এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী দুই লাখ ছাড়াল
এ রোগে এত বেশি রোগী আর কখনও হাসপাতালে ভর্তি হয়নি।
এ বছর ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে, মৃত্যুর মোট সংখ্যা পৌঁছেছে ৯৭৫ জনে।
এইডিস মশাবাহিত এ রোগে এত বেশি রোগী আর কখনও হাসপাতালে ভর্তি হয়নি; এত বেশি মৃত্যুও আর দেখতে হয়নি বাংলাদেশকে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাতে এ বছর ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৮১ জন।
বাংলাদেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর তথ্য রাখে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ৫৫৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এরপর ২০১৮ সালের আগে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার পেরোয়নি। সে বছর হাসপাতালে ভর্তি হয় ১০ হাজার ১৪৮ জন রোগী।
২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়ায়, সে বছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে।
এরপর ২০২০ সালে ১৪০৫ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ৫৮৪ জন ঢাকার, আর ১২০৯ জন ঢাকার বাইরের।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট ৯৭৫ জনের মৃত্যু হল।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৫২৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৩২৮৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬২৪৩ জন।
এ বছর বর্ষা মওসুমের আগেই শুরু হয়েছিল ডেঙ্গুর প্রকোপ। প্রতিটি মাস ধারাবাহিকভাবে আগের চেয়ে ভয়ঙ্কর রূপ পেয়েছে। জুনে যেভানে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, জুলাইয়ে তা বেড়ে হয় ৪৩ হাজার ৮৭৬ জনে। এরপর অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন হাসপাতালে ভর্তি হন। সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই সেই সংখ্যা ৭৭ হাজার ১৭৩ জনে পৌঁছেছে।
জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। এরপর জুলাইয়ে ২০৪ জন এবং অগাস্টে ৩৪২ জনের মৃত্যু হয়। আর সেপ্টেম্বর মাসের ২৮ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ৩৮২ জনের।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১৯ সালে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার বছর সরকারি হিসাবে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
