Published : 20 Dec 2025, 08:59 PM
নিরাপদ শৈশব মানে আমার কাছে শুধু বিপদ থেকে দূরে থাকা নয়; বরং শিশুর জন্য এমন এক পরিবেশ নিশ্চিত করা যেখানে শিশুরা ভয়হীন ভাবে বেড়ে উঠবে।
যেখানে একটি শিশু নিশ্চিন্তে হাসতে পারে, খেলতে পারে এবং নিজের মত করে স্বপ্ন দেখতে পারবে।
আমি মনে করি, নিরাপদ শৈশব তখনই সম্ভব যখন একটি শিশু সঠিক বয়সে বইখাতা হাতে স্কুলে যেতে পারবে। পথে কোনো বিপদের আশঙ্কা থাকবে না, পরিবার ও সমাজ তাকে নিরাপত্তা দিবে।
নিরাপদ শৈশব মানে শিশুর অধিকার নিশ্চিত হওয়া। যেখানে কোনো শিশুকে শ্রমে যুক্ত হতে হবে না। বাল্যবিয়ের শিকার হতে হবে না। তার মতামতকে গুরুত্ব দেওয়া হবে আর তার অনুভূতিকে অবহেলা করা হবে না।
আমার কাছে নিরাপদ শৈশব মানে এমন একটি পরিবেশ, যেখানে শিশু নিজের কথা বলতে পারে। যেখানে সে জানে কেউ তাকে ক্ষতি করবে না, কেউ তার দুর্বলতার সুযোগ নেবে না। নিরাপত্তা মানে শুধু দেহের সুরক্ষা নয়, মনের সুরক্ষাও।
একজন শিশু হিসেবে আমি এমন একটি সমাজ চাই, যেখানে সব শিশু সমানভাবে নিরাপদ থাকবে।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: ঢাকা।