Published : 16 Jul 2026, 11:28 PM
আমাদের সবার জীবনেই কোনো না কোনো স্বপ্ন থাকে। কেউ বড় হয়ে চিকিৎসক হতে চায়, কেউ প্রকৌশলী, আবার কেউ শিক্ষক। তবে আমার স্বপ্নটি একটু ভিন্ন। আমি একজন সাংবাদিক হতে চাই।
ছোটবেলা থেকেই দেশ-বিদেশের নানা ঘটনা ও সংবাদ জানার প্রতি আমার প্রবল আগ্রহ। নিয়মিত খবর দেখা ও পড়ার অভ্যাস থেকেই বুঝতে পেরেছি, সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
আমার সাংবাদিক হওয়ার স্বপ্নকে আর দৃঢ় করেছে বিশ্বে শিশু সাংবাদিকতার প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বর্তমানে আমি এই প্ল্যাটফর্মে একজন শিশু সাংবাদিক হিসেবে কাজ করছি।
কাজের শুরুতে হ্যালোর আয়োজিত দুই দিনব্যাপী একটি কর্মশালায় অংশ নিয়ে শিশু সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শেখার সুযোগ পাই। এখন আমি মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, তথ্য যাচাই-বাছাই এবং সংবাদ প্রতিবেদন লেখার অনুশীল করছি।
আমার মতে, সমাজে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা সমস্যা মানুষের সামনে তুলে ধরা যায়। এর মাধ্যমে অনেক সময় সমাধানও মেলে। আমিও চাই, আমার সাংবাদিকতা চর্চা যেন সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
আমি জানি, এই স্বপ্ন পূরণের পথ সহজ নয়। তাই প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি এবং নিজের দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত অনুশীলন করি। আমার বিশ্বাস, শিশু সাংবাদিক হিসেবে শুরু হওয়া এই পথচলা একদিন আমাকে একজন দক্ষ সাংবাদিকে পরিণত করবে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: সিরাজগঞ্জ।