২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে আরও ১০ ডেঙ্গু রোগী

এ মাসে এখনো কারো মৃত্যু হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 08:21 PM

Updated : 03 Mar 2024, 08:21 PM

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন, এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের ৩ জন, বাকি ৭ জন ঢাকার বাইরের।

এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৭ জনে, তাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে কেবল জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। আর ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন বাকি ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চের প্রথম তিনদিনে আক্রান্ত হয়েছেন ২৩ জন, এ মাসে এখনো কারো মৃত্যু হয়নি।

রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৭ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ৩২।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয়েছে ওই বছর।