২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুইংগাম গিলে ফেললে কি হজম হয়?

যে বস্তু মুখে থাকতেই ভাঙে না, সেটা পেটে গিয়েও হজম হয় না।

চুইংগাম গিলে ফেললে কি হজম হয়?

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2023, 07:53 PM

Updated : 05 May 2023, 02:00 PM

চুইংগাম অসাবধানতায় পেটে চলে গেলে কী করা উচিত সেটা হয়ত অনেকেই জানেন না।

মিষ্টি স্বাদ শেষ হওয়ার পর ইচ্ছে করেই হোক কিংবা চাবাতে গিয়ে অসাবধানতায়- চুইংগাম পেটে চলে গেলে কিছু করার নেই।

তবে যদি ভয় জাগে এই বস্তু্ গিলে ফেলার পর আদৌ ঝামেলা করবে কিনা সেক্ষেত্রে উত্তর দিতে পারবেন একজন ‘গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট’ অর্থাৎ হজম ও পরিপাক তন্ত্র বিশেষজ্ঞ।

এরকমই একজন বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ডা. পেইটন বেরুকিম।

ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “চুইংগাম এমন সব উপাদান দিয়ে তৈরি যা কিনা সহজে হজম যোগ্য নয়। যে বস্তু চিবানো ও মুখের লালায় মিশেও হজমের প্রাথমিক কাজ সারতে পারে না, সেটা কখনই পেটে গিয়ে হজম হয় না।”

তাই বলা যায় চুইংগাম হজম-তন্ত্রের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়।

চুইংগাম কি হজম হয়?

এই বিষয়ে ডা. বেরুকিম বলেন, “আমাদের হজম রস চুইংগামের অধিকাংশ উপাদান ভেঙে ফেলতে পারে। শুধু পারে না গাম অংশটি। অর্থাৎ আঠালো উপাদানটুকু, যেটার কারণে সারাক্ষণ চুইংগাম চাবানো যায়।”

তারমানে এই নয় যে, এটা পেটে থেকে যাবে।

এই ব্যাপারে বেরুকিম বলেন, “এরকম অনেক খাবারই আছে যা হজম হয় না, যেমন- অদ্রবণীয় আঁশ, তরমুজের দানা, পপকর্নের শষ্যের অংশটুকু। এগুলো হজম না হলেও হজমতন্ত্রের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়। চুইংগামও তাই।”

চুইংগাম গিলে ফেলা কতটা খারাপ?

যদিও চুইংগাম গিলে ফেলা ঠিক না। তবে অসাবধানতায় গিলে ফেললে অনেকের পেটে সমস্যা হতে পারে।

ডা. বেরুকিম বলেন, “চুইংগাম গিলে ফেলার পর কারও কারও সঙ্গে সঙ্গেই পেট ব্যথা হয়, এরকমটা আমি দেখেছি। হতে পারে সেটা শারীরিক কিংবা মানসিক সমস্যা।”

তবে প্রচুর পরিমাণে চুইংগাম গিলে ফেললে সমস্যা হবেই। কারণ তখন অতগুলো রাবার উপাদান হজমতন্ত্র দিয়ে সহজে বের হয়ে যেতে পারবে না, ফলে দেখা দেবে পেট ব্যথা ও অন্যান্য সমস্যা। তবে সেই পরিমাণ চুইংগাম মুখে দেওয়াও সম্ভব না।

এক্ষেত্রে শিশুদের বেলায় সাবধান হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

তিনি বলেন, “শিশু হিসেবে হজম প্রণালী ও পাকস্থলীর আকার ছোট। তাই একটা বড়সড় আকারের চুইংগাম কোনো শিশু গিলে ফেললে সমস্যা হতেই পারে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।”

আর স্বাদ চলে গেলে চুইংগাম ফেলে দেওয়ার পরামর্শ দেন ডা. বেরুকিম। তবে কোনো কারণে গিলে ফেললে আর পেটে কোনো অস্বস্তি দেখা না দিলে, শুধু শুধু দুশ্চিন্তা করার দরকারও নেই, জানান তিনি।

আরও পড়ুন

পুরনো খবর:

বেশি ক্যালরি পোড়াতে চুইংগাম
কাপড় থেকে চুইংগাম ওঠানোর উপায়
চুইংগাম চাবালেই মুখ কমে না