রহস্য উপন্যাস: অলীকের অভিযান, শেষ পর্ব
‘দাদু, দাদুভাই... দেখ কী হয়েছে,’ ঘুম থেকে উঠে খাতাটা হাতে নিয়ে অলীক চিৎকার করতে করতে খাবার ঘরে এসে দাঁড়ায়। দাদু ততক্ষণে নাস্তা শেষ করে চা খেতে খেতে পেপার পড়ছে।
‘উঠেছ? অঘোরে ঘুমাচ্ছ দেখে আর ডাকলাম না। আমি একা একাই খেয়ে নিলাম। নাও তো, খেতে বসো এখন,’ বলে দাদু আবারে মুখের সামনে পেপার মেলে ধরে। অলীক ছুটে এসে পেপারে টোকা দিয়ে বলে, ‘এই যে, এই লোকটা!’
‘কী হয়েছে এই লোকটা? বেচারাকে কোথায় যে গুম করে ফেলল!’
‘এই লোকটাকেই ওখানে আটকে রাখা হয়েছে। এই দেখ, কলম লিখে রেখেছে।’
‘বলো কী!’ দাদু পেপার রেখে অলীকের খাতাটা টেনে নেয়। তারপর ঊর্ধ্বশ্বাসে পড়তে থাকে। শেষ করে রেখে বলে, ‘এটা তুমি লেখনি? সত্যি বলছ?’
‘আমি কেন আমার গেমের লেভেলটা জেনেশুনে আরো কঠিন করব, দাদু? আর তাছাড়া, ওই ব্যাটা কলম কখন লেখে তাই দেখার জন্য আমি সারারাত ঘুমাতে পারছি না। কিন্তু সে যখন লেখে আমাকে ঘুম পাড়িয়েই লেখে। দেখলে না কত বেলা করে উঠলাম?’
‘তাই তো দেখছি। কিন্তু কলমের পক্ষে এটা কী করে সম্ভব!’
‘আচ্ছা, দাদু, আমাদের কি পুলিশে খবর দেয়া দরকার?’
‘কী বলো! পুলিশকে আমরা এসব কেন বলতে যাব?’ দাদু মনে হয় পুলিশের কথা শুনে ভয় পায়।
‘না, মানে সত্যিই যদি ওই লোকটাকে ওখানে আটকে রাখা হয়ে থাকে? কলম হয়ত আমাদেরকে সেই কথাটাই জানাতে চাচ্ছে!’ অলীক ভেবেচিন্তে বলে।
‘কী জানি ভাই, তুমি তো কাহিনি লিখছিলে, আই মিন, বাড়িতে বসে বসে মনে মনে যাওয়া অভিযানের কাহিনি। কিন্তু তার মধ্যে এখন যদি সত্যি সত্যি এসব হয়ে যেতে থাকে... পুলিশকে বললে তো সন্দেহ করবে, করবে না?’
‘হুম। ভাববে আমরাও ওই কিডন্যাপারদের দলের লোক, না-হলে জানলাম কী করে?’ অলীক দাদুর কথা শুনে চুপসে যায়।
‘আরেকটা ব্যাপার, পুলিশ জানতে চাইবে ওই বাড়িটা কোথায় যেখানে তাকে আটকে রাখা হয়েছে। তখন কী বলবে?’
‘সেই তো, কী বলব? ছুটতে ছুটতে কোথায় চলে গেছি তার কি কোনো ঠিক আছে?’
‘হুম, মনে করো ওখান থেকে মেইন রোড দেখা গেছে মানে তোমরা জঙ্গলের প্যারালালে এগিয়েছ। এখন কালিয়াকৈরের আগে জায়গাটা মৌচাকও হতে পারে।’
জায়গার এসব হিসেব শুনে অলীকের আবারো জিওগ্রাফি ম্যাডামের কথা মনে পড়ে। সত্যিই কি ওই ঘরে আরেকটা বেরোনোর রাস্তা আছে? কিন্তু তা কী করে হয়, ওই ঘরেও তো আর কোনো দরজা নেই। দাদু আর অলীক দুজনেই খাবার টেবিলে কনুই ঠেকিয়ে ভাবতে থাকে। তারপর পেপার মেলে অলীক রবিন চৌধুরির ছবির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কলম কী করে এই লোকটার কথা জানল? দাদু একটা লম্বা নিশ্বাস ফেলে বলে, ‘এখনো নিউজটা ফ্রন্ট পেজে আসছে, লোকটাকে খুঁজে পাওয়া না গেলে কাল-পরশু নিউজটা ভিতরের পাতায় চলে যাবে। বেচারা!’
‘কেন ভিতরের পাতায়, দাদু?’
‘আরে বাবা প্রতিদিন কত কত মানুষ হারিয়ে যায়, কতজনের খবর প্রথম পাতায় ছাপবে, বলো? এই ভদ্রলোকের খবর তো কয়েকদিন ধরে ছাপল, কারণ, উনি বড়ো ব্যবসায়ী। রবিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে বাইশটা ফ্যাক্টরি আছে। তাকে কিডন্যাপ করা তো বিরাট খবর। কিন্তু কয়েক দিন পর সে খরবটাও একঘেয়ে হয়ে যাবে। এটাই স্বাভাবিক।’
আমি চুপ করে খেতে শুরু করি। দাদু বলে, ‘কী ভাবছ, দাদুভাই? এসব অনেক জটিল ব্যাপার। তুমি বুঝবে না।’
‘কিন্তু দাদু, আমাকে তো বাকিটা লিখতে হবে, তাই না? তাহলে আমাকে ভাবতেও হবে। আর আমার কেন যেন মনে হয়, কলম চায় ওই লোকটাকে আমরা উদ্ধার করি।’
অলীকের কথা শুনে দাদু হাত থেকে পেপার টেবিলে রাখে। তারপর চশমার উপর দিয়ে অবাক হয়ে অলীকের দিকে তাকিয়ে থাকে। অলীককে দেখে কেন যেন মনে হয় সে হঠাৎ বড়ো হয়ে গেছে।
বিশ
মোচঅলার কথা ঠিক, রবিন চৌধুরির কথা বলা তো দূরের কথা, চোখ মেলে তাকানোরও শক্তি নেই। লোকটাকে প্রায় মেরেই ফেলেছে তারা। তার দিকে আমি অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে বললাম, ‘ইস্ ওদিকে এত হইচই আর কেউ যদি জানত ইনি এখানে পড়ে আছেন!’
