২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: ৫ দিন পর মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ

হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৭৭ রোগী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 08:43 PM

Updated : 10 Feb 2024, 05:56 PM

পাঁচ দিন বাদে ডেঙ্গুতে মৃত্যুহীন দিনের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে এমন মৃত্যুহীন দিন দেখা গেছে গত ১৬ ডিসেম্বর। তারও পাঁচ মাস আগে ১৪ জুলাইতেও কারও মৃত্যু নথিবদ্ধ হয়নি মশাবাহিত রোগটিতে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৩৭ জন, ঢাকা মহানগরে এ সংখ্যা ৪০।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৫৫ জনে। নতুন করে কেউ মারা না যাওয়ায় মোট মৃতের সংখ্যা আগের মতোই ১ হাজার ৬৯২ জন রয়েছে।

পুরনো খবর:

ডেঙ্গু: ১৫৫ দিন পর মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ১ হাজার ২৪৬ জন রোগী। তাদের মধ্যে ৩৯৭ জন ঢাকায় এবং ৮৪৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ২১ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৮১৬৪ জন।

জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ২১ দিনে ৭০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।