২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়নে ইউনিসেফ কাজ করতে চায়: স্বাস্থ্যমন্ত্রী

করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা উদ্যোগের প্রশংসা করেন ইউনিসেফ প্রতিনিধিরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2024, 09:10 PM

Updated : 31 Mar 2024, 09:10 PM

বাংলাদেশে শিশু স্বাস্থ্যের উন্নয়নে ইউনিসেফ কাজ করার আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

তিনি বলেছেন, “জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ টিকা প্রাপ্তি নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্ব, দেশে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করার আগ্রহ দেখিয়েছে ইউনিসেফ।

“এগুলোর সাথে, শিশুদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণের জন্য ইউনিসেফ প্রতিনিধিদের অনুরোধ জানিয়েছি। তারা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে।"

রোববার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট ও হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

সামন্ত লাল সেন বলেন, বৈঠকে জাতিসংঘের শিশু তহবিলের প্রতিনিধিরা করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা উদ্যোগের প্রশংসা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া, স্বাস্থ্য সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (অতিরিক্ত সচিব), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (বিশ্ব স্বাস্থ্য) মামুনুর রহমান।