২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে ১৭ মৃত্যু

চলতি মাসের ২৩ দিনে প্রাণ গেল ২৮৩ জনের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 07:47 PM

Updated : 23 Oct 2023, 07:47 PM

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ রোগীর মৃত্যু হয়েছে। এসময়ে এইডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০১৪ জন।

সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে। মৃতদের মধ্যে ঢাকায় ৭৭৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৯৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬০ জনে। তাদের মধ্যে ৯৫ হাজার ৯৮৪ ঢাকায় এবং ১ লাখ ৬১ হাজার ৭৬ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে।

এ দিন সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছিল। এরমধ্যে ঢাকায় ২০৯৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৪৯২ জন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েনছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ভর্তি হয়। আর চলতি মাসের ২৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৬৫৪ জন রোগী। 

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন। আর অক্টোবরের ২৩ দিনে প্রাণ গেছে ২৮৩ জনের।