেরল হৃদসংক্রান্ত রোগের জন্য ঝুঁকিকর নয়। যেসব খাবার উচ্চ কোলেস্টেরলযুক্ত, যার মধ্যে ডিমও রয়েছে, সেগুলোর আরও নানান রকমের পুষ্টিযৌগ রয়েছে।
অধিকাংশ মানুষই ডিমের সাদা অংশ খাওয়ার পরামর্শ দেন।
যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ লরেন মানাকার ইটদিস নটদ্যাট ডটকমকে বলেন, “ডিমের সাদা অংশ হল পরিষ্কার তরল অংশ যা রান্না করা হলে কঠিন অংশে পরিণত হয়।”
তিনি আরও বলেন, “এতে এমন কিছু পুষ্টি উপাদান আছে যা ডিমের কুসুমে নেই।”
আরেক মার্কিন নিবন্ধিত পুষ্টিবিদ ও পুষ্টি পরামর্শক এমি এস. মারগিউলিস বলেন, “ডিমের সাদা অংশে প্রায় ৯০ শতাংশ পানি ও ১০ শতাংশ প্রোটিন সমৃদ্ধ।
অন্যদিকে ‘লিভিংডট ফিড’য়ের লেখক ও নিউ জার্সি নিবাসী পুষ্টিবিদ ক্যাথরিন জার্ভেসিও বলেন, “এটা উচ্চ জৈবিক প্রোটিন যা দেহের বিভিন্ন কাজের জন্য অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে।”
ডিমের সাদা অংশ খাওয়ার উপকারিতা
যদি ওজন নিয়ে চিন্তিত হন তবে ডিমের সাদা অংশ ওজন কমাতে সহায়তা করে।
মানাকার বলেন, “যারা অল্প ক্যালরিযুক্ত খাবার খেতে চান তাদের জন্য ডিমের সাদা অংশ খুব ভালো উপায়। প্রতি এক পরিবেশন ডিমের সাদা অংশ থেকে মিলবে ২০ ক্যালরি।”
প্রকৃতপক্ষে, একটা বড় মাপের ডিমের সাদা অংশে ১৭ ক্যালরি থাকলেও কুসুমে ৫৫ ক্যালরি থাকে।
তিনি আরও বলেন, “ডিমের সাদা অংশ উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ এবং এতে আছে সামান্য পরিমাণ চর্বি; যা কম চর্বির ডায়েট অনুসারিদের জন্য আদর্শ।”
জার্ভেসিও ব্যাখ্যা করে বলেন, ““ডিমের সাদা অংশের প্রোটিন অ্যাল্বুমিন নামে পরিচিত যা দেহ গঠন ও কোষের ক্ষয়পূরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্ত সঞ্চালনের মাধ্যমে হরমোন, এঞ্জাইম, ভিটামিন ও খনিজ উপাদান একত্রিত করতে সহায়তা করে।”
“পর্যাপ্ত অ্যাল্বুমিনের অভাবে রক্তের তরল আলাদা হয়ে যায় এবং ফুসফুস, পেট বা দেহের অন্যান্য অংশে জমাট বাঁধে। এতে স্বাস্থ্য সমস্যা যেমন- এডিমা (পানি আসা) অথবা প্রদাহ দেখা দেয়। অ্যাল্বুমিনের অভাবে যকৃত ও বৃক্কে সমস্যা দেখা দেয়”, বলেন তিনি।
সম্পূর্ণ ডিমের বদলে কেন এর সাদা অংশ খাবেন?
মানাকার বলেন, “যদিও অনেকে ডিমের কুসুমের স্বাদ পছন্দ করে না বলে এর সাদা অংশ রান্না করে খান। অনেকে আবার কম চর্বি গ্রহণের জন্য এর সাদা অংশ বেছে নেন।”
মারগিউলিস বলেন, “ডিমের কুসুমে রয়েছে প্রায় পাঁচ গ্রাম চর্বি, এর মধ্যে দুই গ্রাম স্যাচুরেইটেড। মাঝারি মাপের ডিমের কুসুমে থাকে ২১০ মি.লি. গ্রাম কোলেস্টেরল। যদিও খাবারের কোলেস্টেরল ক্ষতিকারক নয় কিন্তু কোলেস্টেরলের সমস্যা থাকলে একসঙ্গে তিনটা ডিমের ওমলেট দেহের জন্য ক্ষতিকর।“
তিনি আরও বলেন, “আমেরিকান হার্ট হেল্থ’ অনুযায়ী, যে সকল ব্যক্তি হৃদরোগের ঝুঁকিতে আছেন তাদের খাবারের মাধ্যমে কোলেস্টেরল গ্রহণের মাপ সম্পর্কে সচেতন হতে হবে।”
আরও পড়ুন
