২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

এইডিস মশাবাহিত এ রোগে এ বছর মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,৭০২ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 07:36 PM

Updated : 29 Dec 2023, 07:36 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে; মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৪২ জন এবং ঢাকায় ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ১ জনে।

তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৯৪১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১১ হাজার ৬০ জন।

এ বছর সব মিলিয়ে ডেঙ্গুতে মারা গেছেন ১ হাজার ৭০২ জন; যার মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৭৮ জনের; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২৪।

শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৭২৮ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৭১ জন ঢাকায় এবং ৪৫৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডিসেম্বরের প্রথম ২৯ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৯১১০ জন।

মাসওয়ারী হিসাবে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আর ডিসেম্বরের প্রথম ২৯ দিনে ৮০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।