২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: রোগী বেশি আসছে ঢাকার ১১ এলাকা থেকে

এ বছর ঢাকার মুগদা হাসপাতালে সবচেয়ে বেশি, ৪৫৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গু: রোগী বেশি আসছে ঢাকার ১১ এলাকা থেকে

ঢাকার মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শুক্রবার কোনো খালি বেড মেলেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 06:36 PM

Updated : 16 Aug 2023, 01:22 AM

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এলাকাকে ডেঙ্গুর জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর; এই ১১টি এলাকা থেকেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. মো. হাবিবুল আহসান তালুকদার রোববার এক ব্রিফিংয়ে জানান, গত ২২ জুলাই ঢাকার হাসপাতালগুলোতে যেসব রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন ওই ১১টি এলাকা থেকে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমণ্ডি ও বাসাবো এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা এলাকা থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে যাচ্ছে।

এ বছর বর্ষা প্রাক- বর্ষা মৌসুম জরিপে ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৫টি ওয়ার্ডকে এইডিস মশার ঘনত্বের হিসাবে ঝুঁকিপূর্ণ বলা হয়েছিল।

এর মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকার ২৭টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ২৮টি ওয়ার্ডে ব্রুটো ইনডেক্স পাওয়া যায় ২০ এর বেশি। মশার লার্ভার উপস্থিতি হিসাব করা হয় ব্রুটো ইনডেক্সের মাধ্যমে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বছর শনিবার পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৬৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ১৮ হাজার ৮৮৫ জন ঢাকা এবং ১১ হাজার ৮০০ জন রোগী ঢাকার বাইরের বাসিন্দা।

ঢাকার মুগদা হাসপাতালে ২৫৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৪ জন, মিটফোর্ড হাসপাতালে ৭০ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ২৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৫ জন এবং ডিএনসিসি হাসপাতালে ৫৮ জন রোগী ভর্তি হয়েছে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায়।

এ বছর ঢাকার মুগদা হাসপাতালে সবচেয়ে বেশি, ৪৫৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৫৫ জন, মিটফোর্ড হাসপাতালে ১৬১৪ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫১১ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩২৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৬০৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৬৩০ জন এবং ডিএনসিসি হাসপাতালে ৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন।

সংবাদ সম্মেলনে ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে।