Published : 22 Jul 2026, 02:02 PM
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকালের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।
মৃত পাঁচ মাস বয়সী শিশু আরাধ্যা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা বিবেকের মেয়ে। অপর শিশু পাঁচ মাস বয়সী তাইবা হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা সুমনের মেয়ে।
হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৬৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।