২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: এক সপ্তাহে ভর্তি কমেছে, বেড়েছে মৃত্যু

এক দিনে ২০৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন ৯ জন।

ডেঙ্গু: এক সপ্তাহে ভর্তি কমেছে, বেড়েছে মৃত্যু

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্তদের সেবা দিচ্ছেন এ চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 07:25 PM

Updated : 22 Oct 2023, 07:25 PM

দেশে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা আগের সপ্তাহের চেয়ে কমেছে; তবে বেড়েছে মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৭৩৯ জন। এর আগের সপ্তাহে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৬ হাজার ৪২৯ জন। অর্থাৎ, এক সপ্তাহে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৪ দশমিক ১৯ শতাংশ।

তবে গেল সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃতের সংখ্যা বেড়েছে ৯ জন বা ১১ দশমিক ৩৯ শতাংশ। ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে মশাবাহিত এ রোগে মারা যান ৭৯ জন। আর ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সময়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২০৫৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ৫০০ জন ঢাকায় এবং ১৫৫৬ জন ঢাকার বাইরে।

নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৪৬ জনে। তাদের ৯৫ হাজার ৫৩০ ঢাকায় এবং ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের ২ জন ঢাকায় এবং ৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

এ বছর ১২৫৫ মানুষ মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। মৃতদের মধ্যে ঢাকায় ৭৬৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৪৮৬ জন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৬৭৭ জন। এরমধ্যে ঢাকায় ২১৮৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫৪৮৮ জন।

মাসের হিসাবে, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভতি হয়েছেন। আর অক্টোবরের ২২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৬৪০ জন ডেঙ্গু রোগী। 

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বর মাসে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ২৬৬ জনের।