‘মানে? তুমি তাকে চেন নাকি?’ অনন্ত চমকে বলল।
‘আরে, এই লোককে তো বেশ কিছুদিন আগে কিডন্যাপ করেছে, পেপারে আর টিভিতে দেখনি?’ দরজার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ফিস ফিস করে বললাম আমি। অনন্তের চোখ বড়ো বড়ো হয়ে গেল। মনে হলো সে যেন মনে মনে কিছু-একটা পরিকল্পনাও করে ফেলল। তারপর খানিক পরে হতাশ হয়ে বলল, ‘এরকম বড়ো কিডন্যাপারের হাত থেকে আমরা মনে হয় ছাড়া পাব না, অলীক।’
মনটা কেন যেন হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেল। জিয়ন আর নাভিদ ঠেলতে লাগল, ‘কী, এখন কোনদিকে যাব?’ মনে মনে ভাবলাম, যাব আর কোথায়! তারপর ঘরটার চারদিকে আরেকবার তাকালাম। কিছু একটা বলতেই হয় তাই বললাম, ‘চলো জানালাটার দিকে যাই।’
জানালার সামনে গিয়ে আগের মতোই দুই কপাটের মাঝখানের সরু আলোর লাইনটা দিয়ে বাইরে তাকালাম। একই দৃশ্য। শালবন। একবার মনে হলো সেদিকে কেউ আছে নাকি চিৎকার করে দেখলে হয়। কিন্তু দাঁতঅলা বলেছে সে বাসার সামনেই দাঁড়িয়ে থাকবে। তাই সাহস হলো না। তবে পা উঠিয়ে হালকা টোকা দিয়ে জানালার কপাট খোলার চেষ্টা করলাম। এদিকে কিছু দিয়েও আটকানো নেই অথচ খুলল না। মনে হলো বাইরে থেকেই আটকানো। তাহলে এই ঘর থেকে বেরোনোর আরেকটা রাস্তা কোথায়! কোনদিক দিয়ে সেদিন দাঁতঅলা বেরিয়ে গিয়ে আমাদেরকে ধরে ফেলেছিল? জিওগ্রাফি ম্যাডাম... অনন্তের বকা খাওয়ার ভয়ে আমি আর ম্যাডামের কথা মুখে আনলাম না।
জিয়ন বলল, ‘চলো আমরা আমাদের জায়গায় চলে যাই। আমার কেন যেন খুব ভয় ভয় করছে।’
তার কথায় আমরা প্রত্যেকেই কেন যেন বেশ ভয় পেতে শুরু করলাম। তারপর ওখানে ঘুমিয়ে থাকা রবিন চৌধুরির কথা ভুলে বেশ তাড়াতাড়ি নিজেদের জায়গায় পৌঁছে গেলাম। হাত ছাড়া কেবল জোড়া করে বাঁধা পা দিয়ে মেঝেতে ঘসে ঘসে চলার ব্যাপারে আমরা বেশ দক্ষ হয়ে উঠেছি। চাইলে তাড়াতাড়ি এগোতে পারি। প্রথম প্রথম আমরা যে যার সামনের দিকে চলতে চাইতাম আর সবদিকের টানে একই জায়গায় বসে থাকতাম। এখন এমন হয়েছে যে আমাদের চারজনের ব্রেন একজন মানুষের ব্রেনের মতো কাজ করে। মানে সবাই মিলে সহজেই যে কোনো একটা দিকে এগোতে পারি। তবে সেটা আর বেশিক্ষণ দরকার পড়ল না। আমরা আমাদের জায়গায় ফেরত যেতেই ধড়াম করে দরজা খুলে গেল।
মোচঅলা বলল, ‘ওই, বাবুদের একজন একজন কইরা নিয়া যা। সাবধানে।’ আমরা চমকে উঠলাম, কোথায় নেবে আমাদের! তাছাড়া আমরা কিছুতেই আলাদা হতে চাই না। নাভিদ তার কথা শুনে কেঁদেই ফেলল। আমরা সবাই কমবেশি কাঁদতে শুরু করলাম। মোচঅলা ধমক দিয়ে বলল, ‘ওই, কান্দন বন। বাথরুম করতে যাইবা না তুমরা?’ আমরা তার কথা ঠিক বিশ্বাস করিনি তবে ধীরে ধীরে চুপ করলাম। দাঁতঅলা এসে আমাদের দড়ি খুলতে শুরু করল। এমন টাইট করে বেঁধেছে যে নিজেই খুলতে পারছিল না। মোচঅলা তাকে কয়েকবার ধমক দিল। শেষে খুলে সে প্রথমে নাভিদকে নিয়ে গেল। আমি খুব ভয় পেলাম। নাভিদের কোনো ঠিক নেই। যদি বাইরে বেরিয়ে ছুট লাগায় আর দাঁতঅলা তাকে পিছন থেকে গুলি করে?
