২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈঠকে বিটিএমএর নেতারা বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধি দল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 01:59 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

দেশের বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন। 

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাতে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।”

হাসান শিপলু জানান, বৈঠকে বিটিএমএর নেতারা বস্ত্রশিল্পের বিভিন্ন সমস্যা, প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

“প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শুনেছেন। তিনি বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।”

উপ-প্রেস সচিব বলেন, এই কমিটি বস্ত্রশিল্পের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করে সরকারের কাছে সুপারিশ দেবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে বিটিএমএ নেতারা দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি এই শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর বিভিন্ন প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন এবং এ খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির ও রাজীব হায়দার, বর্তমান পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া, আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।