ভয়ের চোটে আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। একসময় নাভিদকে সঙ্গে করে দাঁতঅলা ফিরে এল দেখে আবার স্বাভাবিকভাবে নিশ্বাস নিতে শুরু করলাম। একে একে আমাদের প্রত্যেককে বাইরে থেকে ঘুরিয়ে আনল। এনে সবার পাগুলো বাঁধল এক সঙ্গে, কিন্তু এবারে হাত বাঁধল সামনের দিকে। মোচঅলার ধমক খেয়ে হয়ত দাঁতঅলা তার রশি বাঁধার স্টাইল বদলে ফেলল। তাতে আমার বেশ ভালোই লাগল। হাত পিছনে রাখতে রাখতে ঘাড়ে ব্যথা হয়ে গেছিল। আর এখন বাঁধা থাকলেও আমরা সবাই সবার মুখ দেখতে পাই। কিন্তু তারা তাদের কথামতো ঠিকই আমাদেরকে খাবার দিল না। নিজেরা বাইরে থেকে কোল্ড ড্রিংকসের দুটো বোতল নিয়ে পাশের ঘরে ঢুকে গেল। যাবার সময়ে দাঁতঅলা ময়লা দাঁতগুলো পুরোপুরি বের করে বড়ো করে হাসল, তারপর বলল, ‘টেলিফোন নম্বরগুলা ঠিক দিছ কিনা বোঝনের পরে খাওন পাইবা।’
নাভিদ তাদের হাতে কোল্ড ড্রিংকসের বোতল দেখে ঠোঁট চাটতে লাগল। আর আমার গলা আরো বেশি শুকিয়ে এল দাঁতঅলার কথা শুনে। অনন্ত ফিসফিস করে বলল, ‘মানে, আমাদের বাসা থেকে ফোন না ধরলে আর খাবার দেবে না।’ জিয়ন বলল, ‘সেটাই। আমাদের জন্য টাকা না পেলে আমাদেরকে আর খাবার দেবে কেন?’ নাভিদ কাঁদতে কাঁদতে বলল, ‘আমার খিদে পেয়েছে।’ অনন্ত তাকে ধমক দিয়ে কান্না থামাতে বলল।
চুপচাপ বসে থাকতে থাকতে আমাদের ঝিমুনি এসে গেল। খিদের জ্বালায় ঝিমুনিটা ঘুম হতে পারল না। ঘণ্টাদুয়েক পরে লোকগুলো আমাদের ঘরে এল। তারপর দরজা খুলে বেরিয়ে যাবার সময়ে আমাদের সবার মুখের উপরে স্কচটেপ লাগিয়ে দিল। ভেবে দেখলাম আমরা তো এমনিতেও ভালো ছেলে, চেঁচামেচিও করি না আবার যেহেতু আমাদেরকে খাবারও দেয়া হবে না, তাহলে মুখের আর কী দরকার? ওটাতে স্কচটেপ লাগানো থাকাই ভালো। মোচঅলা বলল, ‘বাবুরা, লক্ষ্মী থাকবেন, আইচ্ছা? তাইলে খাওন নিয়া আসব।’ দরজা ধড়াম করে লেগে গেল।
মুখ যখন বন্ধ করে গেছে, তার মানে তারা সামনে দাঁড়িয়ে থাকবে না, আবার আসতে দেরিও হতে পারে। সেরকম কিছু একটা ভেবে নিয়ে তারা চলে যেতেই কোনো কারণ ছাড়াই আমরা পাশের ঘরের দিকে যেতে শুরু করলাম। হাত-পায়ের ব্যবহার ছাড়া, বিজ্ঞান বইয়ের অ্যামিবার মতো। চলতে চলতে জিয়ন হাসছিল, স্কচটেপের জন্য ঠিকমতো হাসা যায় না। সে কেন যেন হুম হুম হুম করে কিছু বলার চেষ্টা করছিল। আমার মনে হলো সে বলল, এই খেলার নাম লোকোমোশন; অ্যামিবার চলাফেরা।
তারপর একসময় দরজা পেরিয়ে রবিন চৌধুরির সামনে গিয়ে উপস্থিত হলাম। তিনি এখন মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন। লোকগুলো কি তাকে আবারো ইঞ্জেকশন দিল? কে জানে। বাঁধা হাত দিয়ে অনন্ত আর আমি তাকে ধাক্কা দিতে শুরু করলাম। তিনি চোখ মেলতে চেষ্টা করলেন আর কোনোরকমে মাথা উঠিয়ে আমাদের দিকে একনজর তাকালেন। কিন্তু আমাদেরকে দেখে কিছু বলার ক্ষমতাও হয়ত নেই তার। মাথাটা পড়ে গেল। খানিক পরে আবারো মাথা উঠিয়ে তিনি বাঁধা হাত দুটো দিয়ে জানালার দিকে কিছু একটা দেখাতে চাইলেন। আমরা সবাই জানালার দিকে তাকালাম। সেখানে ওই শক্ত বন্ধ জানালাটা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না।
রবিন চৌধুরি জানালা দেখিয়ে সেই যে মেঝেতে উপুড় হলেন আর মোটেও নড়লেন না। আমরা অনেকবার হুম হাম করে তাকে ডাকার বা জিজ্ঞাসা করার চেষ্টা করলাম কিন্তু তিনি মনে হয় ওইটুকু ইশারা করতেই ক্লান্ত হয়ে গেছেন, তাই বিশ্রাম নিচ্ছেন। তার কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার আশা নেই। বুঝতে পেরে আমরা কী আর করব, জানালার দিকে যেতে লাগলাম। যেতে যেতে দেখি ঘরের যে কোণে খাবার আর প্যাকেটগুলো পড়ে ছিল সেখানে খালি কোল্ড ডিংকের বোতলগুলো পড়ে আছে। দেখতেই আমার আর অনন্তের মাথায় বুদ্ধি খেলে গেল। আমরা একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখে চোখে কথা বললাম। মুখ তো বন্ধ কিন্তু দেখলাম মুখ ছাড়াও কথা বলা যায়। ইশারা দিতেই সবাই সেদিকে যাওয়া শুরু করলাম। তারপর কী করব সেটা আমরা চোখে চোখেই ঠিক করেছিলাম।
বাঁধা হাত দিয়েই বোতল ধরে দেয়ালে বাড়ি দিলাম। বোতল ভেঙে গেল। তারপর বোতলের যে টুকরো হাতে ছিল তাই দিয়ে অনন্ত আমার হাতের রশি কাটতে লাগল। বহুক্ষণ লাগল। রশি মোটা আর বাঁধা হাতে ঠিকমতো চাপ দেয়া যায় না। অনন্ত একসময় আমার হাতের রশিটা আগে কেটে ফেলল। মনে হলো বহুদিন পরে আমি আমার কবজিটা নাড়াতে পারছি।
সময় নষ্ট না করে তখন একে একে সবার হাত খুলে দিলাম। যে যার মুখের স্কচটেপ আর পায়ের দড়ি খুলে ফেললাম আমরা। এত শক্ত রশি অন্যসময় হলে খুলতেই পারতাম না কিন্তু দেখলাম বাঁচার ইচ্ছা অনেক বেশি হলে মানুষ ওরকম কঠিন কাজ তেমন কষ্ট ছাড়াই করে ফেলতে পারে। ছুটে গেলাম বাইরের দরজার কাছে। দরজা বাইরে থেকে লাগানো, আমাদের চারজনের চাপেও এতটুকু নড়ল না। ঘরের দেয়াল আর মেঝের উপরে আমি ডিটেকটিভের মতো হাত বুলিয়ে লুকানো দরজা খুঁজতে লাগলাম।
অনন্ত কিছুক্ষণ আমার পিছনে পিছনে হাঁটল তারপর ধমকে বলল, ‘তুমি আবারো ওই জিওগ্রাফি ম্যাডামের বলে যাওয়া কথা নিয়ে আছ, তাই না?’ লজ্জা লাগলেও আমি থামলাম না। জিয়ন আর নাভিদ অধৈর্য হয়ে বলল, ‘দেয়ালে হাত চেপে তুমি করছটা কী, হুম? বেরোনোর চিন্তা মাথায় আছে নাকি নেই?’
আমি গম্ভীরভাবে বললাম, ‘সেটাই তো বের করার চেষ্টা করছি।’ কিন্তু মনে মনে বললাম, এবড়োখেবড়ো মেঝেঅলা এই পুরোনো ঘর দুটোয় অ্যাডভেঞ্চার গল্পের গুহার মতো লুকানো দরজা হঠাৎ করে পেয়ে যাবার কোনো আশা নেই। এখানে আসলে আর কোনো বেরোনোর রাস্তা নেই। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল, রবিন চৌধুরি সামান্য জ্ঞান ফিরতেই জানালার দিকে হাত দিয়ে কিছু যেন দেখাতে চাচ্ছিলেন! মনে পড়তেই সবাইকে ডেকে বললাম, ‘চলো তো জানালাটা খোলার চেষ্টা করি...’
সবাই দৌড়ে গিয়ে জানালার কপাটে ধাক্কা দিতে শুরু করলাম। কপাট একটুও নড়ল না। মনে হলো আজ খাবার খাইনি তো, তাই শক্তিও পাচ্ছি না আমরা। অনন্ত ধমকে বলল, ‘এভাবে হবে? জোর লাগাও সবাই, জোর।’ আমরা খুব জোরে ঠেসে ধরলাম। তাতেও কিছু হলো না। শেষে নাভিদ রাগ করে কিছুটা পিছনে সরে গিয়ে দৌড়ে এসে জানালার কপাটে দিল এক লাথি। লাথি খেয়ে কেন যেন মনে হলো চৌকাঠসহ আস্ত জানালাটাই একটু নড়ে উঠল।
তখন সবাই মিলে পিছনে সরে গেলাম, তারপর রেডি ওয়ান টু থ্রি বলে ছুটে গিয়ে একসঙ্গে জানালায় লাথি বসিয়ে দিলাম। আর লাথি পড়তেই অদ্ভুত একটা ঘটনা ঘটল, জানালার কপাট খুলল না কিন্তু চৌকাঠসহ আস্ত জানালাটাই উলটোদিকে পড়ে গেল।’ উলটোদিকে ইটের স্তূপ দেয়ালের মতো করে রাখা ছিল। ইটগুলোও ছড়িয়ে গেল আর খুব জোরে শব্দ হলো। আমরা সবাই এক মুহূর্তের জন্য ভয়ে কুঁকড়ে গেলাম। জানালার ফোকরটার বাইরে শালবনের দিকে অবাক হয়ে তাকিয়েও থাকলাম। তারপর ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম বাইরে কেউ নেই।
নাভিদ লাফিয়ে বেরিয়ে গেল। গিয়েই আবার ঘরে ঢুকে পড়ল, বলল, ‘আমাদের ব্যাগ?’ অনন্ত ধমকে বলল, ‘ব্যাগ নিতে হবে না। যদি ওরা ধাওয়া করে তবে ব্যাগ ঘাড়ে নিয়ে আমরা জোরে দৌড়াতে পারব না।’ নাভিদ বলল, ‘কিন্তু আমার খুব প্রিয় একটা স্কেল আছে আর...’ অনন্ত এমন রাগ করে তার দিকে তাকাল যে নাভিদ চুপচাপ আবারো বাইরে যাবার জন্য পা ওঠাল। আর তখন আমি বললাম, ‘কিন্তু রবিন চৌধুরিকে রেখে আমরা যাবো কী করে? তাকে তো নিতে হবে যেভাবেই হোক।’ তারা তিনজন আমার দিকে অবাক হয়ে তাকাল। জিয়ন বলল, ‘ম্যাডামের ভূত তোমার মাথা থেকে নেমেছে মনে হয় কিন্তু এখন এই রবিন চৌধুরিটা আবার কে?’
আমি তার কথার উত্তর দিলাম না। ওসব পরেও বুঝিয়ে বলা যাবে। আপাতত আমাদের হাতে তত সময় নেই। চারজনে মিলে টেনেটুনেও আমরা রবিন চৌধুরিকে ওই জানালার ফোকর পর্যন্ত ওঠাতে পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করতে হলো। নাভিদ বলল, ‘ভাই চোখ খোলেন, ওরা এসে পড়বে যে।’ ভয়ে আর দুশ্চিন্তায় অস্থির হয়ে গেলাম। রবিন চৌধুরি একবার চোখ খোলেন তো আবারো বন্ধ হয়ে যায়। অনন্ত তার গালে পটাপট দু-চারটা থাপ্পড় বসিয়ে দিল। বন্ধ চোখের মুখটা এদিক ওদিক হওয়া ছাড়া তেমন কোনো লাভ হলো না।
শেষে অনেক টানাহ্যাঁচড়ার পরে আমরা তাকে ওই ফোকর দিয়ে গড়িয়ে বাইরে ফেলে দিলাম। গায়ে শার্ট নেই আর নীচে ইটের উপরে পড়ে তার বুক, হাত আর পায়ের আরো কয়েক জায়গায় কেটে গেল। তারপর নিজেরা বাইরে বেরিয়ে এদিকওদিকে উঁকি মারতে লাগলাম। নাহ্ চারদিকে কেউ নেই। ওদিকে জঙ্গলের ইট বিছানো রাস্তা হলেও সেদিকে খুব বেশি কেউ আসে বলে মনে হয় না। অনন্তের সঙ্গে আলাপ করে নিলাম আমি। নাভিদ আর জিয়নকে রবিন চৌধুরির কাছে দাঁড়াতে বলে আমি আর অনন্ত দৌড়ে বড়ো রাস্তার দিকে যাবার কথা ভাবলাম। নাভিদ বলল, ‘আর ওরা যদি এসে আমাদেরকে ধরে ফেলে?’
‘না না, আমরা তার আগেই ফিরে আসব।’
‘যদি না আসতে পার?’
‘না পারলে আমরা এসে ধরা দেব তোমাদের সঙ্গেই। একসঙ্গে এসেছি, তুমি কী ভাবছ, এখন তোমাদেরকে ওদের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যাব? কখনো না,’ জিয়ন আর নাভিদের হাত ধরে বললাম আমি। নাভিদ ভয় পেল ঠিকই কিন্তু কেন যেন কাঁদল না। এর মধ্যে সে বেশ শক্ত হয়ে গেছে মনে হলো। জিয়ন তার গলা জড়িয়ে ধরল। আমি বললাম, ‘একটু দাঁড়াও, রবিন চৌধুরির জন্য একটা ট্যাক্সি ডেকে আনি। ব্যস, তরপর আমরা সবাই মিলে দৌড়ে পালিয়ে যাব।’
‘বুঝতে পারছি না তুমি ওনার নাম জানলে কী করে,’ জিয়ন বলল।
‘পরে বলব, আগে ওকে বাঁচাই,’ বলেই আমি অনন্তের হাত ধরে দৌড়াতে লাগলাম। বড়ো রাস্তা পর্যন্ত প্রায়ই আমি আর অনন্ত শাল গাছের পিছনে পিছনে লুকালাম। কে জানে ওই দাঁতঅলা যদি ওখানে পাহারায় থাকে!
বড়ো রাস্তায় গিয়ে দেখলাম জোরে জোরে গাড়ি যাচ্ছে। বামদিকে তাকিয়ে দেখলাম কিছু দূরে কয়েকটা দোকান। যেতে খুবই ভয় করছিল, বলা যায় না কিডন্যাপার কিংবা ওদের কোনো স্পাই সেখানে বসে বসে পরোটা খাচ্ছে কি না। কিন্তু কী আর করা, যেতেই হলো। স্কুটার পাওয়া যাবে কি না জানতে চাইলে দোকানের লোকেরা বলল ওখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে। তবে প্রশ্ন শুনে তারা আমাদের দিকে উত্তর দেবার পরেও বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকল। হয়ত আমরা ছোটো বলে, হয়ত সঙ্গে কেউ নেই বলে কিংবা আমাদের কাপড়ে কাদা ময়লা আর চোখে মুখে আতঙ্ক বলে। আমরা যতটা সম্ভব স্বাভাবিক মুখ করে দাঁড়িয়ে থাকলাম।
দোকানের সাইনবোর্ডগুলোর উপরে লেখা, মৌচাক। আমরা তবে মৌচাকে আছি! পরপর তিনটা স্কুটারকে দাঁড়াতে বলে ঢাকায় যাবার কথা বললাম। কেউ রাজি হলো না। কেউ বলল, এত দূরে যাবে না। কেউ উলটো সন্দেহ করে জিজ্ঞাসা করল আমাদের কাছে ভাড়ার টাকা আছে কি না। সেখানে দাঁড়িয়ে আমি আর অনন্ত একজন আরেকজনের মুখের দিকে তাকাতে থাকলাম।
আমাদের ঘাড়ের উপরে রবিন চৌধুরির বোঝা না থাকলে ওই রাস্তার একটা বাসকে দাঁড় করিয়ে এতক্ষণে আমরা ঢাকার পথে অনেক দূর চলে যেতাম। কিডন্যাপাররা আমাদেরকে আর ধরতে পারত না। কিন্তু রবিন চৌধুরিকে ইঞ্জেকশন দিতে দিতে ওরা যে অবস্থা করে রেখেছে তাতে তাকে বাসে ওঠানো সম্ভব না। আবার নিজের যতই বিপদ হোক না কেন, ওরকম অবস্থায় একটা মানুষকে কোনো ভালো ছেলেরা ফেলে রেখে যেতে পারে না। আর সমস্যা হয়েছে, আমরা চারজনই ভালো ছেলে।
আমার আর অনন্তের অবস্থা যখন প্রায় কাঁদো কাঁদো তখন কোত্থেকে এক স্কুটার এসে পাশে দাঁড়াল। আমরা কিছু জানতে না চাইলেও জিজ্ঞাসা করল, ‘বাবুরা, কোথাও যাইবা নাকি?’ আমি চোখ মুছে বললাম, ‘আমরা না, একজন লোক যাবে। আপনি তাকে ঢাকায় নিয়ে গেলে অনেক টাকা পাবেন। কিন্তু সে নিজে উঠতে পারবে না, তাকে হেল্প করতে হবে।’
‘ক্যান কী হইছে তার?’ লোকটা প্রশ্ন করল।
‘দুষ্টু মানুষরা তাকে অনেক মেরেছে আর ইঞ্জেকশন দিয়েছে।’
‘তাই নাকি? কই, দেখাও দেখি?’
‘ওই যে ওই দিকে।‘
স্কুটারওলা বড়ো রাস্তা থেকে নেমে ইটের রাস্তার দিকে যেতে শুরু করল। আমরা লাফ দিয়ে উঠে বসলাম। তারপর সেই ভাঙা জানালার পাশে এসে দেখি জিয়ন আর নাভিদ রবিন চৌধুরির পাশে বসে কাঁদছে। প্রথমে বুঝতে না পারলেও একটু পরে বুঝলাম তারা ভয়ে কাঁদছিল। আমরা আসতেই চোখ মুছে উঠে দাঁড়াল, ছুটে এসে বলল, ‘আমরা ভাবলাম ওরা তোমাদেরকে ধরে ফেলেছে।’
রবিন চৌধুরি সামান্য নড়ে উঠল। স্কুটারওলা এসে তাকে উঠিয়ে বসাল। বলল, ‘কে জানে পুলিশ ধরে নাকি আবার। তাইলে তো বিপদে পইড়া যাব। কিন্তু অ্যারে ছাইড়া যাই কী কইরা... এইরাম মারছে মানুষটারে... আহ্হা রে।’
সবাই মিলে ধরাধরি করে তাকে স্কুটারে ওঠালাম। লম্বাচওড়া মানুষ আধাশোয়া হয়ে পুরো স্কুটারটাই ভরিয়ে ফেলল। সেখানে আমাদের আর জায়গা নেই। স্কুটারওলা বলল, ‘সামনে একজন বসা যাইব।’ অনন্ত বলল, না, আমরা চারজন এক সঙ্গেই যাব। আপনি চলে যান।’
‘কিন্তু কোথায় যাব? হাসপাতাল?’
‘না না, ওনাকে ওনার গার্মেন্টস ফ্যাক্টরিতে পৌঁছে দেন। উত্তরায় বিরাট গার্মেন্টস ফ্যাক্টরি, নাম : রবিন অ্যাপারেলস। উত্তরায় গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।’ আমি বললাম। তার হয়ত হসপিটালে যাবার দরকার ছিল। কিন্তু আশপাশের হসপিটালে নিয়ে গেলে যদি কিডন্যাপারগুলো আবার যদি তাকে ধরে নিয়ে আসে? আমার ভয় লাগল।
স্কুটার স্টার্ট দিয়ে চলে যেতেই আমরা চারজন মিলে বড়ো রাস্তায় এসে দাঁড়ালাম। তখন দুপুর, কিন্তু হঠাৎ আকাশ কালো করে এল। জোরে জোরে বাতাস আমাদের গায়ে এসে লাগল। বাতাসটা ঠাণ্ডা। অনন্ত বলল, ‘মা বলেছিল ঠাণ্ডা বাতাস মানে কাছেই কোথাও বৃষ্টি হচ্ছে।’ কথাটা বলেই মনমরা হয়ে গেল। তারপর কালো হয়ে আসা আকাশের দিকে তাকিয়ে বলল, ‘ইস্ মা যে কত চিন্তা করছে!’
তার কথা শুনে আমাদের সবার চোখে পানি এসে গেল। বাড়ির লোকেরা হয়ত মনে করে তারা আমাদেরকে নিয়ে ভাবে তা আমরা বুঝিই না। কিন্তু আমরাও যে তাদের কথা কত ভাবি তা কি তারা জানে? ওই ঘরে আটকে থাকার সময় থেকে থেকে কেবল বাবা-মা আর দাদুর কথাই মনে পড়ছিল। আমি যদি আর কখনো ফিরতে না পারি তবে তাদের কী হবে, এই চিন্তাটা দিন-রাত একটুও ছাড়েনি আমাকে। ভাবনার মাঝখানে হঠাৎ জিয়নের কথায় চমকে উঠলাম,‘ওই দেখ, ওই দেখ, বৃষ্টি আসছে!’
দূরে তাকিয়ে দেখলাম দোকানগুলোর উলটোদিকের ধানখেতের উপর দিয়ে দূর থেকে বৃষ্টি আসছে। বৃষ্টি গাড়ির মতো করে আমাদের দিকে আসছিল। এদিকটা পরিষ্কার আর ওদিকটা ঘোলা। ওখানে একটা চাদরের মধ্যে যেন পানির ফোঁটার যুদ্ধ হচ্ছে। এরকম অদ্ভুত দৃশ্য আমরা কেউ কোনোদিন দেখিনি। তাই হা করে সেদিকটায় তাকিয়ে থাকলাম। কিন্তু আমাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে বৃষ্টির চাদরটা আমাদের গায়ের উপরে চলে এল। আশেপাশের লোকজন তাড়াহুড়ো করে দোকানগুলোর সামনে বাড়িয়ে রাখা ছোটো ছোটো ছাদের নীচে গিয়ে দাঁড়াল। আমরা কোথাও গেলাম না। ওই বৃষ্টির জন্যেই তো আমরা এত দূরে এসেছিলাম!
কিছুক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে তারপর ধীরে ধীরে আমরা বড়ো রাস্তার ধার ধরে চলতে শুরু করলাম। কখনো মুখ হাঁ করে বৃষ্টি গিললাম। একজন আরেকজনের গায়ে পানি ছিটালাম। বৃষ্টির পানিতে আমাদের গায়ের কাদা মাটি ধুয়ে গেল। তারপর একসময় বৃষ্টি কমে এলে একটা বাস আমাদের পাশে এসে দাঁড়াল। আমরা লাফ দিয়ে বাসে উঠে পড়লাম। দরজায় দাঁড়ানো লোকটা ভাড়া চাইতে এল কিছুক্ষণ পর। বললাম, ‘টাকা যে নেই, ভাই, ব্যাগ ফেলে এসেছি। এই ঘড়িটা চলবে?’ বলে হাত থেকে আমার ডিজিটাল ঘড়িটা খুলে দিলাম তার হাতে। সে বিরক্ত হয়ে হাতে নিয়ে বলল, ‘কই যাবা তুমরা?’ বললাম, ‘ঢাকা।’ লোকটা ঠোঁট উলটাল তারপর ঘড়িটার দিকে আরেকবার তাকিয়ে বলল, ‘আইচ্ছা, কী আর করা।’ জিয়ন আমার দিকে তাকিয়ে বলল, ‘স্যরি, তোমার প্রিয় ঘড়িটা...’ আমি হাসলাম, বললাম, ‘অসুবিধা নেই।’ নাভিদও হাসল। সে ততক্ষণে নিশ্চয় ব্যাগে ফেলে আসা তার প্রিয় স্কেলটার কথা ভুলতে পেরেছে।
আমাদের গায়ের পানি ফোঁটায় ফোঁটায় বাসের মেঝেতে পড়ছিল। পলিথিনের সিটের উপরে পানি জমে প্যাচ প্যাচ শব্দ হতে লাগল। আমার ইচ্ছে করে সিটের এদিক-ওদিক নড়ে নড়ে শব্দ করে হাসতে লাগলাম। ঢাকায় পৌঁছতে পৌঁছতে আমাদের কাপড় একেবারে শুকিয়ে গেল। ঘাড়ে কেবল স্কুলের ব্যাগগুলো নেই, এই যা। স্কুলের সামনে এসে দেখি স্কুল তখনই ছুটি হলো। কেউ আমাদেরকে দেখে একটুও অবাক হলো না। কারণ আমাদের কাপড়ে তখন আর কোনো কাদার দাগ নেই। বৃষ্টি সব ধুয়ে নিয়ে গেছে।
একুশ
‘আরে কী ব্যাপার, দাদুভাই, আজ কি লেখা শেষই হবে না?’
‘হলো তো, দাদু, এইমাত্র শেষ হলো।’
‘তাই নাকি? বাহ্ বেশ।’
‘তোমার বাবা-মা তোমাকে এতক্ষণ টেবিলে বসে থাকতে দেখলে বড়ো খুশি হতো।’
‘কী যে বলো, মা তো দেখলেও বিশ্বাস করত না। কারণ, আমি পড়লেও মা বলবে আমি নাকি পড়িনি, খেলছিলাম।’
‘হা হা হা... কিন্তু ওটার কী হলো? মানে, রবিন চৌধুরিকে কিডন্যাপারদের হাত থেকে মুক্ত করা গেল?’
‘যাবে না মানে? তাকে বের করে এনে একটা স্কুটারে তুলে দিয়েছি আমরা।’
‘খুব ভালো। তাকে ফেলে আসা একদম উচিত হতো না।’
‘আর জানো, দাদু, জিওগ্রাফি ম্যাডাম না ঠিক বলেছিলেন! ওই ঘরের আরেকটা দরজা আছে, মানে ঠিক দরজা নয়, জানালা। না, মানে দরজাই... যা হোক তুমি পড়লে বুঝবে।’
‘আচ্ছা, পড়ব পরে। দুপুর চলে যাচ্ছে, চট করে গোসল সেরে নাও দেখি, চলো খাই।’
বাবা-মা কেন যেন দুজনেই আজ আগেভাগে অফিস থেকে চলে আসে। বৃহষ্পতিবার বিকেলে তাদের দুজনেরই মন-মেজাজ ভালো থাকে। অলীককে কাছে টেনে নিয়ে মা বলে, ‘কী রে, আজ তোকে এত টায়ার্ড মনে হচ্ছে? সারাদিন ভিডিও গেম চলল, না?’
‘না তো, মা, একদম না। আজকে খেলিইনি আমি।’
‘থাক, আর বানিয়ে বলতে হবে না। চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ভালো কথা, তোর সিনথিয়া খালামণি জানতে চাচ্ছিল, জন্মদিনে তোকে যে ভিডিও গেমটা দিল সেটা কি ভালো লেগেছে?’
‘স্যরি মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, খেলে নিয়ে তারপরে খালামণিকে ফোন করে জানাবো।’
‘আবার মিথ্যে কথা! গেমের কথা তুই ভুলে গেলি? সারাদিন কী করিস বল তো?’
‘আমি তো পড়ার টেবিলেই, মানে, লিখতে লিখতে কখন যে বিকেল হয়ে গেল...’
ঠিক তখন বাবা এসে অলীককে জড়িয়ে ধরে। বলে, ‘হয়েছে, অনেক হয়েছে আবোল তাবোল কথা। আয় আমার কাছে বস। চল কাল শুক্রবার ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাই। রবিবার থেকেই তো তোর স্কুল খুলে যাবে।’
কোলের কাছে অলীককে বসিয়ে বাবা সোফায় আধশোয়া হয়ে টিভির রিমোট হাতে নেয়। টিভি ছাড়তেই ব্রেকিং নিউজ, ‘ব্যবসায়ী রবিন চৌধুরি ফিরে এসেছেন।’ সব চ্যানেলে একই ব্রেকিং নিউজ, আর ছবিতে বহু মানুষের ভিড়, অনেক ক্যামেরা, অনেক চেঁচামেচি। বাবা চিৎকার করে দাদুকে ডাকে, ‘বাবা, দেখে যাও, দেখে যাও, রবিন চৌধুরিকে উদ্ধার করা হয়েছে!’
ভিড়ের সামনে দাঁড়িয়ে রিপোর্টার বলতে থাকে, ‘এখানে আমরা দাঁড়িয়ে আছি রবিন অ্যাপারেলসের সামনে।
আমরা জানি যে ছয় দিন আগে এখান থেকে কয়েকজন মানুষ অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে গেছে। কিন্তু আজ আনুমানিক বিকেল পাঁচটার দিকে ব্যবসায়ী রবিন চৌধুরিকে নিয়ে একটি স্কুটার রবিন অ্যাপারেলসের সামনে এসে দাঁড়ায়... এবং সেখানে লোকজন রবিন চৌধুরিকে ধরাধরি করে ফ্যাক্টরির ভিতরে এবং পরে হাসপাতালে নিয়ে যায়... জানা গেছে যে রবিন চৌধুরির শরীরে আঘাতের চিহ্ন আছে... এবং তিনি কিন্তু প্রায় অচেতন অবস্থায় আছেন বলে তাকে কে বা কারা কোথায় ধরে নিয়ে গিয়েছিল- এই বিষয়ে কিন্তু আপাতত জানা যায়নি। কিন্তু স্কুটারের ড্রাইভারকে জিজ্ঞাসা করে জানা গেছে যে চারটি কিশোর ছেলে, যাদের গায়ে ছিল স্কুলের পোশাক, তারা তাকে কোনোভাবে উদ্ধার করে মৌচাক বাজারের কাছে স্কুটারে উঠিয়ে দেয়... এবং তাকে তারা রবিন অ্যাপারেলসের সামনে নিয়ে আসতে অনুরোধ করেছিল।
কিন্তু যদিও স্কুটারের ড্রাইভার এ পর্যন্ত কিশোরদের পরিচয় বলতে পারেননি... এবং এখন রবিন চৌধুরি সুস্থ না হওয়া পর্যন্ত এই বিষয়ে সঠিক কিছু আসলে বলা যাচ্ছে না... কিন্তু কে বা কারা...’
রিপোর্ট দেখতে দেখতে বাবা চ্যানেল বদলে দেয়। আরেক চ্যানেলেও আরেকজন রিপোর্টার একইভাবে বলে চলেছে, ‘...এবং আমরা জানতে পেরেছি যে পুলিশ এখন স্কুটারের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করছে... এবং আমরা জানতে পারলেই আপনাদের সঠিক বিষয়টি হয়ত জানাতে পারব যে কে বা কারা...’ বাবা স্বস্তির নিশ্বাস ফেলে, ‘যা হোক, ভদ্রলোককে পাওয়া গেছে। তবে ওই, ফিরে এসেই কেন যেন কেউ আর কিছু বলতে পারে না, এক্কেবারে বোবা হয়ে যায়।’
‘ওরকম ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে রাখলে কেউ কি কিছু মনে রাখতে পারে যে বলবে?’ অলীকের মুখ থেকে ফট করে বেরিয়ে যায়।
‘মানে? ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখে? তোকে কে বলল, হুম?’ বলে বাবা অলীককে জড়িয়ে ধরে। হেসে বলে, ‘খুব বুঝে ফেলেছিস দেখি?’ অলীক কিছু বলে না। শুধু বাবার ডাকে টিভির সামনে ছুটে আসা দাদুর দিকে তাকায়। দাদু অলীকের দিকে তাকিয়ে হাসে। তারা চোখে চোখে কথা বলে। তারপর দাদুর হাত ধরে তার ঘরে টেনে নিয়ে যায় অলীক। চোখ বড়ো বড়ো করে বলে, ‘বলো, দাদু, কী করে হলো, হুম? কী করে হলো এসব?’
‘আমিও তো বুঝতে পারছি না, দাদুভাই। তবে যা হয়েছে ভালোই হয়েছে।’
‘কিন্তু একটা জিনিস খেয়াল করেছ, আমরা ছিলাম একটা ভিডিও গেমের মধ্যে। আর তুমি চিন্তা করো, এক ঘণ্টার মধ্যেই তো কতদিনের ঘটনা খেলে ফেলা যায়, তাই না?’
‘ঠিক বলেছ। তাই তো, একটা দিনের মধ্যে কত কিছু হয়ে গেল। কেউ বুঝতেও পারল না আর তোমাদের কারো বাড়িতে কোনো ঝামেলাও হলো না। কেউ জানল না।’
‘সেটাই মজা। তবে যাই বলো, রবিন চৌধুরিকে ওখান থেকে বের করে আনার লেভেলটা সত্যিই দারুণ বিপদের ছিল, দাদু। ভাগ্যিস আমাদের চারজনের হাতেই লাইফ ছিল!’
‘সেই তো, এক লাইফ দিয়েই কত কিছু করে ফেললে তোমরা! তা-ও আবার করলে অস্ত্র ছাড়াই।’
‘একদম ঠিক বলেছ, দাদু। ওই যে, বুদ্ধি, বুঝেছ?’ বলতে বলতে অলীক হাসে।
‘আসলে ভালো ছেলেরা চাইলে অনেক ভালো কাজ করতে পারে। এমনকি একটা ভালো চিন্তা দিয়েও মানুষের উপকার করতে পারে। আর তুমি হলে গিয়ে খুবই ভালো একটা...’ দাদু অলীককে জড়িয়ে ধরে কিছু একটা বলতে যেতেই বাবার চিৎকার শোনা যায়, ‘অলীক, বুঝলি, স্কুটারের ড্রাইভার না বলেছে যে ওই ছেলেগুলোর গায়ে স্কুল ড্রেস ছিল। আর দেখ, ড্রেসের উপরে দেখা মনোগ্রামটা ড্রাইভার পুলিশকে এঁকে দিয়েছে! দেখে যা দেখে যা, তোর স্কুলের মনোগ্রাম এঁকেছে, তাড়াতাড়ি আয়...’
বাবার চিৎকারে দাদু আর অলীক এক সঙ্গে ছুটে আসে। অলীকের দিকে তাকিয়ে বাবা বলে, ‘দেখেছিস, তোর স্কুলে কত সাহসী ছেলে আছে?’
অলীক আর দাদু দু’জনের চোখে চোখ রেখে হাসে।
রচনা: ৪ থেকে ১০ মে ২০১৮
আগের পর্ব
অলঙ্করণ: হ্যাডলি হোপার
